Old Video Misrepresented by Inqilab as Tragic Fallout of Referee and FIFA Corruption
সংবাদমাধ্যম দৈনিক ইনকিলাব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন একাউন্ট থেকে ‘‘রেফারি এবং ফিফার দুর্নীতি করায় স্টেডিয়ামে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা’’ শিরোনামে একটি ভিডিও (আর্কাইভ) শেয়ার করেছে।
তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ছড়ানো ভিডিওতে উল্লেখ করা দাবিটি সঠিক নয়। এটি মূলত ২০ এপ্রিল ২০২৬ প্যারাগুয়ের দুই শীর্ষ ফুটবল ক্লাব অলিম্পিয়া ও সেরো পোর্তেনিওর মধ্যকার ম্যাচে ঘটে যাওয়া সংঘর্ষের। ওই ম্যাচ চলাকালে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়।
ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গত ২০ এপ্রিল আল-জাজিরা সহ একাধিক সংবাদমাধ্যমে একই ভিডিও খুঁজে পাওয়া গেছে।
খবরে বলা হয়েছে, প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের ডিফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে দেশটির দুই শীর্ষ ক্লাব অলিম্পিয়া ও সেরো পোর্তেনিওর মধ্যকার ‘সুপারক্লাসিকো’ ম্যাচে সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। সহিংসতার কারণে ম্যাচটি মাত্র ২৯ মিনিটের মাথায় স্থগিত ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে খবরে জানানো হয়েছে, রোববারের প্রিমেরা ডিভিশনের এই ডার্বি ম্যাচে সেরো পোর্তেনিও সমর্থকদের গ্যালারিতে চোরাইপথে আনা শক্তিশালী আতশবাজি বিস্ফোরণের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি সংবাদপত্রকে জানান, কিছু সমর্থক এক পুলিশ সদস্যের দাঙ্গা-নিয়ন্ত্রণ ঢাল ছিনিয়ে নিয়ে সেটিকে ‘ট্রফির মতো’ প্রদর্শন করেন।
খবরে আরও বলা হয়েছে, ‘‘এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গ্যালারির দিকে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে শত শত দর্শক নিরাপত্তার জন্য মাঠে নেমে আসেন। টেলিভিশনের ফুটেজে স্টেডিয়ামের গ্যালারির বড় অংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যেতে দেখা যায়। প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচটি ২৯ মিনিট পর স্থগিত করা হয়। এ ঘটনায় প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ।’’
অর্থ্যাৎ, ‘‘রেফারি এবং ফিফার দুর্নীতি করায় স্টেডিয়ামে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা’’ দাবিটি সঠিক নয়। ভিডিওটি মূলত ২০ এপ্রিল ২০২৬ প্যারাগুয়ের দুই শীর্ষ ফুটবল ক্লাব অলিম্পিয়া ও সেরো পোর্তেনিওর মধ্যকার ম্যাচে ঘটে যাওয়া সংঘর্ষের।