False Claim Gias Qader ‘Secretly Left Bangladesh’ Spreads as He Travels to Singapore for Treatment
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক প্রোপাগান্ডা পেইজ ও ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ ঘণ্টায় প্রচার করা হয়েছে যে, চট্টগ্রাম ৬ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন।
গতকাল (২৪ নভেম্বর) আওয়ামী প্রোপাগান্ডা পেইজ ফ্রিডম বাংলা নিউজ ও মুখপত্র -এ একটি ফটোকার্ড শেয়ার করে লেখা হয়, “গোপনে দেশ ছাড়লেন বিএনপির সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী; নেতাকর্মীদের পাঠালেন সতর্কবার্তা”
একইদিন ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ ঘণ্টা তাদের এক ভিডিও প্রতিবেদনে জানায় “গোপনে দেশ ছাড়লেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।”
প্রতিবেদনে বলা হয়, “বাংলাদেশে এবার কি কোণঠাসা হচ্ছে বিএনপি? গোপনে দেশ ছাড়লেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। চট্টগ্রামের এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং দেশ ছাড়ার আগে নেতাকর্মীদের গোপন বার্তা; ঐক্যবদ্ধ থাকার বার্তা বিএনপি নেতার। যেমনটা খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, একদিকে হাসিনার প্রত্যাবর্তন, তার মধ্যে যে বাংলাদেশকে আরও অশান্ত করার যে ছক কষা হচ্ছে কি না, কারণ দুজন পাক আধিকারিকের হদিস পাওয়া গিয়েছে। তারা কী উদ্দেশ্যে সেই জাহাজে করে বিস্ফোরক নিয়ে যাচ্ছিল সেই প্রশ্ন যেমন রয়েছে, সেখানে বাংলাদেশে কোণঠাসা হচ্ছে কি বিএনপি? কারণ গোপনে দেশ ছেড়েছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।”
তবে গতকাল রাতে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দ্য ডিসেন্টকে জানিয়েছেন তিনি গত ২৩ তারিখ চিকিৎসা ও ব্যবসায়িক কাজে সিঙ্গাপুর গিয়েছেন। আজই ফিরবেন।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, “ভারতীয় গণমাধ্যমসহ বিভিন্ন মহলে আমার গোপনে দেশ ছেড়ে পালানোর যে ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে, আমি সেসব গুজবকে কোনো গুরুত্বই দিতে চাই না। আমি মোটেও গোপনে দেশ ছাড়িনি; গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 584 ফ্লাইটে সিঙ্গাপুরে এসেছি এবং একই ফ্লাইটে আমার সঙ্গে আরেকজন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও ছিলেন।
তিনি আরও বলেন, “আমি একজন ব্যবসায়ী হওয়ায় ভ্রমণ খরচ সাশ্রয়ী রাখতে চিকিৎসা ও ব্যবসায়িক কাজ একসাথে সমন্বয় করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি সিঙ্গাপুরে হাসপাতালে গিয়েছি এবং পাশাপাশি আমার নির্ধারিত ব্যবসায়িক অ্যাপয়েন্টমেন্টও সম্পন্ন করেছি। আমি এর আগেও এভাবে মাত্র এক দিনের জন্য সিঙ্গাপুরে এসেছি; গতকাল এসেছি, ইনশাআল্লাহ আগামীকালই দেশে ফিরে যাব।”
“যে ভয়েস মেসেজের কথা বলা হচ্ছে, সেটি কোনো গোপন বার্তা নয়; বরং তা সবারই জানা। আমি আসার আগে আমার দলীয় কর্মীদের উদ্দেশ্যেই ওই ভয়েস মেসেজটি দিয়ে এসেছিলাম। সেটিকে ‘পালিয়ে যাওয়ার বার্তা’ হিসেবে প্রচার করা চরম নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়”, বলেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।