Prothom Alo Did Not Address the State Minister as ‘De’, Contrary to Ilias’s Claim

Azaharul Islam
By
Azaharul Islam
31 August 2026

গত ২৫ আগস্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন ফেসবুক পোস্টে দাবি করেছেন, প্রথম আলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে ‘দে’ বলে সম্বোধন করেছেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ‘‘পো*র আলু পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের পেছনে লাগা মানে হুমায়ুন কবির ঠিক লাইনে আছে৷ পো*র আলু শামা ওবায়েদকে চায়৷ শামা ওবায়েদের উপরে হুমায়ুন কবিরকে বসানোর পর পো*র আলুর চুলকানি হয়ে গেছে৷ পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলে 'দে'৷’’

পোস্টটিতে প্রথম আলোর এরকম একটি প্রতিবেদনের স্ক্রিনশট যুক্ত করেন তিনি। তার পোস্ট করা স্ক্রিনশটে সোশ্যাল মিডিয়ার প্রিভিউয়ে প্রথম আলোর সংবাদটিতে “পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মন্তব্য প্রত্যাহার করে নাগরিকত্ব নিয়ে স্পষ্ট জবাব দে” শেখা দেখতে পাওয়া যায়।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে নিয়ে প্রকাশিত সংবাদে প্রথম আলোর ‘দে’ বলে সম্বোধন করার দাবিটি সঠিক নয়। মূলত, শিরোনাম বড় হওয়ার কারণে ফেসবুকে থাম্ব প্রিভিউয়ে পুরো শিরোনাম দেখা যায়নি।

সংবাদটির পুরো শিরোনাম ছিল, ‘‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মন্তব্য প্রত্যাহার করে নাগরিকত্ব নিয়ে স্পষ্ট জবাব দেওয়ার দাবি বিজেআইএমের।’’

তবে পরবর্তীতে প্রথম আলো প্রতিবেদনের ফেসবুক থাম্ব প্রিভিউ সরিয়ে ক্যাপশনে বিস্তারিত লিখে পোস্ট করেছে। ক্যাপশনে তারা একটি অংশে লিখেছে, ‘‘নিউজের থাম্ব প্রিভিউতে অসঙ্গতি থাকায় পোস্টটি সংশোধন করা হল।’’

দ্য ডিসেন্ট এরকম আরও বড় শিরোনামের সংবাদ খুঁজে পেয়েছে, যেগুলোর ফেসবুকে থাম্ব প্রিভিউয়ে পুরো শিরোনাম দেখা যায় না। 

প্রথম আলোতে ‘‘ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী বললেন, কে নিউজ করেছে, কার এত জ্বালা’’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদে ফেসবুক থাম্ব প্রিভিউয়ে ‘‘....কার এত’’ পর্যন্ত দেখা যায়।

প্রথম আলোতে ‘‘থাইরয়েডের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও দরকার সেলেনিয়াম, যেসব খাবারে পাবেন এই ক্ষুদ্র খনিজ’’ শিরোনামে প্রকাশিত সংবাদে ফেসবুক থাম্ব প্রিভিউয়ে ‘‘....ক্ষুদ্র খ’’ পর্যন্ত দেখা যায়।

চ্যানেল ১৮ নামে একটি সংবাদমাধ্যমে ‘‘মেহেরপুরে বই দেখে পরীক্ষা দেওয়ার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে মারধর করেছে শিক্ষক ও পরীক্ষার্থীরা’’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদে ফেসবুক থাম্ব প্রিভিউয়ে ‘‘...পরীক্ষা’’ পর্যন্ত দেখা যায়।

ইউএস বাংলা নামে একটি অনলাইন পোর্টালে ‘‘নেত্রকোনায় ফসলরক্ষা বাঁধের দুই হাজারের বেশি ব্লক লুটের অভিযোগ, লুটপাটে পিছিয়ে নেই কেউই-দেখারও নেই কেউ’’ শিরোনামে প্রকাশিত সংবাদে ফেসবুক থাম্ব প্রিভিউয়ে ‘‘…কেউই-দেখা’’ পর্যন্ত দেখা যায়।