Banned BAL Leader Leads Attack on Bony Amin in Italy, Celebrates It on Facebook

22 July 2026

গত ২১ জুলাই ইতালির রোমের বাংলাদেশি-অধ্যুষিত টর পিনাত্তারায় কার্যক্রম নিষিদ্ধ ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে হামলার শিকার হয়েছেন কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। বিষয়টি দ্য ডিসেন্টকে নিশ্চিত করেছেন যমুনা টিভির ইতালি করেসপন্ডেন্ট জাকির হোসেন সুমন।

হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এসময় হামলাকারীদের তাকে ‘মৌলবাদী‘ আখ্যা দিয়ে অশালীন ভাষায় গালাগাল করতে শোনা যায়।  

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে ধরে রেখে আক্রমণের চেষ্টা করছেন। এ সময়  বনি আমিন নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন।

একপর্যায়ে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে মাটিতে ফেলে তাকে মারধর করেন তারা।

হামলার পর ভিডিওটি পোস্ট করে ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন লিখেন, ‘‘ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন এর নেতৃত্বে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর অস্ট্রেলিয়া প্রবাসী বনি আমিনকে ইতালির রোমে তরপিনাতারা এভাবে কুত্তার মত ধোলাই দেওয়া হয়।’’ 

ঘটনার পর আজ (বুধবার) সন্ধ্যায় বনি আমিন এক ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগের দ্বারা হামলার শিকার হয়েছেন বলে বলে উল্লেখ করেন। তিনি লিখেন, ‘‘রোমের বাংলাদেশি-অধ্যুষিত Tor Pignattara এলাকায় রাত আনুমানিক ১১টার দিকে আমাকে একা পেয়ে কয়েকজন B.A.L কর্তৃক অতর্কিতভাবে আক্রমণের শিকার হই। আমার অভিযোগ, এটি কোনো সাধারণ বা আকস্মিক ঘটনা ছিল না; জন্মদেশ বিষয়ে আমার রাজনৈতিক অবস্থান ও মতপ্রকাশকে কেন্দ্র করেই আমাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কার কী ভূমিকা ছিল এবং এর পেছনে কোনো বৃহত্তর পরিকল্পনা ছিল কি না এসব বিষয় এখন সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের তদন্তের বিষয়।

ঘটনার ভিডিও ফুটেজ তারা সংগ্রহ করেছে, প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুঁটে খুঁটে দেখছে। আমি বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক ও আইনের শাসনে পরিচালিত দেশে তদন্তের মাধ্যমেই সত্য উদ্ঘাটিত হবে এবং যারা প্রকৃতপক্ষে দায়ী, সেই B.A.Lদের বিরুদ্ধে ইতালির প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’’

আওয়ামীপন্থীদের উল্লাস

বনি আমিনকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর ভিডিওটি পোস্ট করে ফেসবুকে আওয়ামীপন্থীদের উল্লাস করতে দেখা গেছে। আওয়ামীপন্থী একটিভিস্ট সুশান্ত দাস গুপ্ত ফেসবুকে লিখেন, ‘‘দেশদ্রোহী বনি আমিন ইউকেতে লাত্থিগুতা থেকে বেচে গেলেও ইতালিতে মাফ পাইলো না।’’ 

 মরক্কোতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামীপন্থী একটিভিস্ট  M Harun Al Rashid লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কাউন্টার টেরোরিজম সেল গঠন করা হবে। এই সেল সারা পৃথিবীতে পিনাকী ইলিয়াস বনি আমিনদের মত ছড়িয়ে ছিটিয়ে থাকা স*ন্ত্রাসীদের ব্যাপারে বিশ্বময় সচেতনতা তৈরি করবে। আগের মত নয় এবার কার্যকর ভাবে তা করা হবে। শেখ হাসিনার সরকার এবার বিশ্বের সন্ত্রাসবাদ মোকাবেলার নেতৃত্ব দিবে। ২৪ শে জঙ্গি হামলার শিকার হয়ে আমরা এখন বিশ্ব নিরাপত্তার হুমকি এই অন্ধকার শ্রেণীটি সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান ও দক্ষতা অর্জন করেছি। বিশেষ করে এদের ছদ্মবেশী কর্মকাণ্ড সম্পর্কে। যেমন জামাত সন্ত্রাসীদের গুপ্ত সদস্য বনি আমিন করে: হাফপ্যান্ট পরে মদ খেয়ে নাস্তিক সেজে।’’

আওয়ামীপন্থী এক্টিভিস্ট রেজাউল করিম লিখেছেন, ‘‘উগ্রবাদের বয়ান সৃষ্টিকারী অস্ট্রেলিয়া প্রবাসী বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর বনি আমিন কে ইতালির রোমে বাঙালিরা চরম ভাবে সাইজ করছে, যেভাবে গ্রাম্য হাটবাজারে ছ্যাচড়া পকেট মার ধরা খাওয়ার পরে মাটিতে ফেলে লাথিগুতা কিল ঘুসি মারে। মিলানোর দিকে আসলে আস্ত ফিরে যেতে পারবে বলে মনে হয় না। ওর মাকে নিয়ে অশ্লীল গালি আছে বলে ভিডিও দিলাম না। যেকোনো সীমালঙ্ঘনের বিচার দেশে বা বিদেশের মাটিতে হবেই, আজ অথবা কাল’’

আওয়ামী লীগের প্রোপাগান্ডা ফেসবুক পেইজ ফ্রিডম বাংলা নিউজ থেকেও এই ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘‘মালয়েশিয়াতে ইসরায়েল পন্থী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন'কে মৌলবাদী আখ্যা দিয়ে পিটানো হয়েছে’’। যদিও এটি মালয়েশিয়ার ভিডিও নয় ইতালির রোমের। 

ফারুক খালাসি নামের একজন লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। লন্ডনের পর এবার ইতালি আওয়ামিলীগ পরিবারে  পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে গুজববাজ কনটেন্ট ক্রিয়েটার বনি আমিনকে সব্বাস বাঙালি জাতির শেষ্ট সন্তানেরা। জুলাই টোকাই জঙ্গিদের এভাবেই যেখানে পাবেন সেখানে ধোলাই দেওয়া হবে ইনশাআল্লাহ।’’

এর আগে লন্ডনেও বনি আমিনকে হেনস্তার চেষ্টা করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাকে লক্ষ্য করে ‘ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।  

হামলাকারী আ. লীগ নেতাদের ‘প্রবাসী’ হিসেবে উপস্থাপন মিডিয়ায়

বনি আমিনকে হামলার সাথে জড়িতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদদারী হলেও তাদেরকে ‘প্রবাসী’ ও ‘একদল যুবক’ পরিচয় দিয়ে প্রতিবেদন করেছে বাংলাদেশি বেশকিছু সংবাদমাধ্যম। এরমধ্যে এই হামলাকে ‘উযদাপন মূলক শিরোনাম’ দিয়ে প্রতিবেদন করেছে আরটিভি এবং ভোরের কাগজসহ কিছু সংবাদমাধ্যম। 

আরটিভি তাদের শিরোনাম দিয়েছে, ‘‘ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে বেধড়ক পেটাল প্রবাসী যুবকেরা’’। 

ভোরের কাগজ শিরোনাম দিয়েছে, ‘‘ইতালিতে বেধড়ক মারধরের শিকার বনি আমিন’’। সময়ের আলো লিখেছে, ‘‘ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসীরা’’

আগামীর সময় লিখেছে, ‘‘ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসী যুবকরা’’। 

সময়ের আলো লিখেছে, ‘‘ইতালিতে বনি আমিনকে পেটালেন প্রবাসীরা’’।