রোনালদোকে নিয়ে ভুয়া উক্তি প্রচার করলো যমুনা টিভি
স্পেনের কাছে হেরে পর্তুগালের বিশ্বকাপ থেকে বিদায়ের পর সাবেক পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস এর নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফের্নান্দো সান্তোসের নামে বক্তব্যটি উদ্ধৃত করে যমুনা টেলিভিশন একটি ফটোকার্ড প্রকাশ করেছে।
ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, ফের্নান্দো সান্তোস বলেছেন, “একটি নকআউট ম্যাচে রোনালদোকে বেঞ্চে রাখার কারণে আমাকে পর্তুগালের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর আজ সবাই দেখল, কোচ রোনালদোকে পুরো ৯০ মিনিট খেলাতে চাওয়ায় গনসালো রামোস মাঠে নামার সুযোগই পেল না।”
একই দাবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। দেখুন এখানে, এখানে, এখানে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং পর্তুগিজ গণমাধ্যমে অনুসন্ধান করা হয়। তবে ফের্নান্দো সান্তোস এর নামে এমন কোনো মন্তব্য কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়নি।
এছাড়া, বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর ফের্নান্দো সান্তোসের কোনো সাক্ষাৎকার বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার তথ্যও পাওয়া যায়নি। গুগলে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও এই উক্তির কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে যমুনা টেলিভিশনের স্পোর্টস ইনচার্জ তাহমিদ অমিত দ্য ডিসেন্টকে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং একটি ফুটবলভিত্তিক ওয়েবসাইটে প্রচারিত তথ্যের ওপর নির্ভর করে ফটোকার্ডটি প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, “পরে বিষয়টি যাচাই করতে গিয়ে দেখি, এটি আসলে ফের্নান্দো সান্তোসের সরাসরি বক্তব্য নয়। একটি বিশ্লেষণধর্মী আর্টিকেলের বক্তব্যকে উদ্ধৃতি হিসেবে উপস্থাপন করা হয়েছিল। আমি নিজেও পরে কোথাও খুঁজে পাইনি যে, তিনি হুবহু এ ধরনের মন্তব্য করেছেন।”
তাহমিদ অমিত আরও বলেন, সান্তোসের রোনালদোকে বেঞ্চে রাখার সিদ্ধান্ত নিয়ে অতীতে দেওয়া একটি মন্তব্যের সঙ্গে বর্তমান পর্তুগাল দলের পরিস্থিতির তুলনা করে ওই আর্টিকেলটি লেখা হয়েছিল। তবে সেটিকে ফের্নান্দো সান্তোসের নতুন বক্তব্য হিসেবে উদ্ধৃত করা সঠিক হয়নি। পরে বিষয়টি নজরে আসার পর ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়।