Media Outlets Recirculate Old Report on Cancellation of Health Workers’ Leave
আজ দেশের বেশকিছু মূলধারার সংবাদমাধ্যম স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর বরাতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে।
এসব প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।’’
তবে যাচাইয়ে দেখা যায়, আজ (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
ভুল প্রতিবেদন প্রকাশের তালিকায় আছে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, চ্যানেল২৪, বাংলা ভিশন, কালবেলা, যায়যায়দিন, মানবকণ্ঠসহ একাধিক সংবাদমাধ্যম।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সাথে যোগাযোগ করলে তিনি আজকে এমন কোনো বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেননি বলে জানান।
খোঁজ নিয়ে জানা যায়, ছুটি বাতিলের এই বিজ্ঞপ্তিটি পুরোনো। গত ২ এপ্রিল এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওই বিজ্ঞপ্তির একই তথ্যই আজকের তারিখে স্বাক্ষরিত বলে প্রকাশ করেছে উপরোল্লিখিত সংবাদমাধ্যমগুলো।
উল্লেখ্য, আজকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সে বিজ্ঞপ্তিতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ এর ছুটিকালীন সময়ে হাসপাতাল সমূহের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে ছুটি বাতিল সংক্রান্ত কোনো তথ্য নেই।