Satirical Video About Installing Tiles in Paddy Fields Mistaken for a Real Statement

Azaharul Islam
By
Azaharul Islam
21 September 2026

গত ২০ সেপ্টেম্বর এক তরুণীর ভিডিও ছড়িয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিভিন্ন ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। পোস্টের ক্যাপশন ছিল, ‘‘বিএনপি নেতার পুকি মেয়েটা এমপি হলে ধানের ক্ষেতে টাইলস লাগাবে যাতে পায়ে কাঁদা না লাগে!’’

দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

ভিডিওতে ওই তরুণীকেও এই ধরণের কথা বলতে শোনা যায়। পোস্টের কমেন্টে বিএনপি নেতার মেয়ে হিসেবেই বিদ্রুপ করে অনেক অশালীন কমেন্ট করতেও দেখা গেছে।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত দাবিটি বিভ্রান্তিকর। ভাইরাল ভিডিওটি মূলত একাত্তর প্রকাশ নামে একটি ফেসবুক পেইজ থেকে ‘‘কে হবে কুষ্টিয়া জেলার সেরা চাপাবাজ’’ শীর্ষক একটি বিনোদনমূলক অনুষ্ঠানের।

ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে একাত্তর প্রকাশ নামে ফেসবুক পেইজটিতে তরুণীর মূল ভিডিওটি খুঁজে পাওয়া গেছে। ভিডিওর শেষে ‘‘আজ হবে চাপাবাজি’’ লেখা ছিল।

পেইজটি থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে ওই তরুণী ছাড়াও আরও ৫ জনের চাপাবাজি বক্তব্য দিতে দেখা গেছে। পুরো ভিডিও দেখুন এখানে

এ বিষয়ে জানতে একাত্তর প্রকাশের পরিচালক সুমন মিয়ার সঙ্গে যোগাযোগ করে দ্য ডিসেন্ট। তিনি বলেন, ‘‘ভাইরাল দাবিটি সঠিক নয়। ‘চাপাবাজি’ একাত্তর প্রকাশের একটি সম্পূর্ণ বিনোদনমূলক প্রতিযোগিতা। ওই তরুণীও প্রতিযোগী হিসেবে সেখানে বক্তব্য দিয়েছিলেন। এই প্রতিযোগিতার সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।’’

তিনি আরও বলেন, ‘‘কুষ্টিয়া জেলা দিয়ে এই প্রতিযোগিতার সূচনা করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশের ৬৪ জেলা থেকেই অনুষ্ঠানটি পরিচালনার পরিকল্পনা রয়েছে।’’

তবে, দ্য ডিসেন্ট ঐ তরুনীর বাবা বিএনপি নেতা কিনা সেটা নিশ্চিত হতে পারেনি।