Awami League Supporters Celebrate Attack as Their Own; Some Media Call It a ‘Clash’

Roby Hossain
By
Roby Hossain
17 November 2026

সোমবার সন্ধ্যায় লন্ডনের রমফোর্ট এলাকায় একদল বাংলাদেশি আরেকদল বাংলাদেশির ওপর লাঠিসোটা দিয়ে হামলা করে আহত করছেন, এমন একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

মারধরের এসব ভিডিও পোস্ট করে আওয়ামী লীগের নেতাকর্মী ও এক্টিভিস্টরা দাবি করেছেন দৃশ্যগুলোতে ‘পটকা নাহিদ’ ও ‘জুলাই জঙ্গিদেরকে গণধোলাই’ দেয়া হচ্ছে।

আওয়ামী লীগাররা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ব্যক্তিদেরকে ‘জুলাই জঙ্গি’ বলে ডাকেন।

যুবলীগ নেতা এবং অনলাইন এক্টিভিস্ট সুশান্ত দাস গুপ্ত তার ফেসবুক প্রোফাইলে মারধরের ভিডিও পোস্ট করে লিখেছেন, "জয় "বাংলার প্রতিটি নির্যাতিত ভাই-বোনদের তরফ থেকে আমাদের আজকের এই নিবেদন৷"

আরেকটি ভিডিও পোস্ট করে লিখেছেন, "যেখানেই জুলাই জংগী সেখানেই প্রতিরোধ।"

"ব্রেকিংঃ নিরাপদে আছেন নাহিদ ইসলাম , ৫ এনসিপি নেতার অবস্থা গুরুতর!" শিরোনামে স্থানীয় একটি বাংলা সংবাদমাধ্যমের রিপোর্ট শেয়ার করে ক্যাপশনে ব্যাঙ্গাত্মকভাবে সুশান্ত লিখেছেন, "এইডা কোন কথা"! 

এর আগের কয়েকদিন ধরে এনিসিপি নেতাদের লন্ডনে 'প্রতিহত' এবং 'প্রতিরোধ' করতে স্থানীয় আওয়ামী লীগারদের উদ্বুদ্ধ করতে ধারাবাহিক অনলাইন ক্যাম্পেইন করেছেন সুশান্ত।

এরকম একটি পোস্টে তিনি লিখেছেন, "যুক্তরাজ্য ছাত্রলীগে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সিভি পাঠিয়ে আবেদনের সংখ্যাটা প্রায় ২ শতাধিক। জুলাই জংগী প্রতিরোধে আজ লন্ডনে এরাই হবে সম্মুখ সারির প্রধান সৈনিক।"

আওয়ামীপন্থী বিভিন্ন আইডি থেকে গত কয়েকদিনে এনসিপি নেতাদের লন্ডনে 'প্রতিরোধ' করতে ব্যাপক ক্যাম্পেইন চালানো হয়। হামলার পর এসব আইডি থেকে আক্রান্তদেরকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হামলাকে উদযাপন করা হয়।

আওয়ামীপন্থী একটি আইডিতে হামলার ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, "জুলাই জঙ্গি পটকা নাহিদ ও তার সঙ্গীদের লন্ডনে গণধোলাই দিয়েছে প্রবাসী ভাইয়েরা। আর করো না জুলাই জুলাই,এবার হবে গণধোলাই!"

ইব্রাহীম খলিল মোহন নামে এক আওয়ামী এক্টিভিস্ট লিখেছেন, "জুলাই জঙ্গি নাহিদ ইসলামকে লন্ডনে হালকা করে নাস্তা করানো হয়েছে। ধন্যবাদ লন্ডন আওয়ামী লীগ।"

আরিফ হাসান বাদশা লিখেছেন, "জুলাই জ'ঙ্গি নাহিদ ও তাঁর সহকর্মীদের লন্ডন যুক্তরাজ্যে গণ'ধোলাই। ধন্যবাদ যুক্তরাজ্য আওয়ামী লীগ"।

আমেরিকায় অবস্থান করা আওয়ামী এক্টিভিস্ট স্বপ্নিল খান লন্ডনে হামলার ঘটনায় সমর্থন জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি বলেন, “যতগুন ৫ ই আগস্ট ঘটাইছে ওগুন একে একে যে মাইর খাইতেছে, এগুন আর কয়দিন ফরে অস্তিত্ব খুইজা ফাইতো নো। ইয়ান দি গোপালগঞ্জে ফিডের, ইয়ান দি লন্ডনে ফিডের। লন্ডনে আইজ্জা কুত্তা ধোনা ধুনছে। নাহিদ ডরে হলের নিচে দি পলাইছে।”

তবে আওয়ামী লীগাররা এই ঘটনাকে নিজেদের হামলা হিসেবে উদযাপন করলেও দেশের শীর্ষ কিছু সংবাদমাধ্যমের খবরের শিরোনামে এই ঘটনাকে এনসিপি ও আওয়ামী লীগের দিপক্ষীয় সংঘর্ষ হিসেবে দেখানো হয়েছে।

প্রথম আলো শিরোনাম করেছে, ‘লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ, আহত ৫’।

দৈনিব সমকাল শিরোনাম করেছে, ‘লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপির সংঘর্ষ’। 

দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ‘লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার’। 

একইভাবে বিডিনিউজ শিরোনাম করেছে, ‘নাহিদের সংবর্ধনা শেষে লন্ডনে আওয়ামী লীগ-এনসিপির সংঘর্ষ’। 

এছাড়াও ‘সংঘর্ষ’ শব্দ ব্যবহার করেছে বাংলা ট্রিবিউন, যুগান্তর, আজকের পত্রিকা, জাগো নিউজ, আমার সংবাদ, দৈনিক সংগ্রাম, ভোরের কাগজ, রাইজিংবিডি, প্রতিদিনের কাগজ এবং বৈশাখী অনলাইন। 

অন্যদিকে, ইউটিউব ভিডিওতে প্রথম আলো লিখেছে, ‘লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপির সংঘর্ষ, চিকিৎসাধীন ৫’। 

একইভাবে দৈনিক ইত্তেফাক ও দৈনিক রূপালী বাংলাদেশ তাদের ইউটিউব ভিডিওর শিরোনামে ‘সংঘর্ষ’ শব্দ ব্যবহার করেছে। টিভি চ্যানেলের ইউটিউব ভিডিওতে এনটিভি লিখেছে, ‘লন্ডনে নাহিদ ইসলামের বক্তব্যের পর এনসিপি-আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ’। 

এছাড়াও চ্যানেল ২৪-এর ইউটিউব ভিডিওতে ‘সংঘর্ষ’ শব্দ ব্যবহার করা হয়েছে। 

পাশাপাশি বাংলাদেশ জার্নাল ও বাংলাভিশন তাদের শিরোনামে ‘হামলা-সংঘর্ষ’ উভয় শব্দ ব্যবহার করেছে। ফলে এই দুটি সংবাদমাধ্যম উভয় শ্রেণিতেই রয়েছে। শব্দচয়ন নিয়ে অনলাইনে সমালোনার পর মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলো তাদের শিরোনাম পরিবর্তন করে ‘সংঘর্ষ’ এর বদলে ‘আওয়ামী লীগের হামলা’ বলে উল্লেখ করেছে।

পত্রিকাটি তাদের দেয়া ব্যাখ্যায় লিখেছে, “লন্ডন থেকে পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে শিরোনামে ‘সংঘর্ষ’ উল্লেখ করা হয়েছিল। তবে আরও খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পর প্রতিবেদনটি পরিমার্জন করা হয়েছে।”

যেসব সংবাদমাধ্যম ‘হামলা’ লিখেছে

তবে কিছু সংবাদমাধ্যম ঘটনাটিকে আওয়ামী লীগের হামলা বলে শিরোনামেই উল্লেখ করেছে। 

দ্য ডেইলি স্টার লিখেছে, ‘লন্ডনে এনসিপির অনুষ্ঠানে আ. লীগের হামলা, কয়েকজন প্রবাসী ও শিক্ষার্থী আহত: নাহিদ ইসলাম’। 

দেশ রূপান্তর লিখেছে, ‘লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগের হামলা, আহত ১০’। 

চ্যানেল ২৪ লিখেছে, ‘লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগের কর্মীদের হামলার অভিযোগ, আহত ৫’। 

একইভাবে সারাবাংলা শিরোনাম করেছে, ‘লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা’। 

এছাড়াও ‘হামলা’ শব্দ ব্যবহার করেছে বাংলানিউজ২৪, কালের কণ্ঠ, ঢাকা পোস্ট, একুশে টিভি, বাংলা স্ট্রিম, টাইমস অব বাংলাদেশ এবং ঢাকা ডায়েরি। 

অন্যদিকে, ইউটিউব ভিডিওতে একুশে টিভি লিখেছে, ‘লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরে এনসিপির ওপর হামলা’ এবং যমুনা টিভি লিখেছে, ‘যুক্তরাজ্যে এনসিপির নেতাকর্মীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের হামলা’। 

একইভাবে এনটিভির ইউটিউব ভিডিওতেও ‘হামলা’ শব্দ ব্যবহার করা হয়েছে। সংবাদমাধ্যমের ইউটিউব ভিডিওতে দৈনিক আমার দেশ এবং কালের কণ্ঠ একই শব্দ ব্যবহার করেছে।

তবে বাংলাদেশ জার্নাল তাদের শিরোনামে লিখেছে, ‘লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগের হামলা-সংঘর্ষ, হাসপাতালে ৫’ এবং বাংলাভিশন লিখেছে, ‘লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলা-সংঘর্ষ, আহত ৫’। 

অর্থাৎ শেষের দুটি সংবাদমাধ্যম একই শিরোনামে ‘হামলা’ ও ‘সংঘর্ষ’ উভয় শব্দ ব্যবহার করেছে।