Revenue Official Known for Integrity Targeted by Concerted Media Campaign
২০১৭ সালে চট্টগ্রাম কাস্টমসে দায়িত্ব পালনকালে ১৩২টি চালানে প্রায় ৪৩ কোটি টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত করেছিলেন রাজস্ব কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ এ তথ্য সে সময় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। ঘুষ না নেওয়া ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থানের কারণে সিঅ্যান্ডএফ কর্মচারীদের বিক্ষোভের মুখে তাকে বদলি করার ঘটনা নিয়ে প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও বাংলানিউজে প্রতিবেদন ও কলাম প্রকাশিত হয়।
প্রায় এক দশক পর সেই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মূলধারার কয়েকটি সংবাদমাধ্যম এবং ভুইফোঁড় বিভিন্ন অনলাইন পোর্টালে শুরু হয়েছে সংঘবদ্ধ ক্যাম্পেইন।
তবে দ্য ডিসেন্ট এই ক্যাম্পেইনে জনাব আহাদের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচারের প্রমাণ পেয়েছে।
আহাদের বিরুদ্ধে তোলা বিভিন্ন অভিযোগ নিয়ে মূলধারার সংবাদমাধ্যম হিসেবে পরিচিত দৈনিক দেশ রূপান্তর, যায়যায়দিন, প্রতিদিনের বাংলাদেশ এবং একুশে টেলিভিশনে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এর বাইরেও বিভিন্ন অখ্যাত ওয়েবসাইট ও ফেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে এসব অভিযোগ।
কীওয়ার্ড সার্চ করে ২০২৬ সালের ১১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত জনাব আব্দুল আহাদের বিরুদ্ধে ৩৩টি ওয়েবসাইট ও ফেসবুক পেইজে অন্তত ৩৮টি সংবাদ প্রতিবেদন পাওয়া গেছে।
এসব প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে আহাদ ৫ আগস্টের গণঅভ্যু্ত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যান। আরও অভিযোগ করা হয়েছে কাফি নামে এক সহকর্মীকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যা করেছিলেন আহাদ। পাশাপাশি তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে।
তবে দ্য ডিসেন্ট এর অনুসন্ধানে দেখা গেছে, আহাদের বিরুদ্ধে তোলা ৫ আগস্টের গণঅভ্যু্ত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং কাফি নামে এক সহকর্মীকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে হত্যার অভিযোগ দুটি অসত্য। সরকারি নথিতে দেখা যাচ্ছে, সরকারের অনুমোদন নিয়েই উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন এই কর কর্মকর্তা। আর তার সহকর্মী কাফি দুর্ঘটনাবশত নদীতে পড়ে মারা গিয়েছিলেন বলে তখনকার সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়। এই মৃত্যুর ঘটনায় কোন মামলাও হয়নি। কাফির স্ত্রীও আহাদের বিরুদ্ধে তোলা অভিযোগটিকে ‘সম্পূর্ণ বানোয়াট’ বলে জানিয়েছেন। পাশাপাশি দুর্নীতির যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোও সূত্র ও প্রমাণ দ্বারা সমর্থিত নয়।
ক্যাম্পেইনের সূত্র ‘দুদকে’ করা কথিত একটি অভিযোগপত্র
সংঘবদ্ধ ক্যাম্পেইনে প্রকাশিত প্রতিবেদনগুলোর কোনটিতে আব্দুল আহাদের বিরুদ্ধে উঠে আসা অভিযোগগুলোর সূত্র হিসেবে দুর্নীতি দমন কমিশনে জমা হওয়া কথিত একটি অভিযোগের কথা বলা হয়েছে।
দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, “ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মো. করিম আব্দুল হাই নামের এক বাসিন্দা দুর্নীতি দমন কমিশনে এমন অভিযোগ করেছেন”।
দ্য ডিসেন্টের হাতে আসা দুই পৃষ্ঠার অভিযোগপত্রটি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা। এর অনুলিপিতে দুদকের প্রাপ্তি শাখার ২০২৬ সালের ১১ ফেব্রুয়ারির সিল রয়েছে।
তবে অভিযোগটি বাস্তবে দুদকে জমা করা হয়েছে কিনা দ্য ডিসেন্ট স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। দুদকের সংশ্লিষ্ট বিভাগে এ বিষয়ে জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, “২০২৪ সালের ৫ আগস্টের পর বিদেশে পালিয়ে যাওয়া আহাদ তৎকালীন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের সঙ্গে আঁতাত করে প্রায় ১২ কোটি টাকা ঘুষের বিনিময়ে চাকরিতে ফেরেন এবং বিভাগীয় মামলা থেকে অব্যাহতি পান। সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফিকে নদীতে ধাক্কা দিয়ে হত্যা এবং দুই কোটি টাকার বিনিময়ে হত্যার দায় থেকে রক্ষা পাওয়ার অভিযোগও করা হয়।”
অভিযোগপত্রটিতে আরও বলা হয়েছে, “আওয়ামী লীগ সরকারের তৎকালীন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের ঘনিষ্ঠতায় গুরুত্বপূর্ণ পদায়ন, ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, আখাউড়ায় বেআইনিভাবে মালামাল জব্দ, ঢাকার জুরাইনে ‘আইরিশ পাব অ্যান্ড রেস্টুরেন্ট লিমিটেড’-এ অভিযানের সময় মদপান ও কর্মচারীদের মারধর এবং ওই ঘটনায় ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার অভিযোগ রয়েছে।”
যেসব সংবাদমাধ্যমে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে
গত ১১ অক্টোবর আব্দুল আহাদের বিরুদ্ধে প্রথম প্রতিবেদন পাওয়া যায় অনলাইনে। এরপর মূলধারার সংবামাধ্যমসহ অন্তত ৩৩টি ওয়েবসাইটে তাকে অন্তত ৩৮টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনের বেশিরভাগ কথিত সেই অভিযোগপত্রের বরাতে করা হয়েছে। কিছু প্রতিবেদনে আহাদের বিরুদ্ধে কয়েকজন ব্যক্তির আয়োজিত একটি মানববন্ধনের খবর দেয়া হয়েছে।
আহাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা ওয়েবসাইটগুলোর নাম হলো: পেজ দ্যা নিউজ, জাগো বুলেটিন, যায়যায়দিন, বাংলাবাজার পত্রিকা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দুর্নীতির ডায়েরি, বিডি টুডেস, আমাদের মাতৃভূমি, দৈনিক বাংলা, প্রতিদিনের বাংলাদেশ, দেশ রূপান্তর, একুশে টেলিভিশন, মানবকণ্ঠ, বাংলাদেশের খবর, ভোরের পাতা, দ্য ফাইন্যান্স টুডে, ডেইলি সকালের সময়, ইউএসবি নিউজ, আগামীর চট্টগ্রাম, এমআইচ প্রেস, সমতল মাতৃভূমি, ডেইলি আমাদের মাতৃভূমি, অল ক্রাইম টিভি, দৈনিক ভোরের ধ্বনি, পিপলস নিউজ, আই নিউজ বিডি, বর্তমান দেশ, ডিসকভার বাংলা, অল নিউজ, দ্য সিটি সিগন্যাল, নিউজ বাংলা, এনপিবি নিউজ, আরটি নিউজ২৪।
১১ অক্টোবর পেজ দ্যা নিউজ নামের অখ্যাত পোর্টালের শিরোনাম ছিল ‘বিতর্কিত কাস্টমস কর্মকর্তা আবু হানিফ আবারও স্বপদে, প্রতিশোধের শঙ্কায় ব্যবসায়ীরা’।

একই দিন প্রায় একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে জাগো বুলেটিন নামের আরেকটি পোর্টাল।
ওই দিন সন্ধ্যায় দৈনিক যায়যায়দিনের অনলাইন সংস্করণে ‘শেখ হাসিনার সঙ্গে সঙ্গে পলাতক সেই কাস্টমস কর্মকর্তার যোগদানে তোলপাড়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
পরদিন ১২ অক্টোবর পত্রিকাটির প্রিন্ট সংস্করণেও প্রতিবেদনটি ছাপা হয়। এতে বিদেশে পালিয়ে যাওয়া, কোটি কোটি টাকা ঘুষ দিয়ে চাকরিতে ফেরা, সহকর্মীকে হত্যা, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তোলা হয়।
১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে আহাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন হয়। ওই কর্মসূচি নিয়ে বাংলাবাজার পত্রিকা ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রতিবেদন প্রকাশিত হয়। দুটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলেও ভিডিও প্রকাশ করা হয় (বাংলাবাজার পত্রিকা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)।
এরপর ২০ অক্টোবর দুর্নীতির ডায়েরি ও বিডি টুডেস, ২৬ অক্টোবর আমাদের মাতৃভূমি, ৭ নভেম্বর দৈনিক বাংলা এবং নভেম্বরে প্রতিদিনের বাংলাদেশে আহাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও তার পদায়ন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
২৫ নভেম্বর দৈনিক দেশ রূপান্তরে ‘এত অভিযোগের পরও তিনি গুরুত্বপূর্ণ পদে’ শিরোনামে আহাদকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। একই দিন পত্রিকাটির প্রিন্ট সংস্করণের শেষ পৃষ্ঠায়ও প্রতিবেদনটি ছাপা হয়।
এ ছাড়া বিভিন্ন সময়ে আহাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে একুশে টেলিভিশন, মানবকণ্ঠ, বাংলাদেশের খবর, ভোরের পাতা, দ্য ফাইন্যান্স টুডে ও ডেইলি সকালের সময়।
একই ধরনের অভিযোগ প্রকাশ করেছে বিভিন্ন অখ্যাত ও স্বল্পপরিচিত অনলাইন পোর্টালও।
এর মধ্যে রয়েছে ইউএসবি নিউজ, আগামীর চট্টগ্রাম, এমআইচ প্রেস, সমতল মাতৃভূমি, ডেইলি আমাদের মাতৃভূমি (১, ২), অল ক্রাইম টিভি, দৈনিক ভোরের ধ্বনি ও পিপলস নিউজ।
বিভিন্ন স্বল্পপরিচিত ফেসবুকভিত্তিক সংবাদ পেজেও আহাদের বিরুদ্ধে অভিযোগ ও মানববন্ধনের ভিডিও, ছবি ও পোস্ট প্রকাশিত হয়েছে।
এর মধ্যে রয়েছে আই নিউজ বিডি, বার্তা বাজার, বর্তমান দেশ, ডিসকভার বাংলা, অল নিউজ, দ্য সিটি সিগন্যাল, নিউজ বাংলা ও আরটি নিউজ২৪।
এর মধ্যে যায়যায়দিন ও একুশে টিভির প্রতিবেদনটি অনলাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
বিদেশে ‘পলায়ন’ নয়, গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য সরকারি অনুমোদনেই
‘যায়যায়দিন’-এর প্রতিবেদনে ৫ আগস্ট শেখ হাসিনার পালানোর ঘটনা উল্লেখ করে লেখা হয়, “তার পর পরই কাস্টমস কর্মকর্তা আব্দুল আহাদও পালিয়ে যান। তিনিও দেশ ত্যাগ করেন। কোটি কোটি টাকা খরচ করে আবার দেশে ফেরেন।”
তবে দ্য ডিসেন্টের সংগ্রহ করা সরকারি নথিতে দেখা যায়, শেখ হাসিনা সরকারের পতনের প্রায় চার মাস আগে, ২০২৪ সালের ১৮ এপ্রিল যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে ‘গ্লোবাল ইকোনমি’ বিষয়ে মাস্টার্স পড়ার অফার লেটার পান আহাদ।
ওই বছরের ১০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ তাকে এক বছর মেয়াদি উচ্চশিক্ষার জন্য প্রেষণ দেয়। সরকারি আদেশে কোর্সের মেয়াদ ও যাতায়াতের সময়কে সরকারি দায়িত্ব পালন বা ‘অন ডিউটি’ হিসেবে গণ্য করা কথা বলা হয় নথিতে। ১১ সেপ্টেম্বর তাকে কুমিল্লা কাস্টমস থেকে এনবিআরে সংযুক্ত করা। ১২ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।
২০২৫ সালেই যোগদানপত্র জমা, ‘পলায়ন’-এর অভিযোগ থেকে অব্যাহতি
আহাদের কোর্সের মেয়াদ ছিল ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। সরকারি উচ্চশিক্ষা নীতিমালা অনুযায়ী, কোর্স শেষ হওয়ার পর ১০ কার্যদিবসের মধ্যে যোগদানের বাধ্যবাধকতা থাকায় তার যোগদানের শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর।
এনবিআরের নথিতে দেখা যায়, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বরই আহাদের যোগদানপত্র সিল ও স্বাক্ষরসহ গ্রহণ করা হয়। তবে এনবিআরের রেজিস্টার খাতার তথ্য অনুযায়ী, যোগদানপত্রটি ‘বোর্ড প্রশাসন-১’ শাখার পরিবর্তে ভুলবশত ‘শুল্ক ও ভ্যাট প্রশাসন’ শাখায় চলে যাওয়ায় ওয়েবসাইটে তার যোগদানের তথ্য আপডেট হয়নি।
এরপর ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে ০৬/২০২৫ নম্বর বিভাগীয় মামলা করা হয়। ২০২৫ সালের ৩০ নভেম্বর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলে ৯ ডিসেম্বর তিনি লিখিত জবাব দেন।
২০২৬ সালের ১ জানুয়ারি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, লিখিত জবাব ও ব্যক্তিগত শুনানিতে দেওয়া বক্তব্য সন্তোষজনক বিবেচিত হওয়ায় অভিযোগ প্রত্যাহার করে তাকে বিভাগীয় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও সতর্ক থাকতে বলা হয়।
এই অব্যাহতি পেতে প্রায় ১২ কোটি টাকা ঘুষ দেওয়ার দাবির পক্ষে অভিযোগপত্র বা প্রকাশিত সংবাদে কোনো ব্যাংক লেনদেন, অন্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুকে ‘ধাক্কা দিয়ে হত্যা’ বলে প্রচার
লিখিত অভিযোগপত্র ও প্রতিবেদনগুলোতে অভিযোগ করা হয়েছে আহাদ তার সহকর্মী আব্দুল্লাহ বিন কাফিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে হত্যা করেছেন।
বাস্তবে, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বাংলানিউজে ‘পিরোজপুরে দুইদিন পর নদীতে মিলল রাজস্ব কর্মকর্তার মরদেহ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে কাফির গাড়িচালক ইব্রাহীম স্বপনের বরাতে বলা হয়, সাতক্ষীরা থেকে বরিশাল যাওয়ার পথে বেকুটিয়া ফেরিঘাটের পন্টুনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় পা পিছলে নদীতে পড়ে যান কাফি।
আহাদের বিরুদ্ধে হত্যার অভিযোগটিকে ‘সম্পূর্ণ বানোয়াট’ ও বিব্রতকর বলে জানান কাফির স্ত্রী।
ঘটনাস্থলে আহাদের উপস্থিতির দাবি নাকচ করে তিনি বলেন, “না, উনি (আহাদ) ছিলেনই না। কাফি আমাদের সাথে বরিশালে গিয়েছিল। সেখান থেকে মিটিং করে আসার পথেই একসিডেন্টটা হয়েছিল। ও নিজের পার্সোনাল গাড়ি দিয়ে আসছিল, সাথে কেবল ড্রাইভার ছিল। এ ছাড়া কেউ ছিল না। সেখানে আমি ভদ্রলোকের (আহাদ) কোনো নামই শুনিনি।”
স্বামীর মৃত্যুর ঘটনায় আহাদের নাম জড়ানোয় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “উনার নামটা এখানে কোত্থেকে আসছে? এটা কেমন কথা!”
কাফির স্ত্রী নিশ্চিত করেন, স্বামীর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো হত্যা মামলা করা হয়নি। আহাদ তার স্বামীর পূর্বপরিচিত ও ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন।
প্রমাণ ছাড়াই সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে
অভিযোগপত্রে আহাদের বিরুদ্ধে রামপুরা ও বনশ্রীতে চারটি প্লট, আফতাবনগর ও মাটিকাটায় দুটি বহুতল ভবন, উত্তরা ও বনানীতে দুটি বড় ফ্লোর এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মালদ্বীপে হোটেল-রিসোর্টের শেয়ার থাকার দাবি করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে অভিযোগপত্র বা প্রকাশিত সংবাদে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
আহাদের বিরুদ্ধে মানববন্ধন; অংশগ্রহণকারীরা জানেন না কেন এসেছেন
১৩ অক্টোবর ‘জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটি’ নামে একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে আহাদের বরখাস্তের দাবিতে মানববন্ধন হয়।
একই দিন ‘সংবাদ’ নামের ফেসবুক পেজে ‘ভাড়ায় খেটে প্রতিবাদ, জানে না কার বিরুদ্ধে আন্দোলন’ শিরোনামে প্রকাশিত ভিডিওতে এক নারী বলেন, “আমি তো অতটা বাবা বুঝি না কেন আসছি আমি।”
আরেকজন বলেন, “আমাদেরকে নিয়ে আসছে শ্রমিক হিসেবে এলাকার লোকজন।” দৈনিক হাজিরা প্রসঙ্গে এক ব্যক্তি বলেন, “আমরা ৬০০ টাকা হাজিরায় কাম করি।”
অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ, ‘সৌজন্যতা’ হিসেবে পরে অপসারণ
১১ অক্টোবর শেখ হাসিনার সঙ্গে সঙ্গে পলাতক সেই কাস্টমস কর্মকর্তার যোগদানে তোলপাড়’ শিরোনামে যায়যায়দিন অনলাইনে প্রকাশিত প্রতিবেদনটি অনলাইন থেকে সরিয়ে নেওয়ার বিষয়ে ‘যায়যায়দিন’-এর ব্যবস্থাপনা সম্পাদক সজীব ওনাসিস দ্য ডিসেন্টকে বলেন, “সংবাদটি রিমুভ করার জন্য তার এক পরিচিত আমাদের রিকোয়েস্ট করে।”
প্রতিবেদনটি তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে দাবি করে তিনি বলেন, “আমরা তো তথ্য-প্রমাণ, কাগজপত্রের ভিত্তিতে করেছি। তাকে তো আমরা জানিও না সে কে। তথ্য-প্রমাণ থাকলে তার ভিত্তিতে রিপোর্ট করা যায়।”
অন্যদিকে, হত্যা ও বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগগুলো কীভাবে যাচাই করা হয়েছে জানতে চাইলে সংশ্লিষ্ট প্রতিবেদক গাফফার চৌধুরী বলেন, “আহাদ সাহেবের নাম দিয়ে গুগলে সার্চ দেন, তাহলে অনেক কিছু আপনি নিজে জানতে পারবেন। আমাকে অহেতুক প্রশ্ন করা লাগবে না।”
বিভাগীয় মামলা থেকে অব্যাহতির সরকারি নথির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “অব্যাহতি তাকে দিয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কী অভিযোগ এনেছিল? অসদাচরণ ও পলায়ন। সেই অভিযোগ কে এনেছে? অন্তর্বর্তী সরকার এনেছে। সে পলায়ন করে নাই?”
বিপুল সম্পদ অর্জনের দাবির প্রমাণ কি জানতে চাইলে তিনি বলেন, “দুদকের অভিযোগে যা আছে, রিপোর্টার কোনো বক্তব্য নিজের দেয় নাই।”
প্রতিবেদনটি সঠিক হলে কেন অনলাইন থেকে সরিয়ে নেওয়া হলো, এমন প্রশ্নের জবাবে গাফফার চৌধুরী বলেন, “আমি ব্যক্তিগতভাবে আহাদ সাহেবকে চিনিই না। উনিও আমাকে চেনেন না, আমিও উনাকে চিনি না। কিন্তু আমাদের ব্যবস্থাপনা সম্পাদক বলছেন যে উনি খুব ভদ্রলোক। এই পরিপ্রেক্ষিতে পরে উনারা অনলাইন থেকে নিউজটা নামিয়ে নিয়েছেন। এটাও শুধু উনার সম্মানে করা হয়েছে। তারপরও আমি মনে করি উনার প্রতি অনেক সৌজন্যতা দেখানো হয়েছে।”
আহাদের সততা নিয়ে প্রতিবেদন হয়েছিল মিডিয়ায়
চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব ফাঁকি শনাক্তের পর আহাদের বিরুদ্ধে বিক্ষোভ ও বদলির ঘটনায় ২০১৭ সালের ২৪ জানুয়ারি বাংলা নিউজে ‘দুর্নীতির কাছে সততার পরাজয়’ শিরোনামে, ২৮ জানুয়ারি ডেইলি স্টারে ‘সততার পুরস্কর বদলি, ৩০ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত মতামত কলাম ও ১ ফেব্রুয়ারি ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদনে আহাদের সততার প্রশংসা এবং তার বদলির সমালোচনা করা হয়।

ডেইলি স্টার এর প্রতিবেদনে আহাদের বিষয়ে যা লেখা হয়েছে তার কিছু অংশ তুলে ধরা হল:
“ঘুষ লেনদেনের জন্য চট্টগ্রাম কাস্টম হাউজের বেশ বদনাম রয়েছে। কিন্তু বন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টরা কাস্টম হাউজের সাবেক সহকারী কমিশনার (জেটি পরীক্ষক) আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদকে কোনভাবেই বাগে আনতে পারছিল না।
গত ১৫ জানুয়ারি সহকারী কমিশনার (জেটি পরীক্ষক) হিসেবে কাস্টম হাউজে যোগ দেন আহাদ। পরের দিন সিঅ্যন্ডএফ এজেন্টরা ‘খারাপ ব্যবহারের’ অভিযোগ তুলে আহাদের অফিসকক্ষ ভাংচুর করে। অথচ সততার জন্য সবার কাছে সুপরিচিত ছিলেন তিনি।
শুনতে হয়তো অদ্ভুত শোনাবে, আহাদের খারাপ ব্যবহারের অভিযোগ এবং তার অফিসকক্ষ ভাংচুরের ঘটনার তদন্ত প্রতিবেদন হাতে আসার আগেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আহাদকে তার নতুন অফিস থেকে এক সপ্তাহের মধ্যে একটি প্রশিক্ষণ একাডিমিতে বদলি করে দেয়।
গত সোমবার এনবিআর তার বদলির নির্দেশ জারি করে। বৃহঃস্পতিবার তাকে একজন সহকারী পরিচালক হিসেবে চট্টগ্রামের কাস্টমস, এক্সসাইজ এবং ভ্যাট প্রশিক্ষণ একাডেমিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এএফএম আবদুল্লাহ খান জানান, আহাদের বদলির নির্দেশ ঢাকা থেকে এসেছে। যদিও তিনি একজন সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত, তথাপি তার বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।”
আব্দুল আহাদ দ্য ডিসেন্টকে জানিয়েছেন, তিনি গত দেড় মাসে ৫৪টি প্রতিবেদন পড়েছেন তার বিরুদ্ধে। বেশিরভাগ প্রতিবেদন এমন সব ওয়েবসাইটে দেখেছেন যেগুলোর নাম তিনি কখনো শুনেন নি।
“কয়েকজন সাংবাদিক প্রতিবেদন করার আগে আমাকে কল করেছেন। এবং তাদের কয়েকজন জানিয়েছেন তাদেরকে কিছু টাকা পয়সা দিলে রিপোর্ট করবেন না। আমি বলেছি এখন পর্যন্ত ৫৪টি হয়েছে, ৫৫ নম্বরটি প্রকাশিত হলেও আমার কোন সমস্যা নেই”, বলেন আব্দুল আহাদ।
জনাব আহাদের কাছ থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে কয়েকজন প্রতিবেদকের সাথে কথা বলা হলে তারা আর্থিক সুবিধা চাওয়া বিষয়টি অস্বীকার করেছেন।