নড়াইলে ভাঙচুর-অগ্নিসংযোগ: ‘শত শত হিন্দু বাড়ি পোড়ানো’ ও মৃত্যুর ভুয়া খবর ভারতীয় মিডিয়ায়
সম্প্রতি গণ-অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন এমন আশায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে দেশব্যাপী অরাজকতা চালায়।
এর মধ্যে গত বুধবার সন্ধ্যায় কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায়’ নিহত হন কালিয়া পৌর কৃষক দলের সদস্যসচিব শাহীনুর মোল্যা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৪৫)।
ঘটনার ২দিন পর গত শুক্রবার নড়াইলের কালিয়ায় নড়াইল-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি, কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িসহ অন্তত ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এই ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল পেইজসহ ফেসবুকে শত শত আওয়ামীপন্থী একাউন্ট থেকে দাবি করা হয়েছে, কালিয়ায় ‘শত শত’, ‘২০০’, এবং ‘৩০০’ হিন্দু বাড়ি ভাংচুর ও অগ্নিসংসযোগ করেছে বিএনপি-জামায়াত।
এছাড়া ভারতের অন্তত ১০টি মিডিয়ায় ‘শত শত হিন্দু বাড়ি’ পুড়িয়ে দেওয়া হয়েছে, ‘দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর’ এমনসব শিরোনামে খবর প্রকাশিত হয়েছে।
তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এবং প্রশাসন জানিয়েছে, হিন্দুদের বাড়িঘরে হামলার দাবিগুলো সত্য নয়। দ্য ডিসেন্টও একাধিক হিন্দু নেতাদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে যে, কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়ি ছাড়া কোনো হিন্দু বাড়ি-ঘরে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।
‘বেঁছে বেঁছে শুধুই ৩০০ হিন্দু বাড়ি জ্বালানো হল’
নড়াইলের কালিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ৩০টি বাড়িতে আগুনের ঘটনায় ভারতীয় একাধিক সংবাদমাধ্যম ঘটনাটিকে হিন্দু নির্যাতন হিসেবে চিত্রিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ঘণ্টা ‘নারকীয়! বেছে বেছে শুধুই ৩০০ হিন্দু বাড়ি জ্বালানো হল পদ্মাপারে, কেন চুপ তারেক সরকার?’ শিরোনামে একটি ভিডিও কনটেন্ট করেছে। যেখানে প্রতিবেদক মৌমিতা চক্রবর্তীর বর্ণনায় উল্লেখ করা হয়, হিন্দু হওয়ার অপরাধে কালিয়ায় ৩০০ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।
ভিডিওতে মৌমিতা বলেন, “বেছে বেছে যেভাবে গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেই সংখ্যাটা খুব একটা কম নয়। সংখ্যাটা ৩০০ এর বেশি। আবারো বলছি সংখ্যাটা ৩০০ এরও বেশি। কি তাদের অপরাধ? তাদের একটাই অপরাধ যে তারা হিন্দু। সংখ্যালঘু হিন্দু এবং তার উপর গোদের উপর বিষফোড়ার মত, তারা আওয়ামী লীগের সমর্থক। আর সেই কারণেই আওয়ামী লীগের সমর্থক হিন্দু ধর্মাবলম্বী এই মানুষদের বাড়ি লুটপাট করা হয়েছে এবং তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।”
‘বাংলাদেশে ফের হিংসার আগুন! নড়াইলে হিন্দু ও আওয়ামি লিগ সমর্থকদের প্রায় ২০০ বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, তলব সেনা’ এই শিরোনামে হিন্দুস্তান টাইম বাংলা লিখেছে, “আবারও অশান্ত বাংলাদেশ। এ বার হিংসার আগুনে পুড়ল হিন্দুদের বাড়ি। বাদ গেল না প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের সমর্থকদের বাড়িও। বাংলাদেশের নড়াইল জেলায় প্রায় ২০০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামি লিগের ছাত্র সংগঠনের দাবি, এই হামলার পিছনে রয়েছে বিএনপি এবং জামাতে ইসলামির সমর্থকেরা।”
