Shoaib Chowdhury Misrepresented Betel Nut Tin and Empty Sack as Terrorists’ Bomb

Mahbub A Rahman
By
Mahbub A Rahman
2 August 2026

প্রোপাগান্ডা ওয়েবসাইট উইকলি ব্লিটজ-এর সম্পাদক সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী ১ আগস্ট এক এক্স (সাবেক টুইটার) পোস্টে দাবি করেন, ‘‘ঢাকায় অত্যাধুনিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে।’’ 

ওই পোস্টে ইংরেজিতে তিনি লিখেন, ‘‘ঢাকা শহরের মিরপুরে এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে ব্যাগে রাখা আরও দুটি উন্নতমানের আইইডি (IED) উদ্ধার করা হয়েছে। তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে শহরে এটি সপ্তম ঘটনা, যেখানে সাধারণত লস্কর-ই-তৈয়বা এবং অন্যান্য শীর্ষ জঙ্গি গোষ্ঠীগুলোর ব্যবহৃত এ ধরনের পরিশীলিত আইইডি পাওয়া গেল।’’

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, সালাহ উদ্দিন শোয়েব চৌধুরীর এমন দাবি সত্য নয়।  ঢাকায় মিরপুর এবং ফার্মগেট মেট্রো স্টেশনে আইইডি উদ্ধার করা হয়নি। 

মূলত গত ১ আগস্ট রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে পৃথক দুটি ‘বোমাসদৃশ’ বস্তুকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক তৈরি হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি চালায়। এতে একটি শপিং ব্যাগে জর্দার কৌটা ও পান এবং অন্যটিকে একটি খালি বস্তা হিসেবে চিহ্নিত করে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ‘‘১ আগস্ট) বেলা ১১টার দিকে ফার্মগেট স্টেশনের যাত্রী ওঠা-নামার সাইনবোর্ডের ওপর একটি পরিত্যক্ত বস্তা পড়ে থাকতে দেখে এমআরটি পুলিশ। বিষয়টি জানাজানি হলে সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে এবং ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তাটি পরীক্ষা-নিরীক্ষা করে সেটির ভেতরে কিছু পায়নি। এটি মূলত একটি খালি বস্তা ছিল।

অন্যদিকে, বেলা পৌনে ১টার দিকে মিরপুর-১০ মেট্রো স্টেশনের 'বি' গেটের সিঁড়ির পাশে একটি পরিত্যক্ত শপিং ব্যাগ দেখতে পায় এমআরটি পুলিশ। খবর পেয়ে মিরপুর মডেল থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ব্যাগটি এক্স-রে করা হলে ভেতরে একটি কৌটাসদৃশ বস্তুর ছবি দেখা যায়।’’

উল্লেখ্য, গত ২৪ জুলাই ঢাকার মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি ছাতার ভেতরে রাখা বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল। পুলিশ বলেছে, নিষ্ক্রিয় করা বোমাটি আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)। ছাতার ভেতরে কে বা কারা বোমা রেখেছে, তাদের শনাক্ত করতে পুলিশসহ বিভিন্ন সংস্থা কাজ করছে।