Hindu Leaders Deny Reports of Attacks and Arson on Homes in Narail

21 November 2026

নড়াইলের কালিয়ায় নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি, কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িসহ অন্তত ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকালে থেকে সন্ধ্যার পর পর্যন্ত এ ঘটনা ঘটে। এ ঘটনায় আক্রান্ত বাড়িগুলো কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে। শুধু কালিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়ি স্থানীয় ঘোষ পাড়ায় অবস্থিত। হামলা ও অগ্নিসংযোগের জন্য বিএনপি নেতাকর্মীদেরকে অভিযুক্ত করেছেন স্থানীয়রা। 

উপজেলা প্রশাসন ও পুলিশের ভাষ্যমতে, গত ১৮ নভেম্বর কালিয়ায় আওয়ামী লীগ কর্তৃক বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় সন্দেহভাজন আওয়ামী নেতাকর্মীদের বাড়িঘরই মূলত আক্রান্ত হয়েছে।

এই ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল পেইজসহ ফেসবুকে শত শত আওয়ামীপন্থী একাউন্ট থেকে দাবি করা হচ্ছে, কালিয়ায় ‘শত শত’, ‘২০০’, এবং ‘৩০০’ হিন্দু বাড়ি ভাংচুর ও অগ্নিসংসযোগ করেছে বিএনপি-জামায়াত।

কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিতে এসব হামলা হয়েছে।

তবে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা এবং প্রশাসন জানিয়েছে, হিন্দুদের বাড়িঘরে হামলার দাবিগুলো সত্য নয়। এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর উপস্থিতিতে হামলার খবরও সত্য নয়। হামলার ঘটনা ঘটেছে বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রী নড়াইল ত্যাগ করেন দুপুর ১২টার আগে।

হিন্দু পাড়ায় হামলা করে শত শত বাড়ি পুড়িয়ে দেয়ার দাবিটি সত্য নয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল পেইজসহ বহু আওয়ামীপন্থী আইডি থেকে ক্যাম্পেইন চালানো হচ্ছে যে, কালিয়ায় শত শত হিন্দু আক্রান্ত। ২০০/৩০০ বাড়িঘরে ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে। ভারতে আশ্রিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও এই ধরনের দাবি সম্বলিত পোস্ট শেয়ার করেছেন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমেও এমন খবর প্রকাশিত হয়েছে।

তবে স্থানীয় হিন্দু নেতারা দ্য ডিসেন্টকে জানিয়েছেন, শত শত হিন্দু বাড়ি আক্রান্ত হওয়ার খবরটি ভুয়া। এমনকি হিন্দুপাড়ায় হামলা হওয়ার খবরও সত্য নয়। 

আক্রান্ত অন্তত ৩০টি বাড়িঘরের মধ্যে মাত্র একটির মালিক হিন্দু ধর্মাবলম্বী কৃষ্ণপদ ঘোষ। তিনি কালিয়া উপজলা পরিষদ চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে।

কালিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক ঘোষ দ্য ডিসেন্টকে বলেন, “কালিয়ায় শত শত হিন্দু বাড়ি পুড়িয়ে দেওয়ার যে খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বেন্দারচরে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটি সাবেক এমপি কবিরুল হক মুক্তির এলাকা এবং সেখানে এক ঘর হিন্দুও বসবাস করে না। আমাদের হিন্দু মহল্লার কোথাও কোনো হামলার ঘটনা ঘটেনি। কেবল ঘোষপাড়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবু কৃষ্ণপদ ঘোষের একটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর বাইরে কোনো হিন্দু বাড়িতে আগুন লাগানো হয়নি এবং সবাই নিরাপদে আছেন।”

কালিয়া কেন্দ্রীয় হরিবাসর মন্দির কমিটির সেক্রেটারি অলক সাহা দ্য ডিসেন্টকে বলেন, “আমার জানা মতে, কালিয়া বাজারে বা অন্য কোথাও কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি এবং কেউ আমাকে এমন কোনো তথ্য জানায়নি। যে বেন্দারচরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটি শতভাগ মুসলমান অধ্যুষিত এলাকা; সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না। তবে লোকমুখে শুনেছি, ঘুষপাড়ায় আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িটি আক্রান্ত হয়েছে।”

কালিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক অরুপ ঘোষ বলেন, “ফেসবুকে যেভাবে প্রচার করা হচ্ছে, বাস্তবতা আসলে সেরকম নয়। এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে শুধুমাত্র একজনই আক্রান্ত হয়েছেন, তিনি কৃষ্ণ ঘোষ। তিনি উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং উপজেলা চেয়ারম্যান ছিলেন। কালিয়ার ঘুষপাড়ায় অবস্থিত তার বাড়ির দুই-তিনটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর বাইরে বেন্দার চরে যে বাড়িগুলোতে আগুন লেগেছে, সেখানে কোনো হিন্দু পরিবার বসবাস করে না; ওগুলো সব মুসলমান ও আওয়ামী লীগের লোকজনের বাড়ি।”

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দ্য ডিসেন্টকে বলেন, “গত ৫ আগস্টের পর থেকেই এখানকার কিছু বাড়ি ভাঙচুর ও পরিত্যক্ত অবস্থায় ছিল; সেখানে দু-একটি বসতি ছিল। গতকাল বিক্ষুব্ধ জনতা এসে নতুন করে ৪-৫টি বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫-২০টি বাড়ি ভাঙচুর করেছে। জানালা-দরজা ভাঙচুরের ফলে প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যে তিনটি গ্রামে এ ঘটনা ঘটেছে সেখানে কোনো হিন্দু বসতি নেই এবং কোনো হিন্দু বাড়িতে আগুন বা বিশৃঙ্খলার ঘটনাও ঘটেনি। হিন্দু বাড়িতে হামলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না রিজভী

এদিকে ঘটনার সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন বলে কিছু ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে। 

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, এমন অভিযোগ অসত্য। ঘটনার দিন শুক্রবার নড়াইলের কালিয়ায় নিহত বিএনপির দুই নেতা সোহেল ও শাহিন মোল্যার পরিবারের সাথে সাক্ষাত করতে গিয়েছিলেন। তবে তিনি এবং তার সাথের অন্য মন্ত্রীরাও দুপুর ১২টার আগেই কালিয়া থেকে চলে আসেন। আর ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে বিকেল থেকে সন্ধ্যার সময়ে। 

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলাম দ্য ডিসেন্টোকে বলেন, “বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও প্রতিমন্ত্রী সকালে নিহতদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করে বেলা পৌনে ১২টার মধ্যেই এলাকা ত্যাগ করেন, আর এ হামলার ঘটনা ঘটেছে সন্ধ্যার ঠিক আগমুহূর্তে, ফলে তাঁদের উপস্থিতিতে বা নেতৃত্বে এ ঘটনা ঘটার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।”

হিন্দু আক্রান্ত বলে ছড়াচ্ছে এআই ছবি 

এদিকে এ ঘটনায় হিন্দু ধর্মালম্বীদের আক্রান্ত দেখাতে একাধিক এআই জেনারেটেড ছবি পোস্ট করছেন আওয়ামীপন্থীরা। 

প্রবাসী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শওকত হোসেন খান এক পোস্টে ২টি এ আই জেনারেটেড ছবি পোস্ট করে লিখেন, “বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভীর উস্কানিতে জ্বলছে নড়াইল। মুখে মধু অন্তরে বিষ। অন্যের ক্ষতি করে, নিজেরা বাঁচতে পারবেন তো? আল্লাহ সর্ব ক্ষমতার মালিক। এই ঘটনার মাধ্যমে পুরো দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিলেন! 

মো.হালিম শাহ লিল মিয়া নামক একটি আইডি থেকে একটি এআই জেনারেটেড ছবি পোস্ট করে লেখা হয়েছে, “নড়াইলে বি এন পি'র অগ্নি সন্ত্রাসীরা সংখ্যালঘু (হিন্দু) সম্প্রদায়ের প্রায় ৪০/৫০ টি বাড়িতে অগ্নিসংযোগ করে এবং বাড়ী-ঘরের সব জিনিস লুটপাট করে নিয়ে যায়। দাউ লাউ করে আগুন জ্বলছে এবং এক হিন্দু নারীর আর্তনাদ! পুরো জাতি স্তম্ভিত!”