Mirpur Footage Falsely Linked to Gazipur Attack on Toufiq by BNP Supporters

Azaharul Islam
By
Azaharul Islam
4 November 2026

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে আহত হয়ে পরে মারা যাওয়া শ্রমিক তৌফিক হোসেনের ঘটনা দাবি করে ভিন্ন একটি ভিডিও প্রচার করছেন বিএনপিপন্থীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব কে এম নাজমুল হক (আর্কাইভ), জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেইজ (আর্কাইভ) সহ বিএনপিপন্থী বিভিন্ন একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়।

পোস্টের ক্যাপশন ছিল, “মুখে মাস্ক পরা এই হামলাকারী কে? গার্মেন্টস কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশের দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে ‘ক্যামেরা অফ কর’ বলে তৌফিকের ওপর চড়াও হয় শ্রমিকদের সঙ্গে মিশে থাকা দুর্বৃত্তরা। এরপর তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। শেষ পর্যন্ত প্রাণ হারান তৌফিক।”

আরও দেখুন: এখানে, এখানে ও এখানে।

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত ভিডিওটি তৌফিকের মৃত্যুর ঘটনা সম্পর্কিত নয়। কারণ, পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে তৌফিক আহত হন ২ নভেম্বর। পরে ৩ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আর এই ভিডিওটি ১ নভেম্বর থেকেই অনলাইনে পাওয়া যায়।

ভিডিওটিকে গাজীপুরের বলে প্রচার করা হলেও মূলত মিরপুর ২ এর বড়বাগ এলাকার আজমত গার্মেন্টসে শ্রমিকদের ভাঙচুরের দৃশ্য এটি।

মূল ভিডিওটি খুঁজতে গিয়ে Kazi Omur Faruk নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ১ নভেম্বর একই ভিডিও পোস্ট হতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “গার্মেন্টস_শ্রমিকদের_তান্ডব। মিরপুর দুই সাইড ফিট রোড বড় বাঘ আজমত গার্মেন্টস।”

RaHat Ahmed Limon নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে একই দিনে প্রকাশিত ঘটনার আরেকটি ভিডিও ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা অবস্থায় পাওয়া গেছে।

এ ছাড়া, MRBB নামের একটি চ্যানেলে আজমত গার্মেন্টসে হামলার একাধিক ভিডিও পোস্ট করা হয়।

দেখুন এখানে, এখানে ও এখানে।

এদিকে, গুগল ম্যাপে লোকেশন যাচাই করে ভিডিওটির সঙ্গে মিরপুর-২ এর বড়বাগ এলাকার আজমত গার্মেন্টসের ভবনের অবকাঠামো ও আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে মিল পাওয়া গেছে।