Five West Bengal Ministers and MLAs Threaten War and Vow to Occupy Bangladesh

25 November 2026

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন তৎকালীর স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাসিনা বর্তমানে ভারতেই অবস্থান করছেন। সাম্প্রতিক সময়ে হাসিনা ও তার দল ঘোষণা দিয়েছে ডিসেম্বর মাসে পলাতক সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরবেন। যদিও বাংলাদেশ সরকার জানিয়েছে বন্দী প্রত্যর্পন চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা হবে হাসিনাকে।

হাসিনার দেশের ফেরার ডেডলাইন ঘোষণার পর থেকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন পলাতক আওয়ামী লীগের নেতারা। আর তাতে যুক্ত হয়েছেন ভারতের ক্ষমতাসীন দলে বিজেপির নেতারাও। হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন বিজেপির বেশ কয়েকজন নেতা।

গত এক মাসের বক্তব্যগুলো পর্যালোচনায় দেখা গেছে, গত ৮ থেকে ২৪ নভেম্বরের মধ্যে অন্তত ছয়জন বিজেপি নেতা বাংলাদেশকে দখল, আক্রমণ, অর্থনৈতিকভাবে চাপে ফেলা কিংবা যুদ্ধের হুমকি দিয়েছেন।

দ্য ডিসেন্টের খুঁজে পাওয়া উস্কানিমূলক বক্তব্যদাতা পশ্চিমবঙ্গের ৫ জন বিজেপি নেতা হলেন–  রাজ্য সরকারের চিফ হুইপ অম্লান ভাদুড়ি, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। 

উস্কানিমূলক বক্তব্যদাতা আরেকজন হলেন– বিজেপি নেতা ও ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য নিশিকান্ত দুবে।

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে নেওয়ার হুঁশিয়ারি

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ভাটপাড়া শহরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি দেন বিজেপি নেতা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।

এ সময় তিনি বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নিয়ে নেব। অনেক হয়েছে, বাংলাদেশের জন্য আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা তো আমাদের নিতেই হবে।”

অর্জুন সিং আরও বলেন, “প্রতিশোধ নেবো; এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশকে আর ছাড় দেওয়া যাবে না।”

আরেকটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “বাংলাদেশ নিয়ে নেব আমরা। রেডি টু ফ্লাই আছে। যেভাবে নিতে হবে নিয়ে নেব। ১৬ ডিসেম্বর বাংলাদেশ দিবস। ১৬ ডিসেম্বরে নিয়ে নেব।”

বাংলাদেশকে নিষিদ্ধ করা ও যুদ্ধ ঘোষণার আহ্বান অম্লান ভাদুড়ির

গত ২৪ নভেম্বর বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে নিষিদ্ধ করার পাশাপাশি যুদ্ধ ঘোষণার আহ্বান জানান বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চিফ হুইপ অম্লান ভাদুড়ি।

তিনি বলেন, “আন্তর্জাতিক লেভেলে চাপ দেওয়া দরকার যেন বাংলাদেশকে ব্যান করে দেওয়া হয়। সেখানে এ সমস্ত ঘটনা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যেন ইন্টারফেয়ার করা হয়। এবং সবার এটার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার দরকার আছে।”

অম্লান ভাদুড়ির এই বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি ও যুদ্ধ ঘোষণার আহ্বান উঠে এসেছে।

সীমান্ত বন্ধ করলে বাংলাদেশ না খেয়ে মারা যাবে: শমীক ভট্টাচার্য

গত ১৮ নভেম্বর বাংলাদেশকে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্য।

কলকাতার বিধাননগরে বিজেপির রাজ্য দপ্তরে ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শমীক। 

এ সময় তিনি বলেন, “বাংলাদেশকে আমরা কীভাবে সাহায্য করিনি? আমরা যদি আজকে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দিই, তবে বাংলাদেশ না খেয়ে পেয়ে মারা যাবে। ভারত বা পশ্চিমবঙ্গের কোনো বাঙালি কি কখনও এই কাজ করেছে?”

গত ২০ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “সীমান্ত বন্ধ করে দিলে বাংলাদেশিরা শুকিয়ে মরে যাবে।” একই ভিডিওতে “দেশটাই তো তৈরি করে দিয়েছে ভারত” বলে মন্তব্য করতেও শোনা যায় শমীককে।

একই ধরণের বক্তব্যে শমীক ভট্টাচার্যকে আরও দিতে দেখা গেছে। গত ২২ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শমীক ভট্টাচার্য বলেন, “বাংলাদেশের জন্ম ভারত দিয়েছে।” 

একইদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শমীক এই ধরণের মন্তব্য করেছেন বলে আনন্দবাজার উল্লেখ করেছে।

চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেট ‘পুনর্দখলের’ দাবি নিশিকান্ত দুবের

গত ৮ নভেম্বর বাংলাদেশের ভূখণ্ড পুনর্দখলের দাবি তোলেন বিজেপি নেতা ও ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য নিশিকান্ত দুবে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পাকিস্তানের হাত থেকে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের পাশাপাশি নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে।”

তিনি বলেন, “আমার মনে হয়, শুধুমাত্র পাকিস্তানের হাত থেকে পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল নয়, সময়ই হয়নি, জোর করে যে নোয়াখালি, চিটাগং বন্দর, সিলেট হস্তান্তরিত করেছিলেন নেহরুজী, তাও পুনরুদ্ধারের সময় এসেছে।”

বাংলাদেশের ভূখণ্ডের অংশ নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেটকে পুনর্দখলের দাবি জানিয়ে তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাংলাদেশ আক্রমণের ইঙ্গিত বিজেপি বিধায়কের

গত ২৩ নভেম্বর বাংলাদেশের পরিস্থিতি ও শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন পশ্চিমবঙ্গের বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদার।

তিনি বলেন, “....ভারত তো পাশে দাঁড়াবে না। এমনি তো পরাধীন হয়ে যাবে তারা। আর হিন্দুদের উপর অত্যাচার হলে ভারত চুপ করে বসে থাকবে। দীর্ঘদিন এটা হতে পারে না। আগামী দিন এই ধরনের সমস্যা দেখা দিলে ভারতও আক্রমণ করতে পারে।”

‘আগুন নিয়ে খেলছেন তারেক সাহেব’: খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া

গত ২৩ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

বিজেপির এই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, “আপনি কিন্তু আগুন নিয়ে খেলছেন তারেক সাহেব। এটা মাথায় রাখবেন। কারণ হিন্দু সনাতন ধর্মকে আজ পর্যন্ত কেউ ধ্বংস করতে পারেনি। ইউনূস সাহেব যে বীজ রোপণ করে গিয়েছিলেন– যে সাম্প্রদায়িক বীজ, যে জামায়াতে ইসলামীর বীজ– সেই বীজকে নিয়ে তারেক রহমান খেলা করছেন।”

তিনি আরও বলেন, “তারেক সাহেব, বাংলাদেশের হিন্দুদের প্রতি আপনি অত্যাচার করছেন, সারা বিশ্বের হিন্দু সনাতনীরা আপনাদেরকে ক্ষমা করবে না। তবে একটা কথা এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাব– আমি যতই রাজনীত করি না কেন, আগে একজন আমি হিন্দু সনাতনী। তাই হিন্দু সনাতনের স্বার্থে সারা বিশ্বে যেখানেই আন্দোলন গড়ে উঠবে, আমি তার বিরোধিতা করব। কারণ এই ধর্ম যদি বাঁচে আমি বাঁচব, এই ধর্ম যদি বাঁচে আমার পরবর্তী প্রজন্ম বাঁচবে।”