Old Madaripur Video Falsely Linked to Awami League’s Dhaka ‘Lockdown’
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মশাল মিছিলের ভিডিও প্রচার করে সেটিকে ওই কর্মসূচির দৃশ্য হিসেবে দাবি করা হয়েছে।
বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক Emam Hossen Shubo তার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করে লেখেন, “লকডাউন সফল করুন।”
দ্য ডিসেন্টের যাচাই এ দেখা যায়, ভিডিওটি আওয়ামী লীগের সাম্প্রতিক ‘লকডাউন’ কর্মসূচির নয়। এটি চলতি বছরের ১২ আগস্ট মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত একটি মশাল মিছিলের দৃশ্য।
‘Madaripur Moitri Media centre / মৈত্রী মিডিয়া’ নামের একটি ফেসবুক পেজে ১৩ আগস্ট প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর প্রথম প্রায় ৩০ সেকেন্ডের দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
পোস্টটির ক্যাপশনে বলা হয়, ১২ আগস্ট মাদারীপুরের বিভিন্ন নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের করা হয়। এতে ছাত্রদল, ছাত্রশিবির, গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
স্টার নিউজের ওয়েবসাইটে ১২ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ঘটনার তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, মাদারীপুরের নদীগুলো থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিডি ইউনিয়নের ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন নাগরিকেরা ওই মশাল মিছিল করেন।
একই ভিডিও এর আগেও ভিন্ন দাবিতে ছড়ানো হয়েছিল। চলতি বছরের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত মশাল মিছিলের দৃশ্য বলে ভিডিওটি প্রচার করা হয়। সে সময় এ নিয়ে একটি ফ্যাক্টচেক প্রকাশ করে রিউমার স্ক্যানার।
সুতরাং, মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে আয়োজিত একটি পুরোনো মশাল মিছিলের ভিডিওকে আওয়ামী লীগের সাম্প্রতিক ‘লকডাউন’ কর্মসূচির দৃশ্য বলে প্রচার করা হয়েছে। দাবিটি বিভ্রান্তিকর।