House of BNP Leader Torched in Jhenaidah, Not a Mosque

Azaharul Islam
By
Azaharul Islam
21 November 2026

গত ১৯ নভেম্বর ‘আপডেট কুষ্টিয়া’ নামে একটি ফেসবুক পেজের পোস্টে দাবি করা হয়, ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেলতলা গ্রামের একটি মসজিদে আগুন দেওয়া হয়েছে। 

পোস্টে লেখা হয়, “ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ২নং জোড়াদাহ ইউনিয়নের বেলতলা গ্রামের একটি মসজিদে আগুন দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার আওয়ামী লীগ নেতা মতিয়ার, শামীম ও রকি এই ঘটনার সাথে জড়িত। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।”

একই দাবি বিভিন্ন ফেসবুক একাউন্ট থেকেও ছড়ানো হয়। দেখুন এখানে ও এখানে।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, হরিণাকুণ্ডু উপজেলার ২ নম্বর জোড়াদাহ ইউনিয়নের বেলতলা গ্রামে কোনো মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। মূলত, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহেব আলীর ব্যবহৃত একটি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তবে অগ্নিকাণ্ডে কারা জড়িত সে বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পায়নি দ্য ডিসেন্ট।

এছাড়া ফেসবুক পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ছবিটি ২০২৫ সাল থেকেই ইন্টারনেটে রয়েছে।

২০২৫ সালের ৩ এপ্রিল ‘আজকের আরবান’ নামে একটি অনলাইন পোর্টালে ‘ময়মনসিংহে শিশু ধর্ষণের মূল আসামি গ্রেফতারের পর বাড়িতে আগুন দিল জনতা’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি ব্যবহার করা হয়েছিল।

অর্থাৎ, আলোচিত ফেসবুক পোস্টে ব্যবহৃত ছবিটির সঙ্গে ঝিনাইদহের আগুনের ঘটনার কোনো সম্পর্ক নেই।

“আগে নামাজঘর ছিল, পরে সেটি কিনে নেন শাহেব আলী”

আগুনে পুড়ে যাওয়া ঘরটি একসময় নামাজঘর হিসেবে ব্যবহার করা হতো।

হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন দ্য ডিসেন্টকে বলেন, “মসজিদে আগুনের ঘটনা নয়। মূলত, গত ১৮ তারিখ মধ্যরাত সাড়ে বারোটা বা একটার দিকে কে বা কারা আমাদের ওয়ার্ড কমিটির শাহেব আলী বাড়িতে আগুন দেয়। এইটা কোনো রাজনৈতিক কাহিনী না, এইটা হলো ওখানকার সামাজিক একটা ব্যাপার।”

তাইজাল হোসেনের কাছ থেকে শাহেব আলীর ফোন নম্বর নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে দ্য ডিসেন্ট। তবে ফোনে শাহেব আলীর বদলে তার স্ত্রী ও পুত্রবধূর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।

শাহেব আলীর স্ত্রী দ্য ডিসেন্টকে বলেন, “আমাদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল। ওই ঘরে আমরা বিভিন্ন জিনিসপত্র রাখি। মাঝে মাঝে আমরাও থাকি। তবে যেদিন আগুন লাগাইছিল, ওইদিন ওই ঘরে আমরা কেউ থাকিনি।”

শাহেব আলীর পুত্রবধূ বলেন, “আমাদের যে ঘরে আগুন দিয়েছে ওটা আগে নামাজঘর ছিল। মসজিদ পাকা হওয়ার সময় টিনশেডের এই ঘরটাতে সবাই নামাজ পড়ত।”

“ঘটনা হচ্ছে, আমাদের বাড়ির পাশের মসজিদটা এক সময় টিনের বেড়ার ঘর ছিল। পরে সেটি পাকা করার উদ্যোগ নেয়া হলে ছোট টিনের ঘরটি তুলে এনে আমাদের জমিতে রাখা হয়। মসজিদ পাকা হওয়া পর্যন্ত ওই তুলে আনা ঘরে নামাজ পড়েছেন মুসল্লীরা। এরপর মসজিদের কাজ শেষ হলে টিনের স্থানান্তরিত ঘরটি আমার শশুর কিনে নেন এবং এটি সেখানেই থাকে। আমরা এটি বিভিন্ন ঘরোয়া জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করি। মাঝেমধ্যে প্রয়োজন হলে কেউ থাকেনও। এক বছর হবে এটি কেনার। ওই ঘরটি সেদিন কারা যেন পুড়িয়ে দেয়।”

পরবর্তীতে আবার কল করলে শাহেব আলী নিজেই রিসিভ করেন। তিনি দ্য ডিসেন্টকে ঘরটির বিষয়ে একই রকম বর্ণনা দেন।

মসজিদে আগুনের ঘটনা ঘটেনি: পুলিশ ও প্রশাসন

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম বিল্লাহ দ্য ডিসেন্টকে বলেন, সরেজমিনে গিয়ে তারা মসজিদে আগুন দেওয়ার কোনো ঘটনা পাননি। মূলত, বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতির বাড়ির পাশে থাকা একটি ঘরে আগুন দেওয়া হয়েছিল।

ওসি বলেন, “আমরা সরেজমিনে গিয়ে দেখেছি মসজিদে আগুন দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। মূলত, বিএনপি ওয়ার্ড কমিটির সভাপতির বাড়িতে আগুন দিয়েছিল। তার বসতঘরে আগুন দেয়নি। ঘরের পাশে বাইরে একটা ঘর ছিল সেখানে আগুন দেওয়া হয়েছিল। এটা নিয়ে একটা মামলাও হয়েছে।”

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনও দ্য ডিসেন্টকে জানান, মসজিদে আগুন দেওয়ার দাবিটি সঠিক নয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সরেজমিনে তদন্ত করে তারা বিষয়টি নিশ্চিত হয়েছেন।

তিনি বলেন, “আমরা এরকম খবর শোনার পর খোঁজখবর করি। এলাকার লোকজনের ভাষ্য অনুযায়ী এবং আমরাও সরেজমিনে গিয়ে দেখলাম পরে যাচাই করে যে এটা সঠিক না। মূল ঘটনা হলো– দুই দিন মতো আগের রাতে ওয়ার্ড বিএনপির সভাপতির একদম আবাসস্থলের পাশে একটা ওরকম ঘর ছিল। সেই ঘরে খড়-টড় রাখা, আরও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল–ওখানে আগুন লাগে। সেটার জন্য মামলাও হইছে।”

এ ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে ইউএনও বলেন, নিষিদ্ধ গোষ্ঠীর অনেকের নামে মামলা করা হয়েছে। তবে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে নিষিদ্ধ গোষ্ঠী জড়িত কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, “এই বিষয়টা নিয়ে জেলা প্রশাসনেও আমি জানিয়ে রেখেছি যে এই বিষয়টা আসলে সত্য না। ডিসি স্যারও পরবর্তীতে খোঁজখবর নিয়েছেন।”