Rumeen Farhana Posts Fake Qoute Attributed to Home Minister

Mohammed Raihan
By
Mohammed Raihan
6 October 2026

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার ভেরিফাইড ফেসবুকে আইডি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। যেখানে লেখা, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, “বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ফটোকার্ডটি পোস্ট করে ক্যাপশনে রুমিন ফারহানা লিখেছেন, ‘‘একটা দলের ৯৯.৯৯% চাঁদাবাজ হলেই কি তাকে চাঁদাবাজ দল বলা যায় নাকি? কখনোই না।’’

এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর আইডিতেও ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়েছে, “সালাউদ্দিন ভাই কঠিন নছিহত করেছেন। আপনারা সালাউদ্দিন ভাইয়ের কথার উপর আমল করিবেন।”

এরকম দাবি সম্বলিত আরো কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

কিন্তু যাচাই করে দেখা গেছে, মন্তব্যটি ভুয়া। তবে “বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ” স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য পাওয়া যায়। 

এ বিষয়ে রুমিন ফারহানা দ্য ডিসেন্টকে বলেন, ‘‘এটি আমার পেইজ। আমি ফেসবুকে পেয়ে পোস্ট করেছি। এখন ওরা চাইলে মামলা করুক।’’

সংশ্লিষ্ট কী-ওয়ার্ড সার্চ দিয়ে ছড়ানো ফটোকার্ডটির মূল উৎস খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি গত ১ অক্টোবর পোস্ট করা হয়েছিলো যমুনা টেলিভিশনের ফটোকার্ডের আদলে তৈরি ‘আশার আলো’ নামক একটি পেইজ থেকে। এই পেইজে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের নামে ভুয়া উক্তি সম্বলিত ফটোকার্ড পোস্ট করতে দেখা যায়। উক্ত পেইজ ছাড়া আর কোনো সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর এরকম কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

গত ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা শেষে এক ব্রিফিংয়ে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানে কোন চাঁদাবাজির ঘটনা ছিল না তিনি (সালমান মুক্তাদির) নিজেই বলেছেন। তার কাছে চাঁদা চাননি তিনি নিজেই বলেছেন। তার পরক্ষণেই তিনি বলেছেন বিএনপি চাঁদাবাজ। বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে সেটা বিচার করবে জনগণ।”