কলম্বিয়ার ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য দাবিতে ছড়াচ্ছে ভুয়া ও পুরোনো ভিডিও
ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘‘কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। অনেক মানুষ দৌড়ে নিরাপদে সরে যাওয়ারও সময় পাননি। চোখের পলকেই ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বিপর্যয় নেমে এসেছে।’’
দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে
দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওতে ব্যবহৃত শুরু থেকে ৮ সেকেন্ড পর্যন্ত ক্লিপটি এআই নির্মিত। ভিডিওটির ১ মিনিট ৩১ সেকেন্ড থেকে ১ মিনিট ৫১ সেকেন্ড পর্যন্ত ক্লিপটি পুরোনো।
প্রথম ক্লিপটি হাইভ মডারেশন, গুগল জেমিনির সিন্থআইডি সহ একাধিক এআই শনাক্তকারী টুল এআই বলে শনাক্ত করেছে।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স, ব্রাজিল ভিত্তিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান Aos Fatos এবং ইন্ডিয়া টুডে সহ একাধিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান ভিডিওটিকে এআই বরে শনাক্ত করেছে।
এদিকে ভিডিওতে থাকা যাচাইয়ের আওতাভুক্ত দ্বিতীয় ক্লিপটি কলম্বিয়ার হলেও সাম্প্রতিক নয়। ব্রাজিল ভিত্তিক সংবাদমাধ্যম ও’গ্লোবোতে ২০২৫ সালের ১৪ নভেম্বর ‘‘Falha geológica deixa cidade isolada e causa danos na Colômbia; vídeo’’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ভিডিওটি ব্যবহার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে মৃতের সংখ্যা বেড়ে ২৯৪ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় চার হাজার।