Partial Quotes From Home Minister’s July Charter Remarks Fuel Misleading Coverage
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের একটি অংশ একাধিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। এসব শিরোনামে সনদের ‘আইনি ভিত্তি নেই’ কথাটি থাকলেও, এর পরপরই রাজনৈতিক সমঝোতার গুরুত্ব নিয়ে দেওয়া তার বক্তব্যটি জায়গা পায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নেই। তবে একই সঙ্গে তিনি বলেছেন, “এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।”
বক্তব্যের প্রথম অংশকে কেন্দ্র করে প্রকাশিত খবর ও ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়ার পর অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন এবং বর্তমান সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
যা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে স্বরাষ্ট্রমন্ত্রীর পূর্ণাঙ্গ বক্তব্য পাওয়া গেছে।
বক্তব্যের একপর্যায়ে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ এবং সেগুলোর সাংবিধানিক বৈধতা প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তার বক্তব্য ছিল, অন্তর্বর্তী সরকারের সময় থেকে নির্বাচিত সংসদ বসার আগপর্যন্ত নেওয়া কার্যক্রমকে সাংবিধানিকভাবে অনুমোদন দিতে হবে। শুধু অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করলেই ওই সময়ের সব সাংবিধানিক প্রশ্নের নিষ্পত্তি হবে না। সংবিধান সংশোধনের সময় বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “শুধুমাত্র অর্ডিনান্সগুলোকে আমরা আইনে পরিণত করে দেওয়ার মাধ্যমে কনস্টিটিউশনাল সেই বিষয়গুলোকে বৈধতা দেওয়া শেষ হয়ে যাবে না। সেজন্য সেই সময়টাকে আমাদের রেটিফিকেশন করতে হবে। বৈধতা দিতে হবে।”
এরপর জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে তিনি বলেন, “আর ইন্টেরিম গভর্নমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।”
সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে হওয়া আলোচনার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, কমিশনের কার্যক্রমের শেষ দিকে এ নিয়ে বিতর্ক হয়েছিল। তখন বিষয়টি নিষ্পত্তির জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা তখনও বলেছিলাম, আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। ১০৬-এ যাই। কেউ আর রাজি হলো না। সুপ্রিম কোর্টের সাথে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হলো। তারা এই দায় নিতে চায় না।”
অর্থাৎ, তিনি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি না থাকার কথা বলেছেন। পাশাপাশি সনদের পেছনে থাকা রাজনৈতিক সমঝোতাকে আইনি ভিত্তির চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন এবং এটিকে আইনি ভিত্তি দেওয়ার উদ্যোগের প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন।
শিরোনামে বাদ পড়েছে রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গ
একাধিক সংবাদমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে ‘ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’ কিংবা কাছাকাছি শিরোনামে খবর প্রকাশ করেছে।
এ ধরনের শিরোনাম ব্যবহার করা সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে স্টার নিউজ, ইনকিলাব, ঢাকা প্রকাশ, চ্যানেল ২৪, টাইমস টুডে, বিডি বুলেটিন, ইত্তেফাক, বায়ান্ন টিভি, চ্যানেল ওয়ান, বাংলা এডিশন, বার্তা বাজার, বাংলা টিভি, সময়ের আলো, চ্যানেল এস, সারাবাংলা ও মোহনা টিভি।
শিরোনামগুলোতে ব্যবহৃত কথাটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। তবে তার পরের বাক্যটি বাদ পড়ায় সনদ সম্পর্কে তার বক্তব্যের পূর্ণ প্রেক্ষাপট শিরোনামে উঠে আসেনি।
স্টার নিউজের “অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী” শিরোনামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, অধিকাংশ ফেসবুক ব্যবহারকারীই ফটোকার্ডে বিভ্রান্ত হয়েছেন।
গতকাল বিকেল ০৫টা ৫০ মিনিটে প্রকাশ করা ফটোকার্ডটিতে এখন পর্যন্ত ২৬০০ টিরও বেশি মন্তব্য এসেছে। বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারীই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বিভ্রান্ত হয়ে সমালোচনা করেছেন এবং জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে নির্বাচনের ভিত্তি নিয়েও প্রশ্ন করেছেন।
শিরোনামে বিভ্রান্ত হয়ে অনলাইনে অপ-প্রচার
স্টার নিউজের ফটোকার্ড শেয়ার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক চিফ প্রসিকিউর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তাজুল ইসলাম লিখেছেন, “জুলাই সনদের আইনী ভিত্তির প্রয়োজন নেই- বরং আইনকেই হতে হবে জুলাই সনদের সাথে সঙ্গতিপূর্ণ! সিংহকে গাধার সাথে দৌড় প্রতিযোগিতায় নেমে প্রমাণ করার কিছু নেই! বরং প্রতিযোগিতায় নামাটাই সিংহের জন্য অবমানাকর। জাতির আকাংক্ষা ও অভিপ্রায়ের পরম অভিব্যক্তি হিসেবে জুলাই সনদ সংবিধান ও আইনের ঊর্ধ্বে।”
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের লিখেছেন, “সংবিধান অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের কোন আইনি ভিত্তি নাই। এটি একটি অবৈধ সরকার “
এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএ এর রওশন হক কটাক্ষ করে লিখেছেন, “ইন্টারিমের করা নির্বাচনটাই কেবল সঠিক। বাকি সবই বুল।”
S T Mahmood Hasib নামে একজন লিখেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী। তাইলে অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া নির্বাচনের আইনি ভিত্তি কিভাবে থাকে? সংবিধান অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী তো এখনো আসাদুজ্জামান খান কামাল।”
ফ্রাইডে পোস্ট নামে একটি ফেসবুক পেইজ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমদ এর সাথে আংশিক বক্তব্যের সঙ্গে অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্যের তুলনা দেখানো হয়েছে।