Nahid Akter repeats false claim from pro-Awami League page on talk show

Azaharul Islam
By
Azaharul Islam
12 November 2026

গত ৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ১৬ মিনিটে ‘দ্য ডেইলি স্পটলাইট’ ঢাবিতে ককটেল বিস্ফোরণ করতে গিয়ে ছাত্রদলের হাতে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা আটক!’ শিরোনামে ফটোকার্ড প্রচার করা হয়। পোস্টের ক্যাপশনে আব্দুল্লাহ আল জোবায়ের (জামিল)-কে সরাসরি ককটেল বিস্ফোরণকারী হিসেবে উপস্থাপন করা হয়। 

দ্য ডেইলি স্পটলাইট পেইজটিতে আওয়ামীলীগের পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়।

গত ১০ নভেম্বর দ্য ডিসেন্ট ও রিউমর স্ক্যানার পৃথক ফ্যাক্টচেক প্রতিবেদনে দেখিয়েছে, জামিল ককটেল হামলায় সম্পৃক্ত ছিলেন না। পুলিশের ভাষ্যমতে, জামিল বন্ধুর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছিলেন। তাকে লোকজন ভুল বুঝে আটক করেছে। 

এদিকে এই সূত্র ধরে গত ১১ নভেম্বর ‘ডিসেম্বর-দরজায়’ শীর্ষক নেক্সাস টিভির আয়োজিত টকশোতে ভুয়া তথ্য ফেরি করেছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জামিলকে ককটেল হামলাকারী হিসেবে উপস্থাপন করেছেন তিনি।

নেক্সাস টিভির টকশোতে ৭ মিনিটের পর দিকে নাহিদ আক্তার বলেন, “অনেকগুলি ফটোকার্ড আমার কাছে আছে। যেখানে আওয়ামী লীগ করেছে বলে জানা গেছে। আবার অনেক জায়গায় জানা গেছে যে, ছাত্রশিবিরের একটা একটা কর্মী মানে সাথী ছিলেন, তিনি একটা জায়গায় নাশকতা করেছেন। ককটেল বিস্ফোরণ করেছেন। এটা করে মানে আওয়ামী লীগকে আর কি আওয়ামী লীগের যে ইমেজ সেটাকে ক্ষতিগ্রস্ত করে। আবার আওয়ামী লীগ নিজেও করছে।”

এ সময় অনুষ্ঠানের সহ-আলোচক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মুহাম্মাদ আব্দুল মান্নান আটক ব্যক্তির পরিচয় জানতে চাইলে নাহিদ আক্তার তার নাম জামিল বলে উল্লেখ করেন।

টকশো প্রচারের আগের দিনই আগেই ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ

গত ১০ নভেম্বর দ্য ডিসেন্ট এক ফ্যাক্টচেক প্রতিবেদনে দেখিয়েছে, নাহিদ আক্তারের এই বক্তব্যের সঙ্গে ঘটনার প্রকৃত তথ্যের মিল নেই। জামিল ককটেল বিস্ফোরণ করেননি। বরং তিনি ককটেল নিক্ষেপকারীকে ধাওয়া করে আটক করতে সহায়তা করেছিলেন। আটক ব্যক্তির স্বীকারোক্তি ও পুলিশের বক্তব্যেও এর সমর্থন পাওয়া গেছে।

অন্যদিকে, জামিল ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না, সে বিষয়ে তিনি নিজে অস্বীকার করলেও তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য ডিসেন্ট।

একই ঘটনা নিয়ে রিউমর স্ক্যানারের ফ্যাক্টচেকেও জামিলকে হামলাকারী হিসেবে উপস্থাপনের তথ্য ভুল বলে উপস্থাপন করা হয়। 

রিউমর স্ক্যানার জানায়, টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের সময় জামিলসহ দুজনকে আটক করা হলেও জামিল নিজে বিস্ফোরণ ঘটিয়েছেন এমন দাবি সঠিক নয়। বরং, হামলাকারীকে জামিল ধাওয়া দিয়েছিলেন। 

দ্য ডিসেন্ট ও রিউমর স্ক্যানারে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখুন এখানে ও এখানে।

যেভাবে জামিলকে ককটেল হামলাকারী হিসেবে প্রচার করা হয়

গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে দুইজনকে গনধোলাই দিয়ে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়। 

এই ঘটনার পর ‘ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ, পরিচয় মিলল আটক দুজনের’ শিরোনামে সংবাদ প্রকাশ করে একাধিক সংবাদমাধ্যম। এসব প্রতিবেদনে আটক দুজনের ছবি ও বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়। 

তবে পরবর্তীতে জামিলের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় পুলিশ তাকে ছেড়ে দেয়। কিন্তু তার মুক্তির বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমগুলোতে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি। এমনকি আগের প্রকাশিত প্রতিবেদনগুলোতেও কোনো সংশোধনী বা ডিসক্লেইমার যুক্ত করা হয়নি।

এই ঘটনা নিয়ে সময়ের আলো, স্টার নিউজ, দ্য ডেইলি ক্যাম্পাস, বাংলা ট্রিবিউন, কালবেলা, বিডি২৪লাইভ, বার্তা বাজার, সংবাদবেলা, বাংলানিউজ২৪, ঢাকা মেইল, দৈনিক শিক্ষাডটকম, জাগো নিউজ২৪, চ্যানেল ওয়ান সহ অনেক সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

এদিকে, ‘দ্য ডেইলি স্পটলাইট’ নামের একটি ফেসবুক পেইজে ‘ঢাবিতে ককটেল বিস্ফোরণ করতে গিয়ে ছাত্রদলের হাতে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা আটক!’ শিরোনামে পোস্ট করা হয়। ওই পোস্টে জামিলকে সরাসরি ককটেল বিস্ফোরণকারী হিসেবে উপস্থাপন করা হয়। 

দ্য ডেইলি স্পটলাইট পেইজটিতে আওয়ামীলীগের পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়।

পোস্টটি বিএনপি ও আওয়ামী লীগপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। দেখুন এখানে, এখানে ও এখানে।