Indian Media Silent on Hindus Attacked by Awami League

24 November 2026

বিএনপির দুই নেতা আওয়ামী লীগারদের হামলায় খুন হওয়ার পর নড়াইলের কালিয়ায় ৩০টির মতো বাড়িঘর পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে। বিএনপিপন্থীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ রয়েছে।

উক্ত ঘটনায় আক্রান্ত বাড়িঘরের মধ্যে বাড়িগুলোর মধ্যে একটি মাত্র বাড়ি ছিল উপজেলা পর্যায়ের এক আওয়ামী লীগ নেতার, যিনি হিন্দু। এরবাইরে কোন হিন্দু বাড়িঘর আক্রান্ত হওয়ার খবর অস্বীকার করেছেন স্থানীয় হিন্দু নেতারা। এ বিষয়ে বিস্তারিত পড়ুন দ্য ডিসেন্ট এর প্রতিবেদনে।

কিন্তু এই ঘটনার পর ভারতীয় মিডিয়ায় ভুয়া খবর প্রচার করে দাবি করা হয় যে, নড়াইলে শত শত হিন্দু বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। ভারতীয় ক্ষমতাসীন বিজেপির নেতারাও এই ভুয়া খবর ছড়িয়েছেন এবং এর উপর ভিত্তি করে বিবৃতি দিয়েছেন। 

নড়াইলের ঘটনার মাত্র ২ দিন পর গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা সত্যিকারভাবেই ৪টি হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করেছে। আক্রান্তরা জানিয়েছেন, আওয়ামী লীগের মিছিল থেকে তাদের বাড়িতে হামলা করা হয়। তাদের অভিযোগ, তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় আওয়ামী লীগাররা এই হামলা করেছে।

তবে এবার ভারতীয় মিডিয়ার আচরণ বদলে গেল। নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর আক্রান্ত না হলেও সেই ঘটনায় আওয়ামী লীগের ভুয়া বয়ানের ওপর ভিত্তি করে খবর পরিবেশন করেছে ভারতের সংবাদমাধ্যমগুলো। কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগের হাতে সত্যিকারভাবে হিন্দুরা আক্রান্ত হওয়ার পরও তা নিয়ে কোন খবর প্রকাশিত হয়নি দেশটির কোন সংবাদমাধ্যমে।

নড়াইলে হিন্দু নির্যাতনের এই অসত্য খবরের ভিত্তিতে কবিতাও লিখেছেন কলকাতার কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সেই কবিতা নিয়েও সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম। 

দ্য ডিসেন্ট গোপালগঞ্জের হামলার শিকার ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও পুলিশের সঙ্গে কথা বলেছে। ভুক্তভোগী ও স্থানীয় জনপ্রতিনিধি ও মন্দির কমিটির বক্তব্যেও হামলায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতার তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিএনপি করায় আওয়ামী লীগের হামলার শিকার ৪ হিন্দু পরিবার

গত ১৯ নভেম্বর পার্শ্ববর্তী শিল্টা ও তেঁতুলিয়া গ্রামের শতাধিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা হাইশুর গ্রামে হামলা চালায়।

এ সময় তারা রাজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ক্ষিরোদ বিশ্বাসের তিনটি বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান, ইউনিয়ন যুবদলের সহসভাপতি অনির্বাণ বিশ্বাসের দুটি বসতঘর, চারটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি পোল্ট্রি খামারে ভাঙচুর ও লুটপাট করে।

এছাড়া ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গণপতি বিশ্বাসের দুটি বসতঘর এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম বিশ্বাসের বাড়িঘরেও হামলা ও লুটপাট করে তারা।

ক্ষিরোদ বিশ্বাস দ্য ডিসেন্টকে জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তার বাড়িঘরে ভাঙচুর করে। হামলার আশঙ্কায় বাড়ির পুরুষ সদস্যরা অন্যত্র চলে গিয়েছিলেন।

হামলাকারীদের শনাক্ত করতে পেরেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, “বাড়ির মেয়েরা, মেয়ে-ছেলেরা ছিল, তারা বলতেছে যে পাশের গ্রামের লোক।”

ক্ষিরোদ বিশ্বাসের অভিযোগ, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি হিন্দু পরিচয়ের কারণেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের লক্ষ্যবস্তু করেছে।

তিনি বলেন, “আমরা তো এই জায়গায় হিন্দু মানুষ তো। বিএনপি তো মুসলমানরা অনেকেই করে। তাদের কারো বাড়িঘরে হামলা হয়নি।”

হামলার কারণ সম্পর্কে ক্ষিরোদ বিশ্বাস আরও বলেন, “আমরা হিন্দু এবং বিএনপি করছি। বিএনপিকে ভোট দিছি, ধানের শীষে ভোট দিছি। আর পাশাপাশি হিন্দু, সেই কারণে হামলা করেছে।” 

৪টি পরিবারের বাড়িঘরসহ রাজপাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অনুপম বালার দুটি দোকানেও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর করেছে বলে দ্য ডিসেন্টকে জানান তিনি।

আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে এলাকা ছাড়তে হয়েছিল জানিয়ে অনুপম বালা বলেন, “আসলে তো সেদিন তো আমরা এলাকায় থাকতে পারছিলাম না। আমাদের এলাকা ছেড়ে চলে যেতে হইছিল।”

কেন তাদের এলাকা ছেড়ে যেতে হয়েছিল, জানতে চাইলে তিনি বলেন, “আমরা বিএনপি করি, এই জন্য।”

অনুপম বালার বর্ণনা অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় বাজারে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও দোকানপাটে লুটপাট করে। এছাড়া ক্ষিরোদ বিশ্বাস, গণপতি বিশ্বাস, উত্তম বিশ্বাস ও অনির্বাণ বিশ্বাসের বাড়িঘরেও হামলা ও লুটপাট করে তারা।

অনুপম বালা জানান, গ্রামের যে অংশে হামলা হয়েছে, সেখানে মুসলমানদের বসবাস নেই।

ওই এলকায় বসবাসরত আওয়ামী লীগ সমর্থক কোনো হিন্দুর বাড়িতেও হামলা হয়নি বলে জানান তিনি।

তার দাবি, হামলাকারীরা বেছে বেছে শুধুমাত্র বিএনপি সমর্থন করা হিন্দুদের বাড়িতে হামলা করেছে। হামলাকারীরা চেনে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে।

‘আওয়ামী লীগের মিছিল থেকে ঘর-দরজা ভাঙা শুরু করছে’

রাজপাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাম বিশ্বাসও হামলায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষয়ক্ষতির বিষয়ে রাম বিশ্বাস বলেন, “ঘর-দরজা ভাঙছে। ওই ঘরের ভিতর কিছু নাই।”

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আওয়ামী লীগের মিছিল আসছে, আওয়ামী লীগের মিছিল থেকে ঘর-দরজা ভাঙা শুরু করছে ।”

হামলার পেছনে ব্যক্তিগত শত্রুতা ছিল না উল্লেখ করে তিনি রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করেন। এর আগে এলাকায় এ ধরনের হামলা হয়নি বলেও জানান এই জনপ্রতিনিধি।

হাইশুর সার্বজনীন কালীমন্দিরের কোষাধ্যক্ষ সাধন দ্য ডিসেন্টকে বলেন, ‘আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই আতঙ্ক বিরাজ করছিল। এ কারণে তারাও অন্যত্র সরে গিয়েছিলেন।’

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি বলেন, “অরিজিনাল তথ্য হচ্ছে, এটা আওয়ামী লীগেরই মিছিল ছিল। এখন কে বা কারা, কোথাকার, কোন এরিয়ার, এটা বলতে পারতেছি না।”

আশপাশের এলাকায় মুসলিম সম্প্রদায়ের বিএনপি সমর্থকদের বসবাস থাকলেও তাদের বাড়িতে হামলা হয়েনি উল্লেখ করে তিনি বলেন, “আমাদের এরিয়াতে শুধু ওই যে আমাদের কয়টা বাড়িই সমস্যা হইছে।”

হামলার সময় স্থানীয়রা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কেউ এগিয়ে আসেনিও বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান দ্য ডিসেন্টকে বলেন, “আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটা শুনেছি। সেদিন গাছ কেটে এখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। আমাদের পক্ষে সম্ভব হয়নি ঘটনাস্থলে গিয়ে খোঁজ নেওয়া। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

ভুক্তভোগী ক্ষিরোদ বিশ্বাসও দ্য ডিসেন্টকে জানিয়েছেন, তারা এখনো মামলা করেননি।

ভারতের সংবাদমাধ্যমে নেই গোপালগঞ্জের হিন্দুদের ওপর হামলার খবর 

গত ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা নিহত হন। এর দুই দিন পর স্থানীয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ দলটির নেতাকর্মীদের অন্তত ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ লোকজন।

এই ঘটনাকে হিন্দু নির্যাতন হিসেবে উল্লেখ করে সংবাদ প্রচার করে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

এবিপি আনন্দ শিরোনাম করে, ‘দাউ দাউ করে জ্বলছে হিন্দুদের ঘর, পুড়ে খাক আওয়ামি লিগ সমর্থকদের বাড়ি, হাড়হিম করা কাণ্ড বাংলাদেশে’।

সংবাদ প্রতিদিন ‘অশান্ত বাংলাদেশে তুঙ্গে হিন্দু-বিদ্বেষ, নড়াইলে জ্বলল ২০০ বাড়ি! কাঠগড়ায় বিএনপি’ শিরোনামে সংবাদ প্রচার করে।

তবে ২২ নভেম্বর প্রকাশিত দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত বাড়িগুলোর মধ্যে একমাত্র হিন্দু মালিকানাধীন বাড়িটি ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের। ওই দিনের হামলায় কারো মৃত্যুর তথ্যও পাওয়া যায়নি।

‘নড়াইলে শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার’ অসত্য খবর প্রচার করলেও গোপালগঞ্জে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত চারটি হিন্দু পরিবারের ওপর আওয়ামী লীগের হামলার খবর ভারতীয় গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

দ্য ডিসেন্ট বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় ঘটনাস্থল, ভুক্তভোগীদের নাম ও হামলাসংশ্লিষ্ট বিভিন্ন কীওয়ার্ড ব্যবহার করে সার্চ করেছে। ২৪ নভেম্বর পর্যন্ত এসব ভারতীয় কোনো গণমাধ্যমে হাইশুরের ৪ হিন্দু পরিবারের ওপর হামলা নিয়ে প্রতিবেদন পাওয়া যায়নি।