After public appearance hype, Awami League now claims ‘audio call’ from Hasina

3 August 2026

ভারতের সংবাদমাধ্যম India Today গত ২ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর শেখ হাসিনা ভারতে প্রথমবারের মতো একটি ভার্চুয়াল অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেবেন।

প্রতিবেদনটি প্রকাশের পর আওয়ামী লীগ-সমর্থক বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজে প্রচার করা হয়, ৫ আগস্ট দিল্লিতে FCC South Asia আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য দেবেন।

কালবেলা, মানবজমিন, এবং মিন্ট-সহ কয়েকটি সংবাদমাধ্যমও India Today-এর বরাতে ৫ আগস্ট ওই অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে আসার তথ্য প্রকাশ করে।

শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্য নিয়ে আওয়ামী লীগের প্রচারণা

India Today-এর প্রতিবেদন প্রকাশের পর আওয়ামী লীগ-সমর্থক বিভিন্ন অ্যাকাউন্টে শেখ হাসিনার "প্রকাশ্যে ফেরা", "ভিডিও কলে বক্তব্য", "প্রেস কনফারেন্স" এবং "গুরুত্বপূর্ণ ঘোষণা" নিয়ে প্রচারণা চালানো হয়।

Md Amin নামে একজন ফেসবুক পোস্টে লিখেন, “প্রায় ২ বছর পর জনসম্মুখে কোনো অনুষ্ঠানে সরাসরি ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখতে যাচ্ছেন শেখ হাসিনা।”

যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেখ হাসিনার ছবি পোস্ট করে লিখেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো ভারত থেকে প্রকাশ্যে বক্তব্য দিতে যাচ্ছেন।”

শেখ হাসিনার সৈনিক নামে একটি পেজে “বঙ্গকন্যা শেখ হাসিনা দুই বছর পর ভারতে প্রথমবার জনসম্মুখে আসছেন” ক্যাপশনে ভিডিও পোস্ট করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ পেজেও “বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিল্লিতে জনসম্মুক্ষে প্রথম বারের মতো উপস্থিত হতে যাচ্ছেন, জানাচ্ছে India Today.” ক্যাপশনে পোস্ট করা হয়

এছাড়াও আওয়ামী লীগপন্থী বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে প্রচার করা হয়, ৫ আগস্ট দিল্লিতে Foreign Correspondents' Club of South Asia (FCC South Asia) আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা প্রকাশ্যে বক্তব্য দেবেন।

India Today কী লিখেছিল

২ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে India Today জানায়, ৫ আগস্ট নয়াদিল্লিতে Foreign Correspondents' Club of South Asia (FCC South Asia) আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য দেবেন।

প্রতিবেদনে এটিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে শেখ হাসিনার "first open appearance" হিসেবে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলবেন।

এখন ‘অডিও কল’ এর কথা বলছে আ.লীগ

শুরুতে শেখ হাসিনার প্রকাশ্যে উপস্থিতির কথা বলা হলেও ৩ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়,"বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেবেন। তবে তিনি ভিডিওতে উপস্থিত হবেন না। তিনি অডিও বার্তা দেবেন।"

একইদিন ভারতের বাংলা সংবাদমাধ্যম এই সময়ে প্রকাশিত “সাংবাদিক বৈঠক করবেন না হাসিনা, বুধবার দিল্লির অনুষ্ঠানে শুধুই ‘ধন্যবাদ জানাবেন” শিরোনামের প্রতিবেদনে শেখ হাসিনার মিডিয়া টিমের বরাতে জানায়, তিনি কোনো সাংবাদিক বৈঠক করবেন না, রাজনৈতিক বক্তব্যও দেবেন না এবং সাংবাদিকদের প্রশ্নও নেবেন না। প্রতিবেদনে আরও বলা হয়, অনুষ্ঠানে তিনি কেবল আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

একই প্রতিবেদনে শেখ হাসিনার মিডিয়া টিমের এক সদস্যের দাবি উল্লেখ করে বলা হয়, অনুষ্ঠানের প্রচারপত্র (ই-কার্ড) ঘিরে "ভুল বোঝাবুঝি" তৈরি হয়েছিল। তাদের অনুরোধে আয়োজকরা প্রচারপত্রের ভাষায় পরিবর্তনও এনেছেন বলে দাবি করা হয়।

পরবর্তীতে ছাত্রলীগ নেতা শেখ ইনান-ও এই সময়-এর প্রতিবেদনটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।

অর্থাৎ শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতি, ভিডিও কলে বক্তব্য বা প্রেস কনফারেন্সের কথা বলা হলেও আওয়ামী লীগের সর্বশেষ আনুষ্ঠানিক বার্তায় জানানো হয়েছে, তিনি ভিডিওতে উপস্থিত থাকবেন না; বরং অনলাইনে অডিও বার্তা দেবেন।

আয়োজকও বলছেন, ভিডিও নয়; হবে শুধু অডিও

৩ আগস্ট “Hasina to join virtual press conference in New Delhi on Aug 5” শিরোনামে New Age এর এক প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্টের অনুষ্ঠানটি একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্স হিসেবে অনুষ্ঠিত হবে।

আয়োজক সংগঠন Foreign Correspondents' Club of South Asia (FCC South Asia)-এর সভাপতি ওয়ায়েল এস এইচ আওয়াদ নিউ এজকে বলেন, শেখ হাসিনা শারীরিকভাবে উপস্থিত থাকবেন না। তাকে ভিডিওতেও দেখা যাবে না।

কেন ভিডিওতে থাকবেন না এমন প্রশ্নের জবাবে আওয়াদ বলেন, "ভারত সরকারের অনুমতি না থাকায় তিনি ভিডিও সাক্ষাৎকার বা ভিডিওর মাধ্যমে এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।"

তবে ভারত সরকারের কাছ থেকে এ ধরনের লাইভ অডিও ইন্টারঅ্যাকশনের জন্য আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি "না" বলে উত্তর দেন।

আওয়াদ জানান, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মূল বক্তা হিসেবে অনুষ্ঠানে যোগ দেবেন। ক্রিকেটার সাকিব আল হাসান এবং আমিনুল হক পলাশও ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হবেন। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল স্বশরীরে উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

উল্লেখ্য এর কয়েকদিন আগে, ৩০ জুলাই প্রকাশিত Times of India-এর এক প্রতিবেদনে বলা হয়, ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটিকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে ভারত থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের নীতি হলো দেশটির ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।