Indian Media Falsely Presents South Korea Fire Video as an Iranian Attack
ইরান আরব উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে থাকা প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ট্যাঙ্ক ও রাডার 'সম্পূর্ণরূপে ধ্বংস' করে দিয়েছে দাবিতে একটি ভিডিও প্রচার করেছে ভারতীয় সংবাদমাধ্যম The Times of India।
দেখুন এখানে
তবে দ্য ডিসেন্ট এর যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি মার্কিন সামরিক ঘাটিগুলোতে ইরানের হামলা নয় বরং ২০২৫ সালের নভেম্বরের দক্ষিণ কোরিয়ার একটি লজিস্টিক সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা।
ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে CNA নামক ফেসবুক পেজে ১৭ নভেম্বর ২০২৫ তারিখে আপলোড করা মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) দক্ষিণ চুংচেওং প্রদেশের চেওনানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশটির অন্যতম বৃহত্তম ফ্যাশন লজিস্টিকস কেন্দ্র ধ্বংস হয়ে গেছে এবং লক্ষ লক্ষ পোশাক পুড়ে গেছে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে Newspatch এর ওয়াবসাইটে ১৫ নভেম্বর ২০২৫ এ “৯ ঘণ্টা পর চেওনান ই-ল্যান্ড লজিস্টিকস গুদামের বিশাল অগ্নিকাণ্ড নিভিয়ে ফেলা হয়েছে” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ চুংচেওং প্রদেশের চেওনানে অবস্থিত ই-ল্যান্ড লজিস্টিকস গুদামের ভয়াবহ আগুন প্রায় ৯ ঘন্টা ৩০ মিনিট পর নিয়ন্ত্রণে আনা হয়েছে। এক তলা বেসমেন্টসহ চারতলা ভবনটির চতুর্থ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা ভেতরে প্রবেশ করেন, কিন্তু গুদামে রাখা পোশাক ও জুতো দ্রুত পুড়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনের বিস্তার বাড়তে থাকায়, দমকল বিভাগ দ্বিতীয় স্তরের সতর্কতা জারি করে এবং আগুন নেভানোর জন্য ১১টি হেলিকপ্টারসহ ১৪৫টি সরঞ্জাম ও ৪৩১ জন কর্মী মোতায়েন করে। তবে, ভবনটির বিশাল আকার এবং আগুনের তীব্রতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের উল্লেখযোগ্য অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল।