BJP Leaders and Activists Amplify Awami League’s False Claims of ‘Hindu Genocide’
নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ‘শত শত হিন্দু বাড়ি পোড়ানো’ এবং ‘হিন্দু নিধন’ হিসেবে প্রচার করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক পেইজ ও একাউন্ট থেকে।
একই ধরনের অসত্য দাবি প্রচার করছেন ভারতের বিজেপি নেতা ও দলটির সমর্থকরাও।
নড়াইলের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শতাধিক ফেসবুক পোস্ট ও ভিডিও পর্যালোচনা করেছে দ্য ডিসেন্ট। এতে বিজেপির পদধারী নেতা ও দলটির পক্ষে ফেসবুকে সক্রিয় একাধিক ব্যক্তির একাউন্ট থেকে আওয়ামী লীগের প্রচারিত ‘হিন্দু নিধন’ ও ‘শত শত হিন্দু বাড়ি পোড়ানোর’ অসত্য দাবির পক্ষে পোস্ট পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বাংলাদেশে বাংলাভাষী হিন্দুদের মৃত্যুর অভিযোগ তুলে প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ত্রিপুরার বিজেপির মন্ত্রী সুধাংশু দাস সরাসরি নড়াইলে ‘হিন্দু নিধন’ চলছে বলে দাবি করেছেন।
এ ঘটনা নিয়ে দ্য ডিসেন্টের প্রতিবেদন অনুযায়ী, গত ২০ নভেম্বর কালিয়ায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের অন্তত ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও শত শত হিন্দু বাড়ি আক্রান্ত হওয়ার খবরটি সত্য নয়।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা দ্য ডিসেন্টকে জানিয়েছেন, আক্রান্ত বাড়িগুলোর মধ্যে কেবল একটির মালিক হিন্দু ধর্মাবলম্বী আওয়ামী লীগ নেতা কৃষ্ণপদ ঘোষ। এর বাইরে হিন্দুপাড়ায় হামলা বা হত্যার তথ্য পাওয়া যায়নি।
কি বলছেন বিজেপি নেতারা
নড়াইলের ঘটনা নিয়ে ২২ নভেম্বর পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ও রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য তার ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, “ভাষার জন্য বাংলাদেশ তৈরি হয়নি, যদি ভাষার জন্য তৈরি হতো তাহলে বাংলাদেশে বাংলাভাষী হিন্দুদের আজ এভাবে মরতে হতো না।”
অন্যদিকে ত্রিপুরার বিজেপি নেতা ও রাজ্য সরকারের তফসিলি জাতি কল্যাণ, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী সুধাংশু দাস নিজের ফেসবুক পেইজে লিখেছেন, “বাংলাদেশের নড়াইল সহ বিভিন্ন জায়গাতে আবারও হিন্দু নিধন চলছে।”
পোস্টে তিনি আরও দাবি করেন, নড়াইলের কালিয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে বিএনপি আশ্রিত জামায়াতের লোকজন।
অর্থাৎ, নড়াইলের ঘটনা নিয়ে আওয়ামীপন্থী অ্যাকাউন্টগুলোতে প্রচারিত সাম্প্রদায়িক নির্যাতনের দাবির সঙ্গে মিল রেখে ভারতের বিজেপির পদধারী নেতারাও বক্তব্য দিচ্ছেন।
বিজেপিপন্থী একাউন্ট থেকে ১০০ থেকে ৩০০ হিন্দু বাড়ি পোড়ানোর দাবি
বিজেপির পক্ষে ফেসবুকে সক্রিয় অনেকেও নড়াইলের ঘটনাকে হিন্দুদের ওপর ব্যাপক সাম্প্রদায়িক হামলা হিসেবে প্রচার করছেন।
সোমনাথ মণ্ডল নামক এক ব্যক্তি একটি ভিডিও পোস্ট করে লিখেন, “নড়াইলের কালিয়ায় ১০০টি হিন্দু বাড়িতে আগুন দিয়েছে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।”
সোমনাথ মণ্ডল বিজেপির সমর্থক। একটি পোস্টে তিনি লিখেছেন, “আমার জীবনে প্রথম ভোটটা বিজেপি কে দিয়ে সার্থক আমি খুব ভাগ্যবান মনে করি নিজেকে।”
অন্যদিকে বিজেপিপন্থী ফেসবুক ব্যবহারকারী কাকলি চ্যাটার্জি এক পোস্টে লিখেছেন, “বাংলাদেশের নড়াইলে চলছে হিন্দু নিধন। পুড়ছে শত শত হিন্দুদের বাড়ি। সত্যি কত সস্তা হিন্দুদের রক্ত!!”
কাকলিও নিয়মিত বিজেপির পক্ষে পোস্ট করেন। একটি পোস্টে তিনি রেজিনগর ও নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির জয়ের দাবি তুলে দলটিকে অভিনন্দন জানিয়েছেন।
পোস্টে তিনি আরও লিখেছেন, “এইভাবে দুষ্টের দমন করে মানুষের কল্যাণে বিজেপি কাজ করুক এই আশা রাখি।”
সুব্রদীপ চক্রবর্তী লিখেছেন, “বাংলাদেশে তো, RSS, বিশ্ব হিন্দু পরিষদ কিংবা বজরং দল নেই তাহলে কেন বাংলাদেশে গতকাল ১০০ টি হিন্দু পরিবারের বাড়ি ঘরে আগুন লাগানো হলো?”
প্রেমানন্দ বিশ্বাস নামের আরেকজন ফেসবুক ব্যবহারকারী ‘বিশ্ব সনাতনী মহাজোট (Bangladesh)’ নামের একটি ফেসবুক গ্রুপে পোস্ট করে দাবি করেছেন, নড়াইলের কালিয়ায় শতাধিক হিন্দু পরিবারের বাড়িতে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
প্রেমানন্দ বিশ্বাসের বিজেপি-সমর্থনের তথ্যও তাঁর ফেসবুক পোস্টে পাওয়া যায়।
একটি পোস্টে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের পক্ষে বক্তব্য দিয়েছেন।
পোস্টে তিনি লিখেছেন, “তোদের জম নরেন্দ্র মোদী এখন থেকে পশ্চিমবঙ্গে রাজত্ব করবে। তাঁকে সাহায্য করবে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মতো নেতারা।”
রাহুল বিশ্বাস নামের একটি একাউন্ট থেকেও বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের দাবি তুলে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ক্যাপশনে রাহুল লিখেছেন, “বাংলাদেশ এর হিন্দু দের ভয়ংকর পরিস্থি*তি.. দেখুন ভিডিও টা এবং বেশি বেশি করে শেয়ার করে ভারত সরকার Suvendu Adhikari দাদার কাছে পৌঁছে দিন।”
প্রচারিত ভিডিওতে একজন রক্তাক্ত নারীকে নিজেদের আক্রান্ত হওয়ার কথা বলতে দেখা যায়।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি অন্তত ১০ নভেম্বর থেকে অনলাইনে রয়েছে। অথচ নড়াইলে আলোচিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২০ নভেম্বর। ভিডিওটি কোথাকার, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাহুল বিশ্বাসের ফেসবুক অ্যাকাউন্টে বিজেপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়েও পোস্ট পাওয়া গেছে। একটি পোস্টে তিনি পশ্চিমবঙ্গে বিজেপির ৭০০টি সিএএ আবেদন শিবির আয়োজনের উদ্যোগের কথা প্রচার করেছেন।
এদিকে রবি হালদার নামক এক ব্যক্তি নড়াইলে ৩০০ হিন্দু বাড়িতে আগুন দেওয়ার দাবি করেছেন। তিনি লিখেছেন, “বাংলাদেশ প্রায় ৩০০ হিন্দু বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হলো, ভারতের সেকুলাররা বলবে ওটা হিন্দুদেরই দোষ ছিল।”
একইভাবে হরি জয়স্বাল নামের একটি একাউন্ট থেকেও নড়াইলে ২০০টির বেশি হিন্দু পরিবারের বাড়িতে আগুন দেওয়া এবং নারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।
এসব পোস্টে আওয়ামী লীগের প্রচারিত শত শত হিন্দু বাড়িতে আগুন ও হিন্দু নিধনের অসত্য দাবি নতুন করে প্রচারিত হচ্ছে।
দ্য ডিসেন্টকে যা বলেছিলেন হিন্দু নেতারা
স্থানীয় হিন্দু নেতারা দ্য ডিসেন্টকে জানিয়েছেন, শত শত হিন্দু বাড়ি আক্রান্ত হওয়ার খবরটি ভুয়া। এমনকি হিন্দুপাড়ায় হামলা হওয়ার খবরও সত্য নয়।
আক্রান্ত অন্তত ৩০টি বাড়িঘরের মধ্যে মাত্র একটির মালিক হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণপদ ঘোষ। তিনি কালিয়া উপজলা পরিষদ চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে।
কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ দ্য ডিসেন্টকে বলেন, “কালিয়ায় শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বেন্দারচরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটি সাবেক এমপি কবিরুল হক মুক্তির এলাকা এবং সেখানে এক ঘর হিন্দুও বসবাস করে না। আমাদের হিন্দু মহল্লার কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি। কেবল ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষের একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে কোনো হিন্দু বাড়িতে আগুন লাগানো হয়নি এবং সবাই নিরাপদে আছেন।”
কালিয়া কেন্দ্রীয় হরিবাসর মন্দির কমিটির সেক্রেটারি অলক সাহা দ্য ডিসেন্টকে বলেন, “আমার জানা মতে, কালিয়া বাজারে বা অন্য কোথাও কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি এবং কেউ আমাকে এমন কোনো তথ্য জানায়নি। যে বেন্দারচরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটি শতভাগ মুসলমান অধ্যুষিত এলাকা; সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। তবে লোকমুখে শুনেছি, ঘুষপাড়ায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িটি আক্রান্ত হয়েছে।”
কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরুপ ঘোষ বলেন, “ফেসবুকে যেভাবে প্রচার করা হচ্ছে, বাস্তবতা আসলে সেরকম নয়। এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুধুমাত্র একজনই আক্রান্ত হয়েছেন, তিনি কৃষ্ণ ঘোষ। তিনি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন। কালিয়ার ঘুষপাড়ায় অবস্থিত তার বাড়ির দুই-তিনটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর বাইরে বেন্দার চরে যে বাড়িগুলোতে আগুন লেগেছে, সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না; ওগুলো সব মুসলমান ও আওয়ামী লীগের লোকজনের বাড়ি।”
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দ্য ডিসেন্টকে বলেন, “গত ৫ আগস্টের পর থেকেই এখানকার কিছু বাড়ি ভাঙচুর ও পরিত্যক্ত অবস্থায় ছিল; সেখানে দু-একটি বসতি ছিল। গতকাল বিক্ষুব্ধ জনতা এসে নতুন করে ৪-৫টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫-২০টি বাড়ি ভাঙচুর করেছে। জানালা-দরজা ভাঙচুরের ফলে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যে তিনটি গ্রামে এ ঘটনা ঘটেছে সেখানে কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু বাড়িতে আগুন বা বিশৃঙ্খলার ঘটনাও ঘটেনি। হিন্দু বাড়িতে হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”