এবিপি আনন্দ শিরোনাম করেছে, ‘দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি , হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে’। প্রতিবেদনে লিখেছে, “উত্তপ্ত বাংলাদেশ, নড়াইল জেলায় হিন্দু ও আওয়ামি লিগ সমর্থকদের প্রায় ২০০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ, হামলার নেপথ্য়ে রয়েছে BNP ও জামাতের সমর্থকরা। এক্স হ্য়ান্ডলে এমন দাবি করে পোস্ট আওয়ামি লিগের ছাত্র সংগঠনের।”
ঘটনার পর রিপাবলিক বাংলা এক ফেসবুক রিলসে লিখেছে, “রণক্ষেত্র পরিস্থিতি বাংলাদেশের নড়াইল। দাউ দাউ করে জ্বলছে আওয়ামী লিগ নেতাদের বাড়ি। হিন্দুদের বাড়িতেও আগুন।”
এই সময় অনলাইন শিরোনামে লিখেছে, “নড়াইলে BNP-র ‘প্রতিশোধের আগুন’, সংখ্যালঘু ও আওয়ামি লিগ নেতাকর্মীদের ৩০টি বাড়ি ভস্মীভূত”
নবভারত ‘বাংলাদেশ: নড়াইল জেলার কালিয়ায় শত শত হিন্দুর বাড়ি পুড়িয়ে দেওয়া, লুটপাট ও প্রাণনাশের হুমকি; হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা’ শিরোনামে হিন্দিতে লিখেছে, “নড়াইল জেলার কালিয়ায় আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। হিন্দু ও আওয়ামী লীগ সদস্যদের প্রায় ২০০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
ইন্ডিয়াহুড নামক পোর্টাল লিখেছে, “বাংলাদেশের নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর সহ বেশ কিছু এলাকায় সাধারণ মানুষের বাড়ি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের বাড়িতে। এছাড়াও হাসিনাপন্থী আওয়ামী লিগ নেতা এবং সমর্থকদের বাড়িতেও আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। জানা যায়, শুক্রবার গভীর রাতে, নড়াইলের দুইশোর বেশি বাড়িতে হামলা এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে! সেগুলির মধ্যে বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষের বাড়ি।”
‘বাংলাদেশে ফের BNP-র প্রতিশোধের আগুন! নড়াইলে সংখ্যালঘু ও আওয়ামি লিগের অন্তত ৩০টি বাড়িতে আগুন’ শীর্ষক শিরোনামে নজরবন্দি নামক পোর্টাল লিখেছে, “বাংলাদেশের নড়াইলের কালিয়ায় রাজনৈতিক সংঘর্ষের জেরে ভয়াবহ হিংসার অভিযোগ উঠল বিএনপির (BNP) বিরুদ্ধে। বিরোধী দলের বাইক মিছিলে হামলায় দুই বিএনপি নেতার মৃত্যুর পর শুক্রবার রাতে একাধিক এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ, কালিয়া পুরসভার বেন্দারচর-সহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দু পরিবার এবং আওয়ামি লিগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে। আগুনে পুড়েছে অন্তত ৩০টি ছোট-বড় বাড়ি। হামলার তালিকা থেকে বাদ যায়নি নড়াইল-১ আসনের প্রাক্তন সাংসদ কবিরুল হক মুক্তির বাড়িও। ঘটনার পর আতঙ্কে ঘরছাড়া হচ্ছেন বহু বাসিন্দা।”
এসব প্রতিবেদনে হিন্দু বাড়িঘরে আগুনের যে তথ্য দেওয়া হয়েছে তা মিথ্যা।
‘হিন্দু ও আওয়ামি কর্মীর মৃত্যু’র ভুয়া খবর সংবাদ প্রতিদিনে
ভারতীয় বাংলা সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন ‘অশান্ত বাংলাদেশে তুঙ্গে হিন্দু-বিদ্বেষ, নড়াইলে জ্বলল ২০০ বাড়ি! কাঠগড়ায় বিএনপি’ শীর্ষক প্রতিবেদনে নড়াইলের ঘটনায় দিয়েছে মৃত্যুর ভুয়া খবরও।
ওই প্রতিবেদনে লিখেছে, “আওয়ামি লিগের বিক্ষোভের জেরে উত্তাল বাংলাদেশ (Bangladesh Unrest)। পাল্লা দিয়ে চলছে হিন্দুদের উপর আক্রমণও। নড়াইলে সংখ্যালঘু পরিবার এবং আওয়ামি দলের নেতাকর্মীরদের প্রায় ২০০ বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় বিএনপি। সূত্রের দাবি, হামলায় বেশ কয়েকজন হিন্দু ও আওয়ামি কর্মীর মৃত্যুও হয়েছে।”
এদিকে এক ফেসবুকে পোস্টে নড়াইলে ‘গণহত্যা’ সংঘটিত হয়েছে এবং মূলধারার সংবাদমাধ্যমগুলো তা প্রকাশ করছে না বলে দাবি করেছিলেন আওয়ামীপন্থী সাংবাদিক এবং অধুনালুপ্ত প্রোপাগান্ডা আউটলেট বাংলা ইনসাইডার এর সাবেক সম্পাদক সৈয়দ বোরহান কবীর।
একই ধরনের দাবি ছড়ানো হয়েছে আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক পেইজ ও অ্যাকাউন্ট থেকেও।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, নড়াইলের কালিয়া উপজেলায় ২০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের অন্তত ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সেখানে কারো মারা যাওয়ার কোন তথ্য নির্ভরযোগ্য কোন সূত্র থেকে পাওয়া যায়নি। কোন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়নি। পুলিশ বা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতারাও এমন কোনো দাবি করেননি।
দ্য ডিসেন্টকে যা বলেছিলেন হিন্দু নেতারা
স্থানীয় হিন্দু নেতারা দ্য ডিসেন্টকে জানিয়েছেন, শত শত হিন্দু বাড়ি আক্রান্ত হওয়ার খবরটি ভুয়া। এমনকি হিন্দুপাড়ায় হামলা হওয়ার খবরও সত্য নয়।
আক্রান্ত অন্তত ৩০টি বাড়িঘরের মধ্যে মাত্র একটির মালিক হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণপদ ঘোষ। তিনি কালিয়া উপজলা পরিষদ চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে।
কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ দ্য ডিসেন্টকে বলেন, “কালিয়ায় শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বেন্দারচরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটি সাবেক এমপি কবিরুল হক মুক্তির এলাকা এবং সেখানে এক ঘর হিন্দুও বসবাস করে না। আমাদের হিন্দু মহল্লার কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি। কেবল ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষের একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে কোনো হিন্দু বাড়িতে আগুন লাগানো হয়নি এবং সবাই নিরাপদে আছেন।”
কালিয়া কেন্দ্রীয় হরিবাসর মন্দির কমিটির সেক্রেটারি অলক সাহা দ্য ডিসেন্টকে বলেন, “আমার জানা মতে, কালিয়া বাজারে বা অন্য কোথাও কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি এবং কেউ আমাকে এমন কোনো তথ্য জানায়নি। যে বেন্দারচরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটি শতভাগ মুসলমান অধ্যুষিত এলাকা; সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। তবে লোকমুখে শুনেছি, ঘুষপাড়ায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িটি আক্রান্ত হয়েছে।”
কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরুপ ঘোষ বলেন, “ফেসবুকে যেভাবে প্রচার করা হচ্ছে, বাস্তবতা আসলে সেরকম নয়। এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুধুমাত্র একজনই আক্রান্ত হয়েছেন, তিনি কৃষ্ণ ঘোষ। তিনি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন। কালিয়ার ঘুষপাড়ায় অবস্থিত তার বাড়ির দুই-তিনটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর বাইরে বেন্দার চরে যে বাড়িগুলোতে আগুন লেগেছে, সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না; ওগুলো সব মুসলমান ও আওয়ামী লীগের লোকজনের বাড়ি।”
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দ্য ডিসেন্টকে বলেন, “গত ৫ আগস্টের পর থেকেই এখানকার কিছু বাড়ি ভাঙচুর ও পরিত্যক্ত অবস্থায় ছিল; সেখানে দু-একটি বসতি ছিল। গতকাল বিক্ষুব্ধ জনতা এসে নতুন করে ৪-৫টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫-২০টি বাড়ি ভাঙচুর করেছে। জানালা-দরজা ভাঙচুরের ফলে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যে তিনটি গ্রামে এ ঘটনা ঘটেছে সেখানে কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু বাড়িতে আগুন বা বিশৃঙ্খলার ঘটনাও ঘটেনি। হিন্দু বাড়িতে হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”