Awami League circulates a string of death rumours over garment workers’ protests
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক প্রাণহানির গুজব। কোথাও পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা, কোথাও পুলিশের গুলিতে একাধিক শ্রমিক নিহত, আবার কোথাও এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর দাবি করা হয়।
এসব দাবির সঙ্গে প্রচারিত ছবি, ভিডিও ও তথ্য যাচাই করে দেখা গেছে, পুরোনো হত্যাকাণ্ডের ছবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভিডিও এবং ভিত্তিহীন তথ্য ব্যবহার করে গুজবগুলো ছড়ানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের পেজ, গ্রুপ ও অ্যাকাউন্টের পাশাপাশি দলের অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকেও এসব অপপ্রচার চালানো হয়।
দলের অফিশিয়াল ও নেতাদের নামে পরিচালিত পেজ-গ্রুপ থেকে অপপ্রচার
ভুয়া তথ্য ছড়ানো পেজ, গ্রুপ ও অ্যাকাউন্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এগুলোর প্রায় সব কটিই সরাসরি আওয়ামী লীগ, অঙ্গসংগঠন কিংবা শীর্ষ নেতাদের নামে পরিচালিত।
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ‘ALBD Media Cell’-এর পাশাপাশি সরাসরি দলীয় ও অঙ্গসংগঠনের পরিচয়ে থাকা ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’, ‘ছাত্রলীগ মুজিব সৈনিক’ ও ‘বঙ্গবন্ধুর আওয়ামী লীগ’ নামের পেজ-গ্রুপ থেকে এসব গুজব ছড়ানো হয়।
আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের নামে পরিচালিত ‘প্রত্যাবর্তন ২০ জননেত্রী শেখ হাসিনা’ পেজ এবং ‘Sajeeb Wazed Joyসহ এখন আর কারো আসমান কাঁপে না’ ও ‘সিরিন শারমিন চৌধুরী’ নামের ফেসবুক গ্রুপ থেকেও এসব গুজব ছড়ানো হয়্
এ ছাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের ভেরিফায়েড অ্যাকাউন্ট ‘S.M. Jakir Hossain’ এবং আওয়ামীপন্থী হিসেবে পরিচিত ‘Faceless Democracy - মুখহীন গণতন্ত্র’ ও ‘Broiler Chicken Party’ নামের পেজগুলো থেকেও এসব অপপ্রচার চালানো হয়েছে।
ফেনীর পুরোনো হত্যাকাণ্ডকে গাজীপুরের পোশাকশ্রমিক হত্যা বলে প্রচার
২ নভেম্বর ‘Faceless Democracy - মুখহীন গণতন্ত্র’ নামের একটি ফেসবুক পেজ এবং ‘বঙ্গবন্ধুর আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক গ্রুপে দাবি করা হয়, গাজীপুরে পোশাকশ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পোস্টগুলোতে দাবি করা হয়, যুবলীগ সন্দেহে এক পোশাকশ্রমিককে বিএনপির সন্ত্রাসীরা হত্যা করেছে।
বাস্তবে, ছবিটি ফেনীর ছাগলনাইয়ায় গত জুনে সংঘটিত যুবলীগ নেতা জোবায়ের পারভেজ হত্যাকাণ্ডের; এর সঙ্গে সাম্প্রতিক পোশাকশ্রমিক বিক্ষোভের কোনো সম্পর্ক নেই।
পুলিশের গুলির দাবিতে পুরোনো এআই ভিডিও প্রচার
একই দিন ‘Sajeeb Wazed Joy | এখন আর কারো আসমান কাঁপে না’ ও ‘সিরিন শারমিন চৌধুরী’ নামের ফেসবুক গ্রুপ এবং ‘বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’ ও ‘ছাত্রলীগ মুজিব সৈনিক’ নামের ফেসবুক পেজ থেকে পোশাকশ্রমিকদের ওপর পুলিশের গুলির একটি ভিডিও প্রচার করা হয়।
পোস্টগুলোতে দাবি করা হয়, গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশের গুলিতে কয়েকজন নিহত হয়েছেন।
বাস্তবে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি। ভিডিওটি এর আগেও ভিন্ন ভিন্ন দাবিতে প্রচারিত হয়েছিল।
পল্লী বিদ্যুতে দুই শ্রমিক নিহতের ভিত্তিহীন দাবি
একই দিন, ‘সৈয়দ আব্দুল্লাহ আল লিমন’ নামের একটি ফেসবুক প্রোফাইল এবং ‘প্রত্যাবর্তন ২০ জননেত্রী শেখ হাসিনা’ নামের একটি ফেসবুক পেজ থেকেও গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় দুই পোশাকশ্রমিক নিহত হওয়ার দাবি করা হয়।
পোস্টগুলোতে বলা হয়, ওই এলাকায় দুই পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
বাস্তবে, গাজীপুরের পল্লী বিদ্যুৎ এলাকায় দুই পোশাকশ্রমিক নিহত হওয়ার দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইটের আঘাতে আহত শিক্ষার্থীকে ‘পুলিশের গুলিতে নিহত’ বলে প্রচার
পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর দাবিও প্রচার করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘ALBD Media Cell’-এর একটি পোস্ট শেয়ার করা হয়।
একই ছবি ও দাবি ‘S.M. Jakir Hossain’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট এবং এবং ‘Broiler Chicken Party’ নামের একটি পেজ থেকেও প্রচার করা হয়।
পোস্টগুলোতে দাবি করা হয়, পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে বিকেএসপি স্কুলের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বাস্তবে, ছবিতে থাকা শিক্ষার্থী পুলিশের গুলিতে আহত হননি; তিনি ইটের আঘাতে আহত হয়েছিলেন। এ ঘটনাকে পুলিশের গুলিতে মৃত্যুশয্যায় থাকার ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।