The ‘Genocide’ in Which No One Died

21 November 2026

একটি ফেসবুকে পোস্টে নড়াইলে ‘গণহত্যা’ সংঘটিত হয়েছে এবং মূলধারার সংবাদমাধ্যমগুলো তা প্রকাশ করছে না বলে দাবি করেছেন আওয়ামীপন্থী সাংবাদিক এবং অধুনালুপ্ত প্রোপাগান্ডা আউটলেট বাংলা ইনসাইডার এর সাবেক সম্পাদক সৈয়দ বোরহান কবীর। 

একই ধরনের দাবি ছড়ানো হচ্ছে আওয়ামীপন্থী বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকেও। 

এসব পোস্টে নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ২০০ থেকে ৩০০টি বাড়িঘরে অগ্নিসংযোগ, গণহত্যা ও গণধর্ষণের অভিযোগ করা হয়েছে। পাশাপাশি এসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলো নীরব রয়েছে বলেও দাবি করা হচ্ছে।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, নড়াইলের কালিয়া উপজেলায় ২০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের অন্তত ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সেখানে কারো মারা যাওয়ার কোন তথ্য নির্ভরযোগ্য কোন সূত্র থেকে পাওয়া যায়নি। কোন সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়নি। পুলিশ বা স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতারাও এমন কোনো দাবি করেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগেও একাধিকবার অসত্য তথ্য প্রচারের প্রমাণ রয়েছে বিগত আওয়ামী লীগের আমলে বাংলা ইনসাইডার নামক প্রোপাগাণ্ডা ওয়েবসাইটের সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে।

আওয়ামীপন্থী বিভিন্ন অ্যাকাউন্ট থেকেও ‘গণহত্যা’ বলে প্রচার

বোরহান কবীরের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষে সক্রিয় বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকেও নড়াইলে গণহত্যা, গণধর্ষণ এবং হিন্দু সম্প্রদায়ের শত শত বাড়িঘরে অগ্নিসংযোগের দাবি ছড়ানো হচ্ছে।

‘বাংলাদেশ ছাত্রলীগ - কেদারপুর ইউনিয়ন শাখা’ নামের একটি পেজ থেকে দাবি করা হয়, নড়াইল জেলায় হিন্দুদের প্রায় ৩০০ বাড়িঘরে বিএনপি-জামায়াতের কর্মীরা অগ্নিসংযোগ করেছেন। পাশাপাশি হিন্দু নারীদের ওপর হামলার অভিযোগও করা হয়েছে।

ডিসেম্বর ২০২৬ নামে আরেকটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, “নড়াইল এ গণহত্যা চালাচ্ছে বিএনপি নেতাকর্মীরা।” ওই পোস্টে সবাইকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানানো হয়।

‘Suraj Paira’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে, নড়াইলের কালিয়ায় শতাধিক বাড়িতে লুটপাট এবং ২০০টি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

পোস্টে আরও লেখা হয়, “এই নিয়ে মিডিয়া পুরোপুরি ব্ল্যাকআউট। নড়াইল মূলত:হিন্দুপ্রধান জেলা। সম্ভবত হিন্দুনিধনই উদ্দেশ্য।”

অন্যদিকে, ‘BillboardCracker71’ নামের একটি অ্যাকাউন্ট থেকেও নড়াইলে গণহত্যা ও গণধর্ষণের অভিযোগ প্রচার করা হয়েছে। 

এছাড়া ‘Bangla Academy International’ নামের একটি ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে, নড়াইলের হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে বিএনপি-জামায়াতের কর্মীরা বাড়িঘরে অগ্নিসংযোগ করছেন এবং সেখানে গণহত্যা ও গণধর্ষণ চলছে।

পোস্টে আরও লেখা হয়েছে, “পুরো নড়াইলের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর। এতো কিছুর পরও বাংলাদেশের গণমাধ্যম নিরবে সব দেখছে, নেই কোন সংবাদ, যেনো কিছু হয়নি।”

‘Md Alabox Titu’ নামের আরেকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে, নড়াইলের হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ করছে এবং সেখানে গণহত্যা ও গণধর্ষণ চলছে।

নড়াইলে আসলে কী ঘটেছিল

১৮ নভেম্বর সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হন।

ওই দিন বিডিনিউজে ‘নড়াইলে বিএনপির সন্ত্রাসবিরোধী মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলা, ২ নেতা নিহত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ওই দুই বিএনপি নেতা নিহত হন।

এই হত্যাকাণ্ডের জেরে শুক্রবার (২০ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত কালিয়ার বেন্দারচরসহ আশপাশের এলাকায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্থানীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়ার সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমান লিটন এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িও রয়েছে।

২১ নভেম্বর দ্য ডিসেন্টে ‘হিন্দু কমিনিউনিটি নেতারা বলছেন, নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলা-আগুনের খবর সত্য নয়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কালিয়ায় অন্তত ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

একই দিনে জাগো নিউজে ‘নড়াইলে সাবেক এমপি-মেয়রসহ ৬০ বাড়িতে হামলা-আগুন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে স্থানীয় সূত্রের বরাতে ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলার তথ্য দেওয়া হয়।

অন্যদিকে, প্রথম আলোর প্রতিবেদনে ফায়ার সার্ভিসের বরাতে ২০ থেকে ৩০টি বাড়িতে অগ্নিসংযোগের তথ্য প্রকাশিত হয়েছে।

অর্থাৎ, ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা নিয়ে স্থানীয় সূত্র, পুলিশ ও ফায়ার সার্ভিসের হিসাবে পার্থক্য থাকলেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা সত্য। কিন্তু প্রকাশিত এসব প্রতিবেদনে ২০ নভেম্বরের হামলায় কারও নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

হিন্দুদের শত শত বাড়িতে হামলার দাবি নাকচ স্থানীয় নেতাদের

২১ নভেম্বর দ্য ডিসেন্টকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, কালিয়ায় শত শত হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের তথ্য সত্য নয়।

আক্রান্ত অন্তত ৩০টি বাড়িঘরের মধ্যে মাত্র একটির মালিক হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণপদ ঘোষ। তিনি কালিয়া উপজলা পরিষদ চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে।

কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ দ্য ডিসেন্টকে জানান, বেন্দারচরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। তবে ঘোষপাড়ায় কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “কালিয়ায় শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

একই বিষয়ে কালিয়া কেন্দ্রীয় হরিবাসর মন্দির কমিটির সম্পাদক অলক সাহা দ্য ডিসেন্টকে জানান, কালিয়া বাজার বা অন্য কোথাও হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর তিনি পাননি। বেন্দারচর মুসলমান অধ্যুষিত এলাকা এবং সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না বলেও জানান তিনি।

কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরূপ ঘোষও দ্য ডিসেন্টকে জানিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের মধ্যে কেবল কৃষ্ণপদ ঘোষের বাড়িতে হামলার তথ্য তাঁদের জানা আছে।

তিনি জানান, কৃষ্ণপদ ঘোষের বাড়ির দুই থেকে তিনটি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। অন্যদিকে, বেন্দারচরে যেসব বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলো মুসলমান ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে দ্য ডিসেন্টের সঙ্গে কথা বলেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। 

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই সংশ্লিষ্ট এলাকার কিছু বাড়ি ভাঙচুর ও পরিত্যক্ত অবস্থায় ছিল। ২০ নভেম্বর বিক্ষুব্ধ ব্যক্তিরা নতুন করে চার থেকে পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫ থেকে ২০টি বাড়িতে ভাঙচুর করেন।

ওসির বলেন, জানালা-দরজা ভাঙচুরসহ এসব ঘটনায় আনুমানিক ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলার শিকার তিনটি গ্রামে কোনো হিন্দু বসতি নেই এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের দাবি প্রচার করা হলেও দ্য ডিসেন্টের স্থানীয় অনুসন্ধান, পুলিশের বিবরণ এবং প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলোতে এ ধরনের অপরাধ সংঘটিত হওয়ার পক্ষে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না রিজভী

অন্যদিকে, বোরহান কবীর তাঁর পোস্টে নড়াইলের ঘটনার জন্য ‘রিজভী বাহিনী’কে দায়ী করেছেন। একই ঘটনায় কয়েকটি ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উপস্থিতিতে হামলার অভিযোগ করা হয়েছে।

তবে দ্য ডিসেন্টের অনুসন্ধানে দেখা যায়, শুক্রবার সকালে নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত ও তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে নড়াইলে গিয়েছিলেন রিজভী ও অন্য নেতারা। কিন্তু তাঁরা দুপুর ১২টার আগেই এলাকা ত্যাগ করেন। অন্যদিকে, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম দ্য ডিসেন্টকে জানান, বিএনপির কেন্দ্রীয় নেতারা বেলা পৌনে ১২টার মধ্যে এলাকা ত্যাগ করেন।

এর আগেও ভুয়া তথ্য প্রচার করেছেন বোরহান কবীর

বোরহান কবীরের সম্পাদিত বাংলা ইনসাইডার থেকে এর আগেও একাধিক ভুয়া সংবাদ প্রকাশের তথ্য পাওয়া গেছে।

২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার ‘বোরহান কবীর: অপতথ্যের পুরোনো ক্রিয়েটর ফের সক্রিয় সেনা-পুলিশকে ঘিরে স্পর্শকাতর বয়ানের মাধ্যমে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।

ওই অনুসন্ধানে জানানো হয়, ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত বাংলা ইনসাইডারের প্রকাশিত ৫৩টি ভুয়া সংবাদ নিয়ে রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

এছাড়া ২০২৫ সালের ৭ ডিসেম্বর “ভিন্নভাবে সক্রিয় হওয়ার চেষ্টায় ভুয়া খবরের একটি ‘কারখানা’” শিরোনামে দ্য ডিসেন্টের একটি প্রতিবেদনে বাংলা ইনসাইডারের প্রকাশিত ১৮টি ভিত্তিহীন প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়।