Toy Gun Advertisement Falsely Shared as Weapons Training at a Madrasa
গতকাল (১১ আগস্ট) ফেসবুকে Tipu Rahman Chowdhury নামের একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়, মাদ্রাসার ভেতরে ছাত্রদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষে একজন ব্যক্তি একটি রাইফেল হাতে নিয়ে এর বিভিন্ন অংশ দেখাচ্ছেন। তার পাশে হেলমেট পরিহিত আরেক ব্যক্তিকেও দেখা যায়, যার হাতেও একটি রাইফেল রয়েছে।
একই দাবিতে আরো পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণের কোনো দৃশ্য নয়। এটি ‘Badhon's World’ নামের একটি প্রতিষ্ঠানের খেলনা বন্দুক বিক্রির বিজ্ঞাপনের ভিডিও। মূল ভিডিওটি ডাউনলোড করে এর অডিও পরিবর্তন করে মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণের ভুয়া দাবি ছড়ানো হয়েছে।
ভাইরাল ভিডিওটির বিভিন্ন ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Badhon's World নামের একটি ফেসবুক পেজে ১০ আগস্ট আপলোড করা মূল ভিডিওটি পাওয়া যায়।
‘প্রিমিয়াম কোয়ালিটির গান’ ক্যাপশনে প্রকাশিত ভিডিওটিতে বলা হয়, এটি Badhon's World-এর একটি ‘ভাইরাল গান’। এতে জেল বুলেট ব্যবহার করা হয়েছে। ভিডিওতে বলা হয়, এই বুলেটে ব্যথা লাগবে না, তবে পিঁপড়ার কামড়ের মতো অনুভূতি হতে পারে। আরও বলা হয়, এই বন্দুকটি মুভির শুটিং ও ফায়ারিং গেম খেলার জন্য ব্যবহার করা যাবে।
পেজটি ঘুরে একই কক্ষে ধারণ করা ভিন্ন পণ্যের বিজ্ঞাপনের ভিডিওও পাওয়া যায়। এছাড়া, পেজটিতে এর আগেও টয় গান বা খেলনা বন্দুকের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
Badhon's World-এর ভিডিও ব্যবহার করে মাদ্রাসায় অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ (১২ আগস্ট) পেজটি থেকে আরেকটি ভিডিও প্রকাশ করে বিষয়টির ব্যাখ্যা দেওয়া হয়।
ভিডিওতে একটি ডিভাইসে ভাইরাল পোস্ট দেখিয়ে বলা হয়, “এরকম অনেক ভিডিও দেখলাম ভাইরাল হচ্ছে। এখানে দাবি করা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির একে-৪৭ দিয়ে।”
এরপর ভিডিওতে খেলনা বন্দুকটি দেখানো হয়। ভাইরাল ভিডিওতে থাকা আরেক ব্যক্তির পরিচয় প্রসঙ্গে বলা হয়, “এই লোকের চেহারা দেখিয়ে বলা হলো সে নাকি মাদ্রাসার ছাত্র। সে আমাদের এখানের ভিডিও এডিটর।”
একইভাবে, ভিডিও ধারণের স্থানকে মাদ্রাসা দাবি করার বিষয়েও প্রতিষ্ঠানটি জানায়, সেটি আসলে তাদের অফিস। ভিডিওতে বলা হয়, “অফিসের দৃশ্য দেখিয়ে বলা হয়েছে, এটা নাকি মাদ্রাসা। আমাদের MayonsBd-এর অফিস দেখিয়ে বলেছে এটা নাকি মাদ্রাসা।”
ভাইরাল পোস্টে দেখানো রাইফেলটি আসল অস্ত্র নয় উল্লেখ করে ভিডিওতে আরও বলা হয়, “এটা একটা সিম্পল টয় গান (খেলনা বন্দুক)। সেটা ভিডিওতেও বলছি। সেই ভিডিওটা ডাউনলোড করে নিজের মতো যা খুশি প্রচার করছে। এটা হচ্ছে জেল ব্লাস্টার গান, এখানে যে বুলেটগুলা এগুলো ম্যাজিক বল।”
অর্থাৎ, মাদ্রাসায় ছাত্রদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে একটি খেলনা বন্দুকের বিজ্ঞাপন। Badhon's World-এর মূল বিজ্ঞাপনের ভিডিওটি ডাউনলোড করে এর অডিও পরিবর্তন করে ভিন্ন ও বিভ্রান্তিকর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।