Satirical Post by BNP Activist Turns into ‘News’, Now a Talk Show Topic

Naima Sultana
By
Naima Sultana
21 November 2026

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে দাবি করেছেন সাংবাদিক শাহেদ আলম। 

গত ২০ নভেম্বর বেসরকারি সংবাদমাধ্যম স্টার নিউজের ‘কড়া আলাপ’ নামের টকশোতে তিনি দাবি করেন, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করেছেন। 

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, শাহেদ আলমের দাবিটি সঠিক নয়।

টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক পরিচয়ে একজন বিএনপিপন্থী ফেসবুক ব্যবহারকারী ব্যঙ্গাত্মক ওই পোস্টটি করেছিলেন। সেটিকেই বাস্তব পদত্যাগের ঘোষণা ধরে নিয়ে প্রচার করে চ্যানেল ২৪।

গতকাল বিকালে ফেসবুকে ‘এস এম মুকুল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে লেখা হয়, “আমি এস এম মুকুল, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক। আমার নীজ দল লীগ কর্তৃক আমার নীজেরই ঘরবাড়ি এবং ব্যাবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়ার কারনে আমি বাংলাদেশ আওয়ামীলীগ এর বর্তমান পদ থেকে পদত্যাগ করলাম। আমি জানি, যে শেখ হাসিনা আমাদের রেখে পালিয়ে গেছে, সে আর কখনোই ফিরবেনা। এস এম মুকুল, আহবায়ক টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগ।”

পোস্টটির কমেন্টবক্সে মুকুল ব্যঙ্গাত্মকভাবে ইঙ্গিত দেন, এটি কোনো আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা নয়।

তার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায়, তিনি বিএনপির পক্ষে নিয়মিত বিভিন্ন পোস্ট করে থাকেন।

অর্থাৎ, আওয়ামী যুবলীগের আহ্বায়ক হিসেবে নিজের পরিচয় দিয়ে লেখা পোস্টটি বাস্তব কোনো পদত্যাগপত্র ছিল না।

এরপর মুকুলের এই ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে ধরে নিয়ে সংবাদ প্রকাশ করে চ্যানেল ২৪। সংবাদমাধ্যমটি ‘ফেসবুকে পোস্ট দিয়ে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়কের পদত্যাগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। পরে কোন ব্যাখ্যা ছাড়াই প্রতিবেদনটি সরিয়ে নেওয়া হয়।

২০ নভেম্বর ঢাকা ভয়েস নামে আরেকটি অনলাইন প্লাটফর্মও ‘ফেসবুকে পোস্ট দিয়ে টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতার পদত্যাগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ফেসবুক পোস্টের বক্তব্যকে যুবলীগ নেতার পদত্যাগের ঘোষণা হিসেবে উপস্থাপন করা হয়।

দ্য ডিসেন্ট এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।

অর্থাৎ, একজন বিএনপিকর্মীর ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্টকে সত্য ধরে নিয়ে প্রথমে ভুয়া খবর  প্রকাশ করে কিছু মিডিয়া এবং এরপর সেই ভুয়া খবরকে রেফারেন্স হিসেবে উল্লেখ করে একশোতে কথা বলেছেন একজন আলোচক।