School Student Arrested Over Facebook Post on Fugitive Hasina’s Birthday

1 October 2026

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে ফেসবুকে পোস্ট ও পরে মিছিল করার অভিযোগে পাবনার সুজানগর উপজেলার রাণীনগরের একটি স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ছুটির পর স্কুল থেকে তাকে গ্রেফতার করা হয় বলে দ্য ডিসেন্টকে নিশ্চিত করেছেন স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা খাতুন।

তবে পাবনার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গ্রেফতারের তথ্য নিশ্চিত করলেও দাবি করেছেন, স্কুল ক্যাম্পাসের বাইরে থেকে আটক করা হয়েছে। 

ওই স্কুল শিক্ষার্থীকে আটকের একটি ভিডিও আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষার্থী স্কুলের বারান্দা থেকে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় নামছেন। এ সময় তার পাশে কয়েকজন পুলিশ সদস্য ও অন্য ব্যক্তিদের দেখা যায়। স্কুলের মাঠে পুলিশের একটি গাড়িও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

নাম প্রকাশ না করার শর্তে স্কুলটির একজন শিক্ষক দ্য ডিসেন্টকে বলেন, “গ্রেফতার হওয়া শিক্ষার্থী দশম শ্রেণিতে পড়ে। গতকাল বুধবার বিকেল ৪টায় স্কুল ছুটির পর স্কুলড্রেস পরা অবস্থায় তাকে নিয়ে যায় পুলিশ। শিক্ষকদের ভাষ্য অনুযায়ী, পুলিশ দুপুরের দিকে স্কুলে এসে প্রধান শিক্ষকের কাছে ওই শিক্ষার্থীকে ছুটি দেওয়ার অনুরোধ করে। তবে প্রধান শিক্ষক ছুটি না দেওয়ায় স্কুল ছুটির পর তাকে আটক করা হয়।”

তিনি বলেন, কয়েকজন শিক্ষার্থী তাকে জানিয়েছেন, ওই শিক্ষার্থী শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে সেই ছবি ফেসবুক স্টোরিতে দিয়েছিল। পুলিশ আসার আগেও স্থানীয় কয়েকজন ব্যক্তি স্কুলে এসে ওই শিক্ষার্থীকে খুঁজছিলেন। তাদের মধ্যে কয়েকজন তাকে পার্টি অফিসে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তবে কোন দলের পার্টি অফিস, তা তিনি জানেন না।

ওই শিক্ষক আরও বলেন, ‘‘পরে ওই শিক্ষার্থীকে স্কুলের বাইরে যেতে দেওয়া হয়নি। পুলিশ দুপুরে এসে তাকে ছুটি দেওয়ার কথা বললেও স্কুল কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি। বিষয়টি শিক্ষার্থীর অভিভাবক, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে অভিভাবকেরা স্কুলে আসেন এবং ক্লাস শেষে ছুটির পর পুলিশ ওই শিক্ষার্থীকে নিয়ে যায়।’’

স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাসলিমা খাতুন দ্য ডিসেন্টকে বলেন, “স্কুল ছুটির শেষে সব ছেলেমেয়ে চলে যাওয়ার পর একটি পুলিশের গাড়ি আসে। অভিভাবকদের উপস্থিতিতে পুলিশ তাকে (স্কুল শিক্ষার্থী) নিয়ে যায়।’’

এ বিষয়ে গ্রেফতার শিক্ষার্থীর চাচা সাদ্দাম বিশ্বাস দ্য ডিসেন্টকে বলেন, ‘‘আমার ভাতিজাকে স্কুলের ভিতর থেকে নিয়ে গেছে। স্কুল টাইমে আটকাইছিল, কিন্তু স্যাররা বলেছিল, স্কুল টাইমে নেওয়া যাবে না। তাই স্কুল ছুটির পর নিয়ে গেছে। শেখ হাসিনার জন্মদিনের উপলক্ষে হয়তোবা বন্ধু-বান্ধবদের সাথে কেক কাটার পোস্ট করছে, সেই কারণে গ্রেফতার করেছে। পুলিশ পোস্টটা আমাদের দেখাইছে। আমার ভাতিজার বয়স এখন ১৫-১৬ হবে।’’

তবে স্কুলের ভেতর থেকে শিক্ষার্থীকে আটকের বিষয়টি অস্বীকার করেছেন আমিনপুর থানার ওসি হুমায়ুন কবির। তিনি দ্য ডিসেন্টকে বলেন, “ছেলেটা শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে ফেসবুকে পোস্ট করেছিল এবং পরে মিছিল করেছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। স্কুল ছুটির পর স্কুলের বাইরে থেকে তাকে আটক করা হয়েছে। তাকে ইতোমধ্যে কোর্টে চালান করা হয়েছে।”

ওসির বরাতে একাধিক সংবাদমাধ্যম লিখেছে, ‘‘সন্ত্রাসবিরোধী আইনে করা পূর্বের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’’