দিল্লিতে আন্দোলন ঠেকাতে রাস্তায় বর্জ্য ফেলা হচ্ছে বলে হরিয়ানার পুরোনো ভিডিও ছড়াচ্ছে মিডিয়া
প্রথম সারির সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাক ও সেন্ট্রিস্ট ন্যাশন-এর ফেসবুক পেজে আজ একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বাধা দিতে দিল্লির রাস্তায় আবর্জনা ফেলা হয়েছে।
প্রচারিত ভিডিওতে দেখা যায়, একটি ডাম্পার থেকে রাস্তার ওপর আবর্জনা ফেলা হচ্ছে। এ সময় আশপাশে কয়েকজনকে স্লোগান দিতেও দেখা যায়।
দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি দিল্লির নয় এবং সিজেপির বিক্ষোভের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। মূলত, হরিয়ানার পানিপতে দুই মাস আগে পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলনের একটি ভিডিওকে দিল্লির বিক্ষোভের ঘটনা বলে উপস্থাপন করা হচ্ছে।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে হিন্দি ভাষার সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের একটি প্রতিবেদনে একই ভিডিও পাওয়া যায়।
প্রতিবেদনটিতে বলা হয়, হরিয়ানায় পৌরসভা কর্মচারী সংঘের ব্যানারে পরিচ্ছন্নতাকর্মী, পয়োনিষ্কাশনকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ধর্মঘট করছিলেন। আন্দোলনকারীরা পানিপতের সংবিধান চকে আবর্জনাভর্তি একটি ডাম্পার উল্টে সড়কে আবর্জনা ফেলেন। পরে ঝাড়ু দিয়ে সেই আবর্জনা সড়কে ছড়িয়ে দেন। এতে জিটি রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থায়ী নিয়োগ, ১৩ মে ২০২৬ তারিখে সরকারের সঙ্গে হওয়া চুক্তির বাস্তবায়ন, ন্যূনতম বেতন বৃদ্ধি এবং ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে কর্মীরা আন্দোলন করছিলেন।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি দিল্লিতে আন্দোলন ঠেকাতে রাস্তায় বর্জ্য ফেলার দৃশ্য নয়। এটি হরিয়ানার পানিপতে পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘট ও বিক্ষোভের পুরোনো ভিডিও।