Three Media Outlets Remove False News Claiming MP Nazrul Islam Was Arrested
আমার দেশ, প্রতিদিনের সংবাদ, বিডি২৪রিপোর্ট, ফেস দ্য পিপল সহ একাধিক সংবাদমাধ্যমে ‘‘বহি’ষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম গ্রে’ফতার।’’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। যদিও প্রতিবেদন প্রকাশের কিছুক্ষণের মধ্যেই আমার দেশ, প্রতিদিনের সংবাদ তাদের প্রতিবেদনগুলো সরিয়ে ফেলে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলামকে সূত্র হিসেবে উল্লেখ করে সংবাদমাধ্যমগুলো লিখেছে, “সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়।”
প্রতিবেদনগুলোতে গাজী নজরুল ইসলামের ছবি ও সম্প্রতি তার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার কথা উল্লেখ করা হয়।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামী থেকে বহিস্কার হওয়া এমপি নয়। বরং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেফতার হয়েছেন।
দুইজনের নাম ও জেলা একই হওয়ার কারণে বিভ্রান্তিকর খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।
একাধিক সংবাদমাধ্যম এই সংক্রান্ত খবর প্রকাশ করেছে। বার্তা সংস্থা ইউএনবি’র খবরে বলা হয়েছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে ডিবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে জামায়াতের এমপি আটকের খবর প্রকাশের পর সংবাদমাধ্যমগুলো খবর সরিয়ে নিয়েছে। আমার দেশ তাদের অফিশিয়াল পেইজে এক পোস্টে লিখেছে, খবরের সূত্র দুর্বল ছিল। ফটোকার্ডটি বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ কারণে প্রত্যাহার করা হলো।
এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলামের সঙ্গে দ্য ডিসেন্টে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করতে তিনি কল রিসিভ করেননি।