False Quote Attributed to MP Sanjida Tuli Over Demolition of RADDA Health Centre

Azaharul Islam
By
Azaharul Islam
29 September 2026

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।

এরপর ফেসবুকে বিভিন্ন একাউন্ট থেকে একটি ভিডিও এবং ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, ‘‘সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম বলেছেন, দখল নয়, সংস্কারের উদ্দেশ্যেই রাতে ভা'ঙা হয় স্বাস্থ্যকেন্দ্র।’’

যাচাই এ দেখা যায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৮ মিনিটে Discover বাংলা নামে একটি ফেসবুকে পেইজে ‘‘মধ্যরাতে রাড্ডা হাসপাতাল ভা'ঙচুর দখল নয়, সংস্কারের উদ্দেশ্যে। পরিদর্শনে সানজিদা ইসলাম তুলি’’ ক্যাপশনে প্রথম ভিডিও পোস্ট (আর্কাইভ) করা হয়।

পরবর্তীতে একাধিক ফেসবুক পেইজ ও একাউন্টে একই ভিডিও এবং ক্যাপশনটির লেখার ফটোকার্ড পোস্ট করতে দেখা যায়। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।

তবে  পরিদর্শনকালে একাধিক সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে সানজিদা ইসলাম তুলিকে এমন কথা বলতে শোনা যায়নি।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংস্কারের বিষয়ে সানজিদা ইসলাম তুলি বলেন, “আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা কাজ শুরু করে দিয়েছে। এবং আমাদের নির্দেশনাই আছে, আগে যেগুলো ভেঙে পড়ে গেছে ওগুলো সরানো হয়। যেটুকু কনস্ট্রাকশন করার জন্য, শুরু করার জন্য... আস্তে আস্তে এভাবে যেন সংস্কার কাজে যায়।” 

বক্তব্য প্রদানকালে হামলার ঘটনার প্রতিবাদও জানান তিনি। সাক্ষাৎকারের কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

ডিসকভার বাংলার পোস্টের তথ্যসূত্র জানতে তাদের পেইজে থাকা ই-মেইলে দুপুর সাড়ে ১২টার দিকে যোগাযোগ করে দ্য ডিসেন্ট। বিকেল ৪টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। পেইজটিতে অন্য কোনো যোগাযোগের মাধ্যম উল্লেখ নেই।

এ বিষয়ে জানতে চাইলে সানজিদা ইসলাম তুলি দ্য ডিসেন্টকে বলেন, ‘‘এই ধরণের কথা আমি কখনো বলিনি। বরং আমি সবসময় এই ধরণের ন্যাক্কারজনক ঘটনার বিপক্ষে। এটার যথাযথ বিচার হওয়া দরকার।’’

তিনি আরও বলেন, ‘‘এটা একটা সেবাদানকারী প্রতিষ্ঠান। এইটা এখন শুধু রাড্ডার ইস্যু না, এটা এখন সারা বাংলাদেশের ইস্যু। আর মাঝখান থেকে মিথ্যা প্রচারণাগুলোও বন্ধ হোক। মিথ্যা প্রচারণা বন্ধ না হলে ন্যায়বিচার ব্যহত হয়।’’

প্রসঙ্গত, বিভিন্ন সংবাদমাধ্যমের খবরমতে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, টিকা, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নেয়, এরপর ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি ১৯৭৪ সালে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের মাতৃ ও শিশুসেবা দেওয়ার উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটি শিশুদের টিকাদান, শিশু স্বাস্থ্যসেবা, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন সেবা দিয়ে আসছিল।