Mahfuz Anam Did Not Say RAW Is Blocking Bangladesh from Joining the ‘Makkah Pact’

The Dissent Desk
By
The Dissent Desk
15 August 2026

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ বাংলাদেশকে ‘মক্কা প্যাক্টে’ যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের একটি দেশ ও ইসরায়েলকে যুক্ত করে ভারত-নেতৃত্বাধীন বিকল্প একটি প্রতিরক্ষা জোট গঠনের চেষ্টা চলছে বলেও তাকে বলতে শোনা যায়।

দেখুন এখানে, এবং এখানে।

যাচাই করে দেখা যায়, মাহফুজ আনাম এমন কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ৮ আগস্ট গণ-অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে ইন্ডিয়া টুডেকে দেওয়া মাহফুজ আনামের একটি সাক্ষাৎকারের ভিডিও পরিবর্তন করে এই ভুয়া বক্তব্য তৈরি করা হয়েছে। মূল ভিডিওর একটি অংশের সঙ্গে এআই-তৈরি অডিও যুক্ত করে সেটিকে তার বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।

সাক্ষাৎকারের মূল ভিডিও দেখুন এখানে

মূল সাক্ষাৎকারটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর বাংলাদেশকে ‘মক্কা প্যাক্টে’ যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা কিংবা ভারত ও ইসরায়েলকে কেন্দ্র করে বিকল্প কোনো প্রতিরক্ষা জোট গঠনের বিষয়ে মাহফুজ আনাম কোনো বক্তব্য দেননি।

ভিডিওতে এআই দিয়ে পরিবর্তনের লক্ষণ

ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যবেক্ষণ করেও এআই দিয়ে পরিবর্তনের বেশ কিছু লক্ষণ পাওয়া যায়। ভিডিওতে মাহফুজ আনামের মুখ ও ঠোঁটের নড়াচড়ার সঙ্গে শোনা যাওয়া বক্তব্যের সামঞ্জস্য নেই। কিছু অংশে ঠোঁটের নড়াচড়া ও উচ্চারিত শব্দের মধ্যে স্পষ্ট অসংগতি দেখা যায়। পাশাপাশি কণ্ঠস্বরটিও অস্বাভাবিক ও রোবোটিক শোনায়। এ ধরনের অডিও-ভিজ্যুয়াল অসামঞ্জস্য এআই দিয়ে তৈরি বা পরিবর্তিত ভিডিওতে দেখা যেতে পারে।

বিষয়টি আরও যাচাই করতে এআই-তৈরি কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্টের মাধ্যমে ভিডিওটির অডিও বিশ্লেষণ করা হয়। প্ল্যাটফর্মটির বিশ্লেষণে ভিডিওতে ব্যবহৃত কণ্ঠস্বর এআই-তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ দেখানো হয়েছে।

এ ছাড়া, দ্য ডেইলি স্টারও গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে মাহফুজ আনামের নামে ছড়িয়ে পড়া ভিডিওটিকে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও হিসেবে শনাক্ত করেছে।

সুতরাং, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ বাংলাদেশকে ‘মক্কা প্যাক্টে’ যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে এবং ভারত-নেতৃত্বাধীন বিকল্প প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ চলছে—এমন বক্তব্য মাহফুজ আনাম দেননি। তার পুরোনো একটি সাক্ষাৎকারের ভিডিওতে এআই-তৈরি অডিও যুক্ত করে বক্তব্যটি তার নামে প্রচার করা হচ্ছে।