Unrelated Assault Video Shared as Mob Attack on Motijheel BNP Leader

The Dissent Desk
By
The Dissent Desk
26 July 2026

এক ব্যক্তিকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে ‘খুলনা ভয়েজ 24’ নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, “মতিঝিল থানা ইউনিয়ন ব্যাংক থেকে এক ভদ্রমহিলা ৫ লাখ টাকা নিয়ে বের হন। মহিলার ভাষ্যমতে, শিবু ওই মহিলার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। মহিলা টাকা দিতে রাজি না হওয়ায় তাঁর হাতে থাকা ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি শুরু করেন শিবু। তখন মহিলা চিৎকার করলে জনগণের হাতে গণপিটুনি খান মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবু।”

দেখুন এখানে:

একই ভিডিও ছড়িয়ে ‘Aloron News24’ নামের আরেকটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, “মতিঝিল থানা বিএনপির সভাপতি নারী নিয়ে অসামাজিক কাজ করতে গিয়ে জনতার হাতে আটক।”

দেখুন এখানে:

একই দাবিতে ছড়ানো আরো ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, মারধরের শিকার হওয়া ব্যক্তি মতিঝিল থানা বিএনপির সভাপতি নন। মতিঝিল থানা বিএনপির কমিটিতে ‘শিবলুর রহমান শিবু’ নামে কোনো সভাপতির অস্তিত্ব নেই।

ভিডিওটির রিভার্স ইমেজ সার্চে মূলধারার কোনো সংবাদমাধ্যম অথবা বিশ্বস্ত কোনো সূত্র থেকে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি। তবে ‘জনবাণী নিউজ’ নামে একটি সংবাদভিত্তিক ফেসবুক পেজে ভিডিওটি প্রচার করে দাবি করা হয়েছে, “ব্যাংকের সামনে ৫ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক।”

প্রতিবেদনে মারধরের শিকার হওয়া ব্যক্তির রাজনৈতিক পরিচয় উল্লেখ করা না হলেও তিনি মতিঝিল থানা বিএনপির সভাপতি নন। 

বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে গত বছরের ৩০ আগস্ট প্রকাশিত মতিঝিল থানা কমিটির দলীয় প্যাড খুঁজে পাওয়া যায়। ১৪ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে মতিঝিল থানা বিএনপির আহ্বায়ক পদে আলমগীর হোসেন দায়িত্ব পালন করছেন। কমিটিতে ‘শিবলুর রহমান শিবু’ নামে কোনো সভাপতির নাম পাওয়া যায়নি।

এ ছাড়া, প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চে ‘Faysal Alam’ নামের এক সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্টে গত ২৫ জুলাই আলোচিত বিষয়ে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওতে মতিঝিল থানা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের বক্তব্য প্রচার হতে দেখা যায়।

ভিডিওতে তিনি বলেন, “আমি এই থানার (মতিঝিলের) সেক্রেটারি ছিলাম, তারপর আমি আহ্বায়ক হয়েছি। মারধরের শিকার এই লোকটাকে আমি দেখিও নাই, চিনিও না। মতিঝিল বিএনপির তিনটা ওয়ার্ডে শিবু নামে কেউ নাই।”

সুতরাং, মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবু তৌহিদী জনতার হামলার শিকার হয়েছেন বলে প্রচারিত দাবিটি সত্য নয়।