Staged Robot Video Misreported as Out-of-Control Incident
সম্প্রতি মূলধারার একাধিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হিউম্যানয়েড রোবটের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, চীনের একটি অফিসে রোবটটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ‘পাগলামি’ শুরু করে এবং কর্মীদের মারধর করে।
এরকম দাবি সম্বলিত প্রতিবেদন দেখুন: দৈনিক ইত্তেফাক, নিউজ ২৪, মানবজমিন, দৈনিক ইনকিলাব।একই দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভিডিওটি ছড়িয়েছে।
তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি চীনের কোনো অফিসের নয়। রোবটটি নিয়ন্ত্রণ হারিয়ে কর্মীদের মারধরও করেনি। প্রকৃতপক্ষে, এটি ইন্দোনেশিয়ার জাকার্তার একটি ভিডিও। ভিডিওতে দেখা রোবটটির নাম ‘জোকো প্রাবুওয়েসি’। রোবটটিকে পেছন থেকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছিল এবং এর ‘কুংফু’ মোড চালু করার পর এমন নড়াচড়া করতে দেখা যায়।
সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওটির কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ দিলে রোবটটির মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ৩ জুলাই প্রকাশিত ভিডিওটিতে ক্যাপশন হিসেবে ইন্দোনেশিয়ান ভাষায় লেখা রয়েছে, “প্রথম দিনেই মারামারি শুরু করে দিল, অথচ আজই জোকো প্রাবুওয়েসির অফিসে প্রথম দিন।”
যে আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে সে আইডির বায়োতে লেখা রয়েছে, “হ্যালো! আমার নাম জোকো। আমি ইন্দোনেশিয়ার জাকার্তায় থাকি।” অর্থাৎ ভিডিওটি চীনের দাবি করা হলেও এটি মূলত ইন্দোনেশিয়ার জাকার্তার।
এছাড়াও, ইন্দোনেশিয়া-ভিত্তিক ফেসবুক পেজ The Smart Local Indonesia ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে “Robot named Joko throws a tantrum on his first day at work”
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনেও ঘটনাটি ইন্দোনেশিয়ার বলে উল্লেখ করা হয়েছে।
ভিয়েতনামের সংবাদমাধ্যম VN Exrpress এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভিডিওটি আসল এবং রোবটটির প্রতিটি মুভমেন্ট আগে থেকেই নির্ধারণ করা ছিলো। অর্থাৎ, রোবটটিকে এমন আচরণ করার জন্য আগেই নির্দেশনা দেওয়া ছিলো।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে রোবটটির ‘পাগলামি’ এবং কর্মীদের ‘মারধর’ করার কথা বলা হলেও ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেছন থেকে একজন ব্যক্তি রিমোট দিয়ে রোবটটিকে নিয়ন্ত্রণ করছিলেন।
রোবটটির আরও কয়েকটি ভিডিও পর্যালোচনায় দেখা যায়, এটি মূলত রিমোটচালিত। এতে কুংফু, নাচসহ বিভিন্ন মোড রয়েছে। এসব মোড চালু করলে রোবটটি নির্দিষ্ট ভঙ্গিতে নড়াচড়া করে।
জোকো প্রাবুওয়েসি টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা দ্য ডিসেন্টকে জানায়, এটি কোনো রোবট বিকল হওয়া বা বাস্তব হামলার ঘটনা নয়। রোবটটি কীভাবে চালাতে হয়, তা শেখার পাশাপাশি বিভিন্ন মোড পরীক্ষা করা হচ্ছিল। একপর্যায়ে ‘কুংফু’ মোড চালু হলে রোবটটি দ্রুত নড়াচড়া শুরু করে। উপস্থিত ব্যক্তিরা কিছুটা চমকে গেলেও ঘটনাটি হাস্যরসাত্মক পরিবেশেই ঘটে।
সম্প্রতি হিউম্যানয়েড রোবট নিয়ে কয়েকটি বাস্তব ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় এসেছে। জুনে চীনের শিনজিয়াংয়ে একটি অনুষ্ঠানে ক্লাউনের সাজে পারফর্ম করার সময় Unitree G1 মডেলের একটি রোবট দুর্ঘটনাবশত এক শিশুর পেটে লাথি মারে বলে খবর প্রকাশিত হয়।
এর আগে এপ্রিলে চীনের শানসি প্রদেশের Xi’an Eurasia University-তে একটি নাচের অনুষ্ঠানে একটি হিউম্যানয়েড রোবