Claims of Record Number of Border Killings in 2025 Are False

The Dissent Desk
By
The Dissent Desk
19 May 2026

গতকাল (১৮ মে) বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে ‘সীমান্ত হত্যা প্রতিরোধের বাংলাদেশ চাই’ শিরোনামে প্রচারিত টকশোতে সঞ্চালক সৈয়দ আশিক রহমান দাবি করেছেন, ২০২৫ সালে সীমান্তে হত্যায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। টকশোর শুরুতেই এমন দাবি করেন তিনি। এ তথ্যের উৎস হিসেবে আইন ও সালিশ কেন্দ্রের কথা উল্লেখ করেন এ সঞ্চালক।

এছাড়া টকশোর অতিথি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব সাঈফ মোস্তাফিজের কাছে প্রশ্নের এক পর্যায়ে সঞ্চালক সৈয়দ আশিক রহমান বলেন, ‘‘ইউনুস সরকারের আমলে সবচেয়ে বেশি সীমান্ত হত্যা হয়েছে, সে এটা বন্ধ করতে পারলো না?’’  

তবে যাচাইয়ে দেখা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তে ভারত কর্তৃক ২০২৫ সালে সর্বোচ্চ হত্যা কিংবা ইউনুস সরকারের আমলে সবচেয়ে বেশি সীমান্ত হত্যার ঘটনা ঘটার দাবিটি সত্য নয়। 

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের ২০১৯ সালে সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৯ সালে আওয়ামী লীগ তৃতীয়বারের মতো সরকার গঠনের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত সর্বোচ্চ ৬৬ জন ২০০৯ সালে সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন । দ্বিতীয় সর্বোচ্চ ছিল ২০২০ সালে ৪৯ জন, তৃতীয় সর্বোচ্চ ২০১৫ সালে ছিল ৪৬ জন এবং ২০১৯ সালে এ সংখ্যা ছিল ৪৩ জন।  

আইন ও সালিশ কেন্দ্রের ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ২৬, ২০১৪ সালে (তথ্য নেই সাইটে), ২০১৫ সালে ৪৬, ২০১৬ সালে ৩১, ২০১৭ সালে ২৪, ২০১৮ সালে ১৪, ২০১৯ সালে ৪৩, ২০২০ সালে ৪৯, ২০২১ সালে ১৮, ২০২২ সালে ২৩, ২০২৩ সালে ৩১, ২০২৪ সালে ৩০ এবং ২০২৫ সালে ৩৪টি সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। 

২০১৯ সালের জুলাই মাসে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সীমান্ত হত্যার পরিসংখ্যান তুলে ধরেন। সে পরিসংখ্যান অনুযায়ী  ২০০৯ সালে সীমান্ত হত্যার সংখ্যা ছিল ৬৬, ২০১০ সালে ৫৫ এবং ২০১১ ও ২০১২ সালে ২৪টি সীমান্ত হত্যার ঘটনা ঘটে। 

উপরোল্লেখিত পরিসংখ্যান অনুযায়ী ২০০৯ সালে সর্বোচ্চ সংখ্যক সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে। ২০২৫ সালে কিংবা ইউনুস সরকারের আমলেই সর্বোচ্চ সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে—দাবিটি সঠিক নয়।