Rajon Returns from Russia, But News Reports Use Another Rajon’s Photo
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য হওয়া বাংলাদেশি তরুণ রাজন হোসেন দেশে ফিরেছেন—এমন খবর প্রকাশ করেছে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
কিন্তু এসব প্রতিবেদনের অন্তত তিনটিতে দেশে ফেরা রাজন হোসেনের বদলে একই নামের আরেক বাংলাদেশির ছবি ব্যবহার করা হয়েছে।
দ্বিতীয় ওই রাজনও রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিচ্ছেন। ‘রাজন অন দ্য গো – বাংলা’ নামে একটি ফেসবুক পেজ থেকে তিনি নিয়মিত সৈনিকের পোশাকে নিজের ছবি ও যুদ্ধক্ষেত্রের ভিডিও প্রকাশ করেন।
দুই ব্যক্তির নাম একই হলেও তাদের চেহারা আলাদা। বিডিনিউজ টোয়েন্টিফোর, দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য ডেইলি সান—তিনটি সংবাদমাধ্যমই দেশে ফেরা রাজনকে নিয়ে প্রতিবেদনে অন্য রাজনের ছবি ব্যবহার করেছে।
গত ২২শে আগস্ট বিডিনিউজ টোয়েন্টিফোর “রাশিয়ায় যুদ্ধে পাঠানো এক বাংলাদেশি দেশের পথে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, কাজ দেওয়ার কথা বলে এক বাংলাদেশি তরুণকে রাশিয়ায় নেওয়া হয়েছিল। পরে তাকে ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। উদ্ধারের পর ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে তার বাংলাদেশে ফেরার কথা জানানো হয়।
ওই তরুণের নাম রাজন হোসেন বলে উল্লেখ করা হয়।
তবে একই প্রতিবেদনের আরেক অংশে লেখা হয়, “রাজন ফেইসবুকে ‘রাজন অন দ্য গো-বাংলা’ নামে একটি পেইজ চালান। সেখানে তিনি যুদ্ধের বিভিন্ন ছবি, ভিডিও শেয়ার করেন। যুদ্ধে নেমে তিনি আহতও হয়েছেন। অনেকদিন ধরেই তিনি যুদ্ধের ময়দান থেকে ফেরার চেষ্টা করছিলেন।”
এই তথ্যটি যাচাই করতে গিয়েই দেখা যায়, দেশে ফিরে আসা রাজন হোসেন এবং ‘রাজন অন দ্য গো – বাংলা’ পেজের রাজন হোসেন একই ব্যক্তি নন।
তিন ছবিতে দুই রাজন
বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদনে মোট তিনটি ছবি ব্যবহার করা হয়েছে।
এর মধ্যে দ্বিতীয় ছবিতে থাকা ব্যক্তিকে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তিনিই দেশে ফিরে আসা রাজন হোসেন।
একই ছবি আমার দেশ ও বাংলানিউজ২৪-এর প্রতিবেদনেও ব্যবহার করা হয়েছে।
কিন্তু বিডিনিউজ টোয়েন্টিফোরের বাকি দুটি ছবিতে থাকা ব্যক্তি ভিন্ন।
ছবিগুলো মিলিয়ে দেখা যায়, তিনি ‘রাজন অন দ্য গো – বাংলা’ পেজের রাজন হোসেন। প্রতিবেদনে ব্যবহৃত তার একটি ছবি ওই ফেসবুক পেজ থেকেই নেওয়া হয়েছে।
দুই ব্যক্তির মুখের গঠনেও স্পষ্ট পার্থক্য দেখা যায়।
অর্থাৎ, একই প্রতিবেদনে দেশে ফেরা রাজন হোসেনের ছবির পাশাপাশি অন্য একজন রাজন হোসেনের ছবি ব্যবহার করা হয়েছে এবং দুজনকে একই ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে।
একই ধরনের ভুল দেখা গেছে দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য ডেইলি সানের প্রতিবেদনেও।
২২শে আগস্ট দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস “Bangladeshi man forced to fight in Ukraine returning from Russia” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
একই দিনে দ্য ডেইলি সান “Bangladeshi duped into Russia-Ukraine war to return home today” শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে।
দুটি প্রতিবেদনেই দেশে ফিরে আসা রাজন হোসেনের খবর দেওয়া হলেও ছবিতে ব্যবহার করা হয়েছে ‘রাজন অন দ্য গো – বাংলা’ পেজের রাজন হোসেনকে।
‘ভুয়া খবরের তো একটা সীমা থাকা উচিত’
ভুল ছবি ব্যবহারের বিষয়টি সামনে আসার পর ২৩শে আগস্ট ‘রাজন অন দ্য গো – বাংলা’ পেজ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোরের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট প্রকাশ করা হয়।
সেখানে খবরটিকে “ভুয়া” হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়।
তিনি লিখেন, “চমকে যাওয়ার মতো খবর! খবরটা শোনার পর সত্যিই আমি নিজেই চমকে গেছি! ভুয়া খবরেরও তো একটা সীমা থাকা উচিত। কোনো বিষয় নিয়ে কথা বলার আগে অন্তত সত্যতা যাচাই করা দরকার।সত্য আর গুজবের পার্থক্যটা সবাইকে বুঝতে হবে।“