Sunamganj Family Killing Photo Misrepresented as Murder of Awami League Leader’s Children in Bogura
ফেসবুকে তিনটি শিশুর মৃতদেহের ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বগুড়ায় আওয়ামী লীগ নেতার পরিবারের তিন শিশুকে বিএনপির মব সন্ত্রাসীরা হত্যা করেছে।
এরকম দাবি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, দাবিটি সত্য নয়। মূলত ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জের তাহিরপুরে এক বাবার বিরুদ্ধে তিন সন্তানকে বিষপান করিয়ে হত্যার অভিযোগের ঘটনাকে বগুড়ার রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে ‘Md Afroz Ali’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই শিশুদের একটি ভিডিও পাওয়া যায়। গত ১৯ সেপ্টেম্বর পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, “সুনামগঞ্জ তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যা করলো বাবা। সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশু সন্তানকে বিষপান করিয়ে নিজেও তা পান করেছেন শরাফত আলী নামে এক বাবা। বিষক্রিয়ায় সন্তানরা মারা গেলেও মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।”
উক্ত পোস্টের সূত্র ধরে সংশ্লিষ্ট কী-ওয়ার্ড দিয়ে সার্চ করা হলে বিভিন্ন সংবাদমাধ্যমে ঘটনাটি নিয়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়।
গত ১৯ সেপ্টেম্বর দ্য ডেইলি স্টার-এ “সুনামগঞ্জে ৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, “সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। নিজেও বিষ পান করে তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।”
প্রতিবেদনে আরও বলা হয়, মারা যাওয়া তিন শিশু হলো মাওয়া (১০), তার দুই ভাই তামিম (৭) ও শামীম (২)। গত ১৯ সেপ্টেম্বর ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে প্রতিবেশী ও স্বজনেরা অভিযুক্ত শরাফত আলী ও তার তিন সন্তানকে বাড়ি থেকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এছাড়া, গত ২০ সেপ্টেম্বর প্রথম আলো-তে “তিন সন্তানসহ বিষ পানের কথা স্বজনকে ফোনে জানান সরাফত” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শরাফত আলী তার তিন সন্তানকে নিয়ে লিচুর জুসের সঙ্গে ‘বিষ’ পান করেন। এ সময় তার স্ত্রী ফাতেমা বেগম সৌদি আরবের উদ্দেশে যাত্রা করছিলেন।”
প্রতিবেদনে স্বজনদের বরাতে আরও বলা হয়, “স্ত্রী বিদেশে যাওয়া নিয়ে মনোমালিন্যের জেরেই শরাফত এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্বজনেরা জানান, শরাফত মাদকাসক্ত ছিলেন এবং অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন।”
এছাড়াও গত ১৯ সেপ্টেম্বর বিডিনিউজ২৪ ডট কম-এ “সুনামগঞ্জে বিষ খাইয়ে ৩ শিশুকে হত্যা: ‘বাবা জোর করে কিছু খাইয়েছে, ব্যথা করছে’” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তিন শিশুকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে স্বজনরা ধারণা করেছেন।
তারা এ ঘটনার জন্য শিশুদের বাবার দিকে ইঙ্গিত করেছেন; যিনি নিজেও ‘বিষ পান’ করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।”