Claim That Zubaida Rahman and Ho Chi Minh Islam Will Share a Stage Is Misleading

The Dissent Desk
By
The Dissent Desk
2 October 2026

শনিবার, ৩ অক্টোবর, ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। পঞ্চমবারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সংলাপ চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংলাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই সংলাপে অংশগ্রহণ ঘিরে বাংলাদেশের পরিচিত ট্রান্সজেন্ডার নারী ও মানবাধিকারকর্মী হোচিমিন ইসলাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে নিয়ে অনলাইনে প্রচারণা চলছে। তারা উভয়ে একই মঞ্চে আলোচনায় অংশ নেবেন বলে দাবি করা হচ্ছে।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মোঃ সারজিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, “বিএনপি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংবিধানে ফিরিয়ে আনলো "আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস"। অন্যদিকে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান সম*কামী ট্রা*ন্স অ্যাক্টিভেস্টদের সাথে মঞ্চ শেয়ার করছেন ! ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব মাহাদী আমিন সহ বিএনপি'র অন্যান্য নেতারা রয়েছেন সাথে ! এর চেয়ে লজ্জার, মুনাফেকি, দ্বিচারিতা আর প্রতারণার চরম দৃষ্টান্ত আর কি হতে পারে?”

‘ফ্রাইডে পোস্ট’ নামের একটি ফেসবুক পেজেও ডা. জুবাইদা রহমান ও হোচিমিন ইসলামের ছবি প্রকাশ করে একই মঞ্চে আলোচনায় অংশ নেওয়ার দাবি করা হয়েছে। ওই পোস্টে হোচিমিনকে ‘গে সন্ত্রাসী’ বলে আক্রমণ করা হয়।

হোচিমিন ইসলাম বাংলাদেশের একজন পরিচিত ট্রান্সজেন্ডার নারী ও মানবাধিকারকর্মী।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ডা. জুবাইদা রহমান ও হোচিমিন ইসলামের মঞ্চ শেয়ার করার (একই মঞ্চে আলোচনায় অংশ নেওয়ার) দাবিটি সঠিক নয়।

সিজিএসের ওয়েবসাইটে প্রকাশিত তিন দিনের সংলাপের অনুষ্ঠানসূচি ও আলোচকদের তালিকা যাচাই করে দেখা যায় সেখানে আলোচক হিসেবে ডা. জুবাইদা রহমানের নাম থাকলেও মানবাধিকারকর্মী হোচিমিন ইসলামের নাম নেই।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, সংলাপের তৃতীয় দিন, ৫ অক্টোবর, ডা. জুবাইদা রহমান ‘The Measure of Progress: Dignity, Health and the Human Future’ শিরোনামের একটি অধিবেশনে অংশ নেবেন। ওই অধিবেশনে তাকে একক বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।

সিজিএসের ওয়েবসাইটে বক্তাদের পৃথক তালিকায় অবশ্য হোচিমিন ইসলামের নাম রয়েছে। তবে প্রকাশিত অনুষ্ঠানসূচিতে তাকে কোনো প্যানেল আলোচনার আলোচক হিসেবে উল্লেখ করা হয়নি। সিজিএসের ফেসবুক পেইজেও হোচিমিনের ছবি পোস্ট করা হয়েছে অংশগ্রহণকারী হিসেবে। তবে কোন প্যানেলে আলোচক হিসেবে অংশ নেয়ার তথ্য নেই। প্যানেল আলোচক নন এমন আরও অনেকেই অনুষ্ঠানটিতে অংশ নিচ্ছেন। 

সিজিএসের পরিচালক সুবির দাস দ্য ডিসেন্টকে বলেন, “ডা. জুবাইদা রহমান ও হোচিমিন ইসলাম একই মঞ্চে অংশ নেবেন না। এ নিয়ে অনলাইনে যে প্রচারণা চলছে, তা সত্য নয়।”

তবে দ্য ডিসেন্ট এর এই রিপোর্টের জন্য সিজিএসের সাথে যোগাযোগের পর প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে হোচিমিন ইসলামের নামটি সরিয়ে নেয়া হয়। হোচিমিনের অংশগ্রহণ সংক্রান্ত যে ফটোকার্ড সিজিএসের ফেসবুক পেইজে পোস্ট করা হয়েছিল সেটিও সরানো হয়েছে।

বে অব বেঙ্গল কনভারসেশনে দেশি বিদেশি শতাধিক ব্যক্তি আলোচক হিসেবে অংশ নিচ্ছেন।