BAL Supporters Spread Old Hospital Fire Video as False Claim of Militant Attack in Savar
সোমবার রাত ১২টার পর আওয়ামীপন্থী বেশকিছু ফেসবুক একাউন্ট থেকে একযোগে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, সাভারে জঙ্গি হামলা হয়েছে। চাঞ্চল্যকর ক্যাপশন দিয়ে এসব ভিডিও দ্রুত শেয়ার হতে থাকে।
একটি ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘এই মুহূর্তে সাভারে জঙ্গি হামলা হয়েছে। কোনো সাংবাদিককে নিউজ করতে দেওয়া হচ্ছে না। সাভারের সাবেক এমপি এনামের এনাম মেডিকেলে, উপজেলা স্বাস্থকমপ্লেক্স, এবং আওয়ামীলীগ এর প্রায় ৫০-১০০ ব্যবসা প্রতিষ্ঠানে গ্রেনেড ও পরিকল্পিত ভাবে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়।’’
এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, আওয়ামীপন্থীদের এমন দাবি মিথ্যা। সাভারে কোনো হামলার ঘটনাই ঘটেনি ওই রাতে।
প্রচারিত ভিডিওর কী-ফ্রেম রিচার্স ইমেজ সার্চে গত ১২ জুন খুলনা সিটি নামক একটি পেইজে মূল ভিডিওটি পাওয়া যায়। ওই ভিডিওর ক্যাপশনের তথ্য অনুযায়ী, খুলনা সিটি মেডিকেলে আগুন লাগার মুহূর্তের দৃশ্য এটি।
প্রাসঙ্গিক কী-ওয়ার্ড সার্চেও গত ১১ জুন খুলনার সিটি হাসপাতালে আগুন লাগার একাধিক প্রতিবেদন পাওয়া যায় সংবাদমাধ্যমে । প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গত ১১ জুন খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে রাত পৌনে দশটার দিকে নগরের ময়লাপোতা মোড়ের কাছে ১৭ তলা হাসপাতাল ভবনের নিচতলায় আগুন লাগে। সে সময় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টা পর রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে গতকাল রাতে সাভার মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোস্তাকিম বিল্লাহ বলেন, ‘‘ভিডিওটি দেখে আমরা আমাদের বিভিন্ন জায়গায় ডিউটিরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েছেন। তবে এমন কোনো ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়েও এমন কোনো ঘটনা ঘটেনি।’’
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মোখলেছুর রহমান বলেন, ‘‘সাভার অঞ্চলে এরকম কোনো ঘটনার খবর আমরা পাইনি। কোনো অগ্নি দূর্ঘটনা বা এমন কোনো ঘটনার কোনো তথ্য ফায়ার সার্ভিসের কাছে নেই।’’
এদিকে একই রাতে রাজধানীর খিলগাঁওয়ে সিলিন্ডার বিস্ফোরণের পুরোনো আরেকটি ভিডিওকেও সাভারে বোমা ও জঙ্গি হামলার দাবিতে প্রচার করতে দেখা গেছে আওয়ামীপন্থীদের।