The Person Seen Being Attacked by a Chhatra Dal Leader Is Not Alif
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ আরও অনেকে ৩০ জুলাই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কালো টি-শার্ট পরা একজন ব্যক্তির ছবি দিয়ে লিখেছেন, “যে সন্ত্রাসীর হামলায় আমাদের ভাই আলিফের একটি চোখ সারাজীবনের জন্য কেড়ে নেওয়া হয়েছে, তার নাম—নাজমুল হাসান অনি। সদস্যসচিব, হবিগঞ্জ সদর উপজেলা ছাত্রদল। বিচার কি হবে, তারেক রহমান?”
দেখুন এখানে।
প্রচারিত ছবিটিতে দেখা যায়, রডসদৃশ একটি বস্তু হাতে কালো টি-শার্ট পরা একজন ব্যক্তি গ্রে রঙের টি-শার্ট পরা আরেক ব্যক্তিকে লক্ষ্য করে মারতে উদ্যত হচ্ছেন।
প্রচারিত ছবিতে গ্রে রঙের টি-শার্ট পরা ব্যক্তির ওপর একই দিন হামলায় চোখ হারানো আলিফের ছবি যুক্ত করে আক্রান্ত ব্যক্তিটিকে ‘আলিফ’ বলে প্রচার করা হয়েছে।
সারজিস আলমের পোস্টের পর একই দাবি করেছেন আরো অনেকে দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
তবে যাচাইয়ে দেখা যায়, গ্রে রঙের টি-শার্ট পরা ব্যক্তি আক্রান্ত আলিফ নন।
যদিও হামলাকারী ব্যক্তিটি হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসান অনি- এটা সত্য।
হবিগঞ্জে ওইদিন ছাত্রদল নেতাকর্মীদের হামলার সময় চোখে আঘাত পান আলিফ। চিকিৎসকরা জানিয়েছেন, তার চোখে দৃষ্টি না ফেরার শঙ্কা রয়েছ। এনসিপি নেতারা অভিযোগ করেছেন, রড দিয়ে আঘাত করে আলিফের চোখ নষ্ট করে দিয়েছেন ছাত্রদল কর্মীরা।
তবে আলিফের চোখে আঘাতকারীর পরিচয় শনাক্ত করতে পারেনি দ্য ডিসেন্ট।
একটি ভিডিওতে দেখা যায়, গ্রে টি-শার্ট পরা ব্যক্তির ওপর হামলাকারী হলেন হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসান অনি। তবে আক্রান্ত যুবক আলিফ নন।

আহত হওয়ার সময় আলিফ সাদা একটি পাঞ্জাবি পরা অবস্থায় ছিলেন। কিন্তু সারজিস আলমের প্রচারিত ছবিতে হামলার শিকার ব্যক্তিকে গ্রে টি-শার্ট পরে থাকতে দেখা যায়। এ ছাড়া দুজনের শারীরিক গড়ন, চুলের ধরন ও মুখাবয়ব আলাদা।
জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরী (১৯) দ্য ডিসেন্টকে জানিয়েছেন, “যে ব্যক্তি আমাকে আঘাত করেছেন, তাঁকে আমি চিনি না।হঠাৎ করে এসে মেরেছে পেছন থেকে। আমি কিছুই বলতে পারিনা কে মেরেছে।"
গত ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এ সময় হামলাকারীদের মারধরে ছাত্রশক্তির নেতা আলিফ বাঁ চোখে মারাত্মক আঘাত পান।