Attack on NCP in London Fuels Anti-Immigrant Sentiment in the UK

17 November 2026

যুক্তরাজ্যের রমফোর্ডে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। গত সোমবার (১৬ নভেম্বর) রাতে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর বাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা এই হামলা চালান। এতে অন্তত পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আওয়ামীপন্থী এক্টিভিস্টরা এই হামলার দায় নিজেদের ওপর নিয়ে সেটিকে উদযাপনও করেছেন অনলাইনে।

তবে এই রাজনৈতিক সংঘাতকে পুঁজি করে যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনীতিক ও এক্টিভিস্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে একে ‘বাংলাদেশি অভিবাসীদের সমস্যা’ হিসেবে চিত্রিত করে প্রবাসীদের যুক্তরাজ্য থেকে ডিপোর্ট বা বহিষ্কারের দাবি তুলেছেন। 

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া, অভিবাসীদের বহিষ্কারের দাবি 

ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেখান ব্রিটিশ রাজনীতিবিদ, এক্টিভিস্টসহ অবেকেই। এসব প্রতিক্রিয়ায় তারা বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে ডিপোর্ট বা বহিষ্কারও চেয়েছেন। 

যদিও এসবের একটি বড় অংশ এসেছে যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনীতিক ও এক্টিভিস্টদের কাছ থেকে। 

এ ঘটনায় গ্রেট ইয়ারমাউথের এমপি ও Restore Britain-এর নেতা রুপার্ট লো ফেসবুকে ২টি পোস্ট করেছেন। তিনি রমফোর্ডের রাস্তায় ‘বাংলাদেশিরা বাংলাদেশিদের সঙ্গে লড়ছে’ উল্লেখ করে এ ঘটনাকে ‘অর্থহীন রাজনৈতিক বিবাদ’ বলে মন্তব্য করেছেন। 

পাশাপাশি তিনি জড়িতদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার দাবিও তুলেছেন।

প্রথম পোস্টে ঘটনার একটি ভিডিও পোস্ট করে রুপার্ট লো ইংরেজিতে লিখেন, “রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা অন্য বাংলাদেশিদের সাথে মারামারি করছে। ‘রিস্টোর ব্রিটেন’ সরকার ক্ষমতায় এলে এদের সবাইকে দেশ থেকে বের করে (ডিপোর্ট) দেবে।” 

যুক্তরাজ্যের ডানপন্থী রাজনৈতিক দল রিফর্ম ইউকে -এর স্বরাষ্ট্র বিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট দেন। যেখানে তিনি ঘটনাকে ‘বিশৃঙ্খলা’ বলে দায় চাপিয়েছেন আগের টরি ও লেবার সরকারের ‘অনিয়ন্ত্রিত গণ-অভিবাসন’-এর ওপর এবং লিখেছেন, “বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশিরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। টরি (কনজারভেটিভ) ও লেবার পার্টির অনিয়ন্ত্রিত ও ব্যাপক গণ-অভিবাসের কারণেই ব্রিটিশ জনগণকে আজ এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ব্রিটেনের এখন ‘রিফর্ম’ প্রয়োজন।”

অভিবাসনবিরোধী অ্যাক্টিভিস্ট টমি রবিনসন দুটি পোস্টে বাংলাদেশিদের ‘ধরে ফেরত পাঠানোর’ আহ্বান জানিয়েছেন। তিনি এক পোস্টে লিখেন, “গত রাতে লন্ডনের হ্যাভরিং বরোর রমফোর্ডে বাংলাদেশি রাজনৈতিক সমর্থকদের দুই পক্ষের মধ্যে সহিংস রাজপথের সংঘর্ষ হয়েছে। এটি হলো তৃতীয় বিশ্বের দেশগুলোর সংস্কৃতি আমদানি করে নিজেরাও সেরকম এক গোলকধাঁধায় পরিণত হওয়ার একেবারে আক্ষরিক উদাহরণ। এদের সবাইকে ধরে একত্র করে যেখান থেকে এসেছে, সেখানে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হোক।” 

Concerned Citizen নামক একটি একাউন্ট থেকে ঘটনাকে ‘সশস্ত্র মুসলিমদের লড়াই’ বলে বর্ণনা করেছে। ওই একাউন্টের এক পোস্টে লেখা হয়েছে, “গত রাতে লন্ডনে সশস্ত্র মুসলিমদের দুটি বাহিনী একে অপরের বিরুদ্ধে রাস্তায় যুদ্ধে লিপ্ত হয়েছে। কেন? কারণ তারা নাকি বাংলাদেশ বা পাকিস্তানের কোথাকার কোন রাজনীতি নিয়ে বিবাদে জড়িয়েছে; এটাই এখনকার লন্ডন!” 

যা ঘটেছিল 

ঘটনাটি ঘটে রাত প্রায় ১০টায় রমফোর্ডের Mayfair ভেন্যুর বাইরে। প্রবাসী সংবাদমাধ্যম ডেইলি ডেজলিং ডন জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হলের বাইরে বিক্ষোভ করেন। সাক্ষী ও আয়োজকদের বরাতে তারা লিখেছে, বিক্ষোভকারীরা অতিথিদের দিকে ডিম ও পানির বোতল ছোড়েন এবং কয়েকজনকে মারধর করেন। অনুষ্ঠান শেষে হলের পেছনের রাস্তায় প্রায় ২০ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি চলে। চারজনের মাথায় গুরুতর আঘাতের দাবি করা হয়েছে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আহতের সংখ্যা সূত্রভেদে চার থেকে ছয়। প্রথম আলো পাঁচজনের কথা বলেছে, লন্ডনের The Standard বলেছে অন্তত ছয়জন, যাদের কারো কারো মাথায় ও শরীরে কাটা ক্ষত।

নাহিদ ইসলাম নিজে সংঘর্ষের মুখে পড়েননি। তিনি বিকেল ৩টায় হলে ঢুকেছিলেন এবং অনুষ্ঠান শেষে দিয়ে বেরিয়ে গেছেন।

উল্লেখ্য, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছান। শনিবার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা তাকে হয়রানির চেষ্টা করেন।