Media Outlets Mistakenly Date Two-Year-Old Rape Case Back 20 Years
জামালপুরে একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের খবর প্রকাশ করতে গিয়ে ঘটনার সাল ভুলভাবে ২০০৪ উল্লেখ করেছে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম।
দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ১৯ অক্টোবর। কিন্তু একাত্তর টিভি, সারাবাংলা, দৈনিক সংবাদ ও যুগান্তরের প্রতিবেদনে ঘটনাটির সাল ২০০৪ বলে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে দৈনিক সংবাদ তাদের প্রতিবেদনের শিরোনাম দিয়েছে, ‘২০ বছর পর ধর্ষক ইউপি সদস্যের ফাঁসি’।
গত ৩১ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনের শুরুতে বলা হয়, “জামালপুরের রশিদপুরে প্রায় ২০ বছর আগে এক গৃহবধূকে গণধর্ষণের দায়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।”
প্রতিবেদনে আদালত সূত্রের বরাতে আরও বলা হয়, ২০০৪ সালের ১৯ অক্টোবর রাতে রশিদপুর ভাটিপাড়া এলাকায় ওই নারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাঁশঝাড়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
তবে মামলার এজাহার এবং রায়ের পর প্রকাশিত অন্যান্য সংবাদ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ঘটনাটি ২০০৪ সালের নয়, ২০২৪ সালের।
কোথা থেকে ছড়াল ভুল সাল?
সংবাদমাধ্যমগুলোর মধ্যে প্রথম একাত্তর টিভির প্রতিবেদনে ঘটনাটির সাল ২০০৪ হিসেবে পাওয়া যায়।
৩১ আগস্ট দুপুর ১টা ৪৫ মিনিটে প্রকাশিত প্রতিবেদনে একাত্তর টিভি লিখেছিল, “নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদরের রশিদপুর ভাটিপাড়া এলাকায় রাত ১১টার দিকে আসামিরা ওই নারীকে মুখে গামছা বেঁধে অপহরণ করে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।”
এরপর দুপুর ২টা ৩৫ মিনিটে সারাবাংলা, বিকেল ৩টা ৪২ মিনিটে দৈনিক সংবাদ এবং সন্ধ্যা ৭টা ২২ মিনিটে যুগান্তর একই ঘটনার খবর প্রকাশ করে।
সারাবাংলা ও যুগান্তর তাদের প্রতিবেদনে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হকের বরাতে ঘটনাটি ২০০৪ সালের বলে উল্লেখ করেছে।
সব সংবাদমাধ্যম অবশ্য শিরোনাম বা প্রতিবেদনের শুরুতে ‘২০ বছর আগের’ ঘটনা বলে উল্লেখ করেনি। তবে ঘটনার বিস্তারিত বিবরণে ২০০৪ সাল ব্যবহার করা হয়েছে।
খবরগুলো প্রকাশের তিন দিন পর, বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুর দুইটা পর্যন্ত সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোতে সাল সংশোধন করা হয়নি।
তবে, মামলাটির রায়ের পর জাগোনিউজ২৪, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং দ্য ডেইলি স্টারসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ঘটনার তারিখ ১৯ অক্টোবর ২০২৪ বলে উল্লেখ করা হয়েছে।
জামালপুরের স্থানীয় একজন সাংবাদিক, যিনি নাম প্রকাশ করতে চাননি, দ্য ডিসেন্টকে বলেন, “এটা রিপোর্টারের ভুল হয়েছে। আমাদের গ্রুপে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।”
তার কাছ থেকে মামলার এজাহারের একটি কপিও সংগ্রহ করেছে দ্য ডিসেন্ট।
এজাহার পর্যালোচনা করে দেখা যায়, সেখানেও ঘটনার তারিখ ১৯ অক্টোবর ২০২৪ উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, ঘটনাটি রায়ের প্রায় দুই বছর আগে ঘটেছিল—২০ বছর আগে নয়।
‘২০২৪ লিখতে গিয়ে ভুলবশত ২০০৪ হয়েছে’
দৈনিক সংবাদের জামালপুর প্রতিনিধি তানিয়া আক্তার দ্য ডিসেন্টকে বলেছেন, প্রতিবেদনের ভেতরে সাল উল্লেখ করার ক্ষেত্রে তার ভুল হয়েছিল।
তিনি বলেন, “আমি রিপোর্টটা নিজে লিখেছি। হেডলাইনে ২০ বছরের বিষয়টা আমি দেইনি। তবে ভেতরে ২০২৪ লিখতে গিয়ে ভুলবশত ২০০৪ হয়ে গেছে।”
তিনি আরও বলেন, ভুলটি সংশোধনের জন্য তিনি তার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।
“অফিসে গতকালও কথা বলেছি। এখনো ঠিক করেনি। আমি আবার আজকে অফিসে জানিয়েছি,” বলেন তিনি।
তবে দৈনিক সংবাদের শিরোনামে কীভাবে “২০ বছর পর” কথাটি যুক্ত হলো, সে বিষয়ে তার বক্তব্য থেকে পরিষ্কার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।