বাংলাদেশি পত্রিকায় প্রকাশিত অসত্য তথ্য দিয়ে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী ক্যাম্পেইন
গত ২০ নভেম্বর ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান নৌঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে দেশটির নৌবাহিনী জানায়, ৭ নভেম্বর তারা ‘এমভি স্টার লাইন’ নামে একটি পণ্যবাহী জাহাজ আটক করেছে। জাহাজটিতে ৩৬টি কনটেইনারের মধ্যে ১৫টিতে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৫৪টি প্যালেটে কয়েক লাখ অজ্ঞাত ফোর-জি সিমকার্ড পাওয়া গেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই ২২ ও ২৩ নভেম্বর বাংলাদেশের মূলধারার কয়েকটি সংবাদমাধ্যমে শিরোনাম হয়েছে- “বাংলাদেশে আসার পথে বিস্ফোরকবাহী জাহাজ জব্দ” কিংবা “চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান”।
২৩ নভেম্বর ইংরেজি পত্রিকা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা-ইংরেজি দুই ভার্সনেই একটি প্রতিবেদন প্রকাশ করে। বাংলায় শিরোনাম ছিল, “বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক ও লাখ লাখ সিম জব্দ করল ইন্দোনেশিয়া”।
ইংরেজি প্রতিবেদনের শিরোনাম ছিল, “Indonesia seizes Bangladesh-bound ship carrying 405 tonnes of rocket-grade chemicals, millions of SIM cards”
ভেতরে লেখা হয়েছে, “আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ভেসেল ফাইন্ডার’-এর তথ্য অনুযায়ী, জাহাজটির ৮ নভেম্বর দুপুর ১২টায় মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। তবে এই চালানের আমদানিকারক প্রতিষ্ঠান বা ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কাস্টমস সূত্র জানিয়েছে, সাধারণত ‘ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট’ (আইজিএম)-এর মাধ্যমে আমদানিকারকের পরিচয় নিশ্চিত হওয়া যায়, যাতে আমদানিকারক ও পণ্যের বিস্তারিত বিবরণ থাকে। কিন্তু জাহাজটি বাংলাদেশে পৌঁছানোর আগেই আটক হওয়ায় আমদানিকারকের পরিচয় নিশ্চিত হতে আরও তদন্ত প্রয়োজন।”
অর্থাৎ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ভেসেল ফাইন্ডারের তথ্যের ওপর নির্ভর করে বলেছে জাহাজটি বাংলাদেশগামী ছিল।
এরপর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সূত্র হিসেবে ব্যবহার করে ভারতের সংবাদমাধ্যম (যেমন ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টিভি, উইয়ন, অপইন্ডিয়া ও নিউজভারতী) প্রতিবেদন প্রকাশ করেছে।
এসব প্রতিবেদনে ‘বাংলাদেশগামী’ এর সাথে আলোচ্য পদার্থ দিয়ে ‘ক্ষেপণাস্ত্র তৈরি’র বিষয়টি হাইলাইট করে শিরোনাম করা হয়েছে।
কিছু ভারতীয় মিডিয়া আরও অগ্রসর হয়ে এই খবরকে ‘চীন বাংলাদেশকে অস্ত্রসজ্জিত করছে’ বা ‘ক্ষেপণাস্ত্রের গোপন চালান’ হিসেবে তুলে ধরে পুরনো ভূ-রাজনৈতিক প্রসঙ্গ ও চটকদার বর্ণনার মাধ্যমে ঘটনাটিকে বড় সামরিক ষড়যন্ত্রের রূপ দেওয়ার চেষ্টা করেছে।
কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, বাংলাদেশের কোনো বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের কাছে এই জাহাজের বাংলাদেশে আসার পরিকল্পনা সংক্রান্ত কোনো তথ্যই নেই। বাংলাদেশ কাস্টমসের রেকর্ড অনুযায়ী, মোংলা কিংবা চট্টগ্রাম; কোনো বন্দরেই জাহাজটির আইজিএম (ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট) জমা পড়েনি।
এছাড়া দুই বন্দরের কোনোটিতেই এমভি স্টার লাইনের প্রতিনিধিত্বকারী কোনো শিপিং এজেন্ট জাহাজটির আগমনের তথ্য জমা দেননি।
আইজিএমে জাহাজের পণ্যসংক্রান্ত বিস্তারিত তথ্য থাকে। জাতীয় রাজস্ব বোর্ডের Pre-Arrival Processing Rules-2024 অনুযায়ী, জাহাজটি শেষ যে বন্দর থেকে যাত্রা করেছে, সেখান থেকে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে গন্তব্য দেশের কাস্টমস কর্তৃপক্ষের কাছে আইজিএম জমা দিতে হয়। জাহাজের মাস্টার, শিপিং এজেন্ট, ফ্রেইট ফরওয়ার্ডার বা সংশ্লিষ্ট পরিবহন অপারেটর এটি জমা দেন।
এদিকে জাহাজে পাওয়া সোডিয়াম পারক্লোরেট নিজে বিস্ফোরক পদার্থ নয়, বিস্ফোরক তৈরির উপাদান হিসেবে এটি ব্যবহৃত হয় বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এই পদার্থটি বাংলাদেশে মূলত ওষুধ কারখানা, গবেষণা ও কিছু শিল্প ইন্ডাস্ট্রিতে ব্যবহার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. সফিকুল ইসলাম দ্য ডিসেন্টকে বলেছেন, “পারক্লোরেট নিজে বিস্ফোরক নয়, তবে এটি বিস্ফোরক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তবে প্রপেল্যান্ট তৈরি বা ক্ষেপণাস্ত্রের কাজে ব্যবহারের মতো সক্ষমতা বাংলাদেশের নেই বলেই জানি। দেশে প্লাস্টিক বা কিছু শিল্পকারখানা, ওষুধ শিল্প এবং ল্যাবরেটরির গবেষণায় এর সামান্য ব্যবহার রয়েছে, কিন্তু তা খুব সীমিত পরিসরে।”
ইন্দোনেশিয়ান নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ গন্তব্য’ উল্লেখ নেই
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ২০ নভেম্বর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ নভেম্বর উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে কমোরোসের পতাকাবাহী এমভি স্টার লাইন জাহাজটি আটক করে নৌবাহিনীর টহল ইউনিট।
জাহাজটিতে ১৫টি কনটেইনারে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৫৪টি প্যালেটে কয়েক লাখ ফাঁকা ৪জি এলটিই সিম কার্ড পাওয়া যায়।
সন্দেহজনক গতিবিধি শনাক্ত হওয়ার পর রেডিও যোগাযোগে সাড়া না দেওয়ায় জাহাজটি আটক করা হয়। পরে তদন্তের জন্য কোডেরাল-১ নৌঘাঁটিতে নেওয়া হয়।
তবে প্রেস বিজ্ঞপ্তিতে জাহাজটির গন্তব্য বাংলাদেশ ছিল কি না, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এমনকি কার্গোর মালিক বা চূড়ান্ত প্রাপকের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
যেভাবে ছড়ায় ‘বাংলাদেশগামী’ জাহাজের তথ্য
ইন্দোনেশিয়ার নৌবাহিনী তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে জাহাজটির গন্তব্য হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করেনি। তবে শিপ-ট্র্যাকিং প্ল্যাটফর্ম ভেসেলফাইন্ডার ও ম্যারিন ট্রাফিক-এ জাহাজটির গন্তব্য হিসেবে ‘মোংলা’ লেখা ছিল।
ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ওয়াসপাদা এর এক প্রতিবেদনে তারা স্থানীয় নৌবাহিনীর ১ম আঞ্চলিক কমান্ড এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানার বরাতে জাহাজটির গন্তব্য বাংলাদেশ বলে জানায়। তবে ওই কর্মকর্তার দেয়া এই তথ্যের ভিত্তি কী তা উল্লেখ করা হয়নি।
সেই নিউজটি বাংলায় অনুবাদ করে ওয়াসপাদা’র সুত্রে প্রকাশ করে বাংলা ট্রিবিউন। এরপর বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পরদিন তাদের এক প্রতিবেদনে ভেসেলফাইন্ডার এর সূত্রে জাহাজটির গন্তব্য বাংলাদেশ বলে উল্লেখ করে।
ভেসেলফাইন্ডার এর সুত্র কতটা নির্ভযোগ্য?
জাহাজ-ট্র্যাকিং ওয়েবসাইট VesselFinder সরকারি প্রতিষ্ঠান নয়। এটি বেসরকারি কোম্পানি, যা জাহাজের নিজস্ব ট্রান্সপন্ডার থেকে পাঠানো স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থার (AIS) সংকেত সংগ্রহ করে মানচিত্রে দেখায়। অর্থাৎ, ওয়েবসাইটে যা দেখা যায়, তা মূলত জাহাজ নিজে যা জানাচ্ছে তারই প্রতিফলন।
সামুদ্রিক বিশ্লেষণ প্রতিষ্ঠান Windward-এর একটি গবেষণা অনুযায়ী, AIS এর সুরক্ষাব্যবস্থা দুর্বল। ফলে পরিচয় জালিয়াতি, গন্তব্য গোপন করা, সংকেত বন্ধ রাখা এবং স্পুফিংয়ের মতো উপায়ে তথ্য বিকৃত করা সম্ভব।
Global Fishing Watch ও SkyTruth-এর বিশ্লেষণে কিছু জাহাজের ভুয়া অবস্থান ধরা পড়েছে, আর Lloyd's List Intelligence জানিয়েছে, ২০২৫ সালে স্পুফিংয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ কারণে গবেষকেরা AIS ট্র্যাককে স্যাটেলাইট চিত্রের সঙ্গে মিলিয়ে যাচাই করেন।
এমভি স্টার লাইনের ক্ষেত্রে The Business Standard-এর প্রতিবেদনে VesselFinder-এর বরাতে জাহাজটির মংলায় পৌঁছানোর সময়সূচি উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইন্দোনেশীয় নৌবাহিনীর বক্তব্য অনুযায়ী, জাহাজটির নথির বৈধতার অবস্থা ছিল সাসপেন্ডেড। তাই ট্র্যাকিং সাইটের তথ্য এ ক্ষেত্রে প্রাথমিক ইঙ্গিত হিসেবেই বিবেচ্য, চূড়ান্ত প্রমাণ হিসেবে নয়।
এদিকে সমকালের এক প্রতিবেদনে নৌ-বাণিজ্য দপ্তরের সাবেক প্রিন্সিপাল অফিসার ক্যাপ্টেন হাবিবুর রহমান জানান, আন্তর্জাতিক নজরদারি এড়াতে অনেক সময় অবৈধ পণ্যবাহী জাহাজ বা ‘ডার্ক ফ্লিট’ তাদের ট্র্যাকিং সিস্টেমে ভুয়া বা ‘ডামি’ গন্তব্যের নাম লিখে রাখে। দক্ষিণ চীন সাগর ও মালাক্কা প্রণালির কঠোর সামুদ্রিক নজরদারি ফাঁকি দিয়ে অন্য কোনো দেশে বা বিদ্রোহী গোষ্ঠীর কাছে বিস্ফোরক উপাদান পৌঁছে দেওয়ার জন্য কাগজে-কলমে মোংলা বন্দরকে গন্তব্য হিসেবে দেখানো হতে পারে।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর তদন্তে বেরিয়ে এসেছে, জাহাজটির কোমোরোস নিবন্ধন আগেই স্থগিত করা হয়েছিল। এটি ভুয়া কাগজপত্র নিয়ে চলছিল। বাংলাদেশে কোনো বৈধ আমদানিকারক বা ব্যাংক কখনোই স্থগিত নিবন্ধনযুক্ত ও বীমাহীন কোনো ‘ডার্ক ফ্লিট’ জাহাজে এলসির মাধ্যমে পণ্য পরিবহনের অনুমতি দেবে না বলে মত ক্যাপ্টেন হাবিবুর রহমানের।
কাস্টমস সার্ভারে আইজিএম জমা পড়েনি
নিয়মানুযায়ী শেষ বন্দর ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে গন্তব্য দেশের কাস্টমস সার্ভারে আইজিএম জমা দিতে হয়। কিন্তু মোংলা কাস্টমস হাউস, মোংলা বন্দর কর্তৃপক্ষ কিংবা চট্টগ্রাম বন্দর; কোথাও এমভি স্টার লাইন-এর কোনো আইজিএম জমা পড়েনি।
মোংলা কাস্টমস হাউসের কমিশনার মো. গিয়াস কামাল দ্য ডিসেন্টকে নিশ্চিত করেছেন, জাহাজটি সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।
তিনি দ্য ডিসেন্টকে বলেন, “এ ধরনের চালান মংলা কাস্টমস হাউসে এ পর্যন্ত আসেনি। তাছাড়া জেনারেল ম্যানিফেস্টো সাবমিট হয়নি এটার, যেটাকে আইজিএম বলি আমরা। আইজিএম জমা না হওয়া পর্যন্ত জাতীয় দৃষ্টিকোণ থেকে এটি মংলা বা চট্টগ্রামগামী কিংবা বাংলাদেশের জলসীমাগামী ছিল এমনটি বলা যায় না।”
চাহিদার সাথে চরম অসামঞ্জস্য, চীন থেকে আমদানির রেকর্ড নেই
দ্য ডিসেন্টের অনুসন্ধানে আরও অন্তত ৩টি তথ্য জাহাজটি বাংলাদেশের বৈধ আমদানি প্রক্রিয়ার অংশ ছিল না বলেই ইঙ্গিত করে।
প্রথমত, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০১০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত প্রায় ১৭ বছরে ৫০টি চালানে বাংলাদেশে মোট সোডিয়াম পারক্লোরেট আমদানি হয়েছে মাত্র ৬৮৫ কেজি।
অধিকাংশ চালানে রাসায়নিকটির পরিমাণ ছিল ১৫ কেজির কম। ৫০টি চালানের মধ্যে ৩০টিতে ছিল দুই কেজি বা তারও কম। কোনো কোনো চালানে এক কেজিরও কম রাসায়নিক আমদানি করা হয়েছে।
আমদানিকারকদের অধিকাংশই ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এতে বোঝা যায়, বাংলাদেশে রাসায়নিকটি মূলত বিশেষায়িত ওষুধ উৎপাদন ও শিল্পকারখানার কাজে ব্যবহৃত হয়ে আসছে।
দ্বিতীয়ত, এনবিআরের দীর্ঘমেয়াদী আমদানি রেকর্ডে ২০১০ সাল থেকে চীন থেকে সোডিয়াম পারক্লোরেট আমদানির কোনো নজির নেই। বাংলাদেশের আমদানিকারকেরা মূলত জার্মানি, স্পেন, যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়া থেকে সামান্য পরিমাণে এটি আমদানি করে থাকেন।
তৃতীয়ত, জাহাজটির চীন থেকে ইন্দোনেশিয়া যাত্রার সময় নিয়েও প্রশ্ন উঠেছে। সাধারণ কার্গো জাহাজের যেখানে ১৭ দিন লাগে, সেখানে জাহাজটি সময় নিয়েছে প্রায় ৫৫ দিন।
মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ সেপ্টেম্বর সকাল ৬টা ১২ মিনিটে (ইউটিসি+৮) চীনের লিয়ানইউনগাং বন্দর থেকে রওনা হয়ে এমভি স্টার লাইন ১০ নভেম্বর রাত ৯টায় (ইউটিসি+৭) উত্তর সুমাত্রার বেলাওয়ান বন্দরে পৌঁছায়। দুই বন্দরের প্রায় ২ হাজার ৮০০ নটিক্যাল মাইল সমুদ্রপথ পাড়ি দিতে আবহাওয়া ও গতিভেদে একটি সাধারণ কার্গো জাহাজের প্রায় ১৭ দিন লাগার কথা থাকলেও, ট্র্যাকিং তথ্যে জাহাজটির বেলাওয়ানে পৌঁছাতে প্রায় ৫৫ দিন সময় লেগেছে। যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি।
এ ছাড়া ট্র্যাকিং প্ল্যাটফর্ম ও সরকারি তথ্যের মধ্যেও অসংগতি দেখা গেছে। ভেসেলফাইন্ডারে জাহাজটির বেলাওয়ান নোঙর এলাকায় পৌঁছানোর সময় ৬ নভেম্বর সকাল ৬টা ৩১ মিনিট (ইউটিসি) দেখানো হয়েছে, ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে জাহাজটি ৭ নভেম্বর আটক করা হয়, আর মেরিনট্রাফিক পৌঁছানোর তারিখ দেখিয়েছে ১০ নভেম্বর।
‘ষড়যন্ত্রমূলক’ হিসেবে ফ্রেমিং ভারতীয় মিডিয়ায়
বাংলাদেশের ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সূত্র হিসেবে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টিভি, উইয়ন, অপইন্ডিয়া ও নিউজভারতী প্রতিবেদন প্রকাশ করলেও মূল তথ্যের বাইরে গিয়ে নিজস্বভাবে একাধিক উদ্দেশ্যমূলক ও কাল্পনিক ন্যারেটিভ জুড়ে দিয়েছে।
টিবিএসের প্রতিবেদনে আমদানিকারক অজানা থাকা এবং কাস্টমসে কোনো আইজিএম না থাকার কথা উল্লেখ থাকলেও উইয়ন ও ইন্ডিয়া টিভি একে বাংলাদেশকে ক্ষেপণাস্ত্র তৈরিতে চীনের সরাসরি সহায়তা হিসেবে উপস্থাপনের চেষ্ঠা করেছে।
আরও এক ধাপ এগিয়ে অপইন্ডিয়া কোনো প্রমাণ ছাড়াই জাহাজের চালানটিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল অস্থিতিশীল করার চীনা ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে বয়ান ছড়িয়েছে।
অন্যদিকে ইন্ডিয়া টুডে ও নিউজভারতী মোংলা বন্দরে চীনের ঋণ, ভারতের পুরোনো অর্থনৈতিক অঞ্চল বাতিল এবং পাকিস্তান-চীন যৌথ অস্ত্রায়নের ভিত্তিহীন তত্ত্ব জুড়ে দিয়ে বাংলাদেশ, চীন, ভারত, প্রতিরক্ষা সক্ষমতা ও ভূরাজনৈতিক প্রতিযোগিতার বৃহত্তর প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে।
ভারতীয় আরও কিছু মিডিয়া শিপ-ট্র্যাকিং সাইটের অযাচাইকৃত ‘বাংলাদেশগামী’ তকমা পুঁজি করে সামরিক ও ষড়যন্ত্রমূলক ফ্রেমিংও করেছে তাদের প্রতিবেদনে।
কমোরোস পতাকাবাহী জাহাজকে ‘চীনা জাহাজ’, সোডিয়াম পারক্লোরেটকে সরাসরি ‘বিস্ফোরক’ এবং নৌবাহিনীর ‘১০০ ক্ষেপণাস্ত্র’ তৈরির তাত্ত্বিক তুলনাকে ‘চীন বাংলাদেশকে অস্ত্রসজ্জিত করছে’ বা ‘ক্ষেপণাস্ত্রের গোপন চালান’ হিসেবে তুলে ধরে পুরোনো ভূ-রাজনৈতিক প্রসঙ্গ ও চটকদার বর্ণনার মাধ্যমে ঘটনাটিকে বড় সামরিক ষড়যন্ত্রের রূপ দেওয়ার চেষ্টা করেছে।
আজতক বাংলা তাদের দীর্ঘ ভিডিও কন্টেন্টের শিরোনাম দিয়েছে, ‘Bangladesh Indiaর জিহাদি ভাইদের 500 Ghazwatul Hind Missile দিল?’
অর্থাৎ, ইন্দোনেশিয়ান নৌবাহিনী কর্মকর্তার তাত্ত্বিক তুলনাকে অতিরঞ্জন করে ‘৫০০ থেকে ১০০০টি ক্ষেপণাস্ত্র তৈরির ম্যাটেরিয়াল’ হিসেবে কাল্পনিক দাবি করা হয়েছে এবং ‘গজওয়াতুল হিন্দ’ বা জিহাদি সংযোগের মতো সাম্প্রদায়িক ও ষড়যন্ত্রমূলক ফ্রেমিং করা হয়েছে।
আজতক এর উপস্থাপক বলেছেন, “বিশাল বড় একটা ষড়যন্ত্রের পর্দা ফাস করল আজতাক বাংলা। আমাদের কাছে রয়েছে সেই ট্র্যাকার। যে জাহাজটাকে ঘিরে এত ষড়যন্ত্র মিসাইল বানানোর পরিকল্পনা করা হয়েছিল। ঠিক কিভাবে এত পরিমাণ বিস্ফোরক ভর্তি একটা জাহাজ আস্তে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশের মংলা পোর্টের দিকে। আর ঠিক তার আগে ইন্দোনেশিয়ার আরো একটা জাহাজ সেটাকে ধরে ফেলল।”
তাদের ওই ভিডিওতে অতিথি হিসেবে অনলনাইনে উপস্থিত ছিলেন আওয়ামীপন্থী এক্টিভিস্ট নিঝুম মঝুমদার। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, “বাংলাদেশের ভূমি ব্যবহার করে আইএসআই এখানে অপতৎপরতা চালাচ্ছে তারপরে রোহিঙ্গাদেরকে ট্রেনিং করা হচ্ছে। এগুলো মূলত আমরা আজতকের এই প্রোগ্রামে এসে আমরা অনেকবার বলেছি। আমরা গাজুয়াতুল হিন্দ নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি সেগুলো একটু রিক্যাপ করেন বা মনে করতে পারেন। তাহলে ব্যাপারটা কি এমন যে, ট্রেনিং এর শেষ পর্যায়ে এখন ফাইনাল কোন একটা আক্রমণের জন্য এই অস্ত্রগুলো আমদানি করা হয়েছে?”
এদিকে নিউজ১৮ আরেকটু বাড়িয়ে গিয়ে ‘সুপার এক্সক্লুসিভ’ হিসেবে শিরোনাম করেছে, ‘ভারতে নাশকতার বড়সড় ছক বানচাল? ৪০৫ টন বিস্ফোরক!’ সেখানে উপস্থাপক উল্লেখ করেন জব্দ হওয়া ১০ লক্ষ সিম নাকি পাকিস্তানি সিম।
পাশাপাশি ওই ভিডিওতে তারা এই চালানের সাথে বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে উল্লেখ করে এর যোগসুত্র খুঁজেছেন। ওই ভিডিওতে অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশি আরেক সাংবাদিক ও প্রোপাগান্ডা সাইট উইকলি ব্লিটজ সম্পাদক সালাহ উদ্দীন শোয়েব চৌধুরী।
টিভি৯ বাংলা তাদের ভিডিওর শিরোনাম করেছে, ‘বাংলাদেশমুখী বিস্ফোরক ভর্তি চিনা জাহাজ ইন্দোনেশিয়ায় আটক’।
ভারতীয় এ মিডিয়াটি সম্পূর্ণ বিভ্রান্তিকরভাবে রাসায়নিক পণ্যকে সরাসরি ‘বিস্ফোরক ভর্তি’ বলে প্রচার করেছে এবং কমোরোসের পতাকাবাহী জাহাজটিকে ‘চিনা জাহাজ’ আখ্যা দিয়ে উত্তেজনাপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে।
হিন্দুস্থান টাইমস তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে, ‘Indonesia seizes Chinese cargo ship to Bangladesh carrying chemicals enough to manufacture 100 missiles: Report’
তারা কমোরোসের পতাকাবাহী জাহাজটিকে সরাসরি চীনা পণ্যবাহী জাহাজ হিসেবে মিথ্যা শিরোনাম দিয়েছে।
এ মিডিয়াগুলো ছাড়াও ভারতের প্রায় সবক’টি মিডিয়াই তাদের প্রতিবেদনে অযাচাকৃত তথ্যের ভিত্তিতে জাহাজটিকে বাংলাদেশগামী হিসেবে উল্লেখ করেছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদুল আলম দ্য ডিসেন্টকে বলেন, “কোনো জাহাজ কোন দেশের বা কোথায় যাচ্ছে–এ ধরনের স্পর্শকাতর বিষয়ে অনুমানের ওপর ভিত্তি না করে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে কথা বলে ক্রস-চেক করে রিপোর্ট করা উচিত। প্রথম ধাপে কোনো সংবাদমাধ্যম যাচাই না করে তথ্য দিলে এবং পরবর্তীতে অন্য গণমাধ্যম তা প্রচার করলে তথ্যটির সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। অনেক ক্ষেত্রে তথ্য যাচাইয়ের চেয়ে আবেগ বা জাতীয়তাবাদী উন্মাদনা তৈরির লক্ষ্য থেকেই এ ধরনের প্রচারণা চালানো হয়।”
“এটি একটি ভিত্তিহীন দাবি যে, বাংলাদেশ মিসাইল বা অস্ত্র তৈরি করছে। কোনো রাষ্ট্র যদি ভবিষ্যতে সক্ষমতা অর্জন করে, সেটি ভিন্ন বিষয়; কিন্তু বাস্তবতা হলো এ ধরনের কোনো সক্ষমতা বা প্রক্রিয়া না থাকা সত্ত্বেও আগাম প্রচারণা চালানো হচ্ছে, যা বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের নেতিবাচক প্রচারণার অংশ”, বলেন ড. মো. খোরশেদুল আলম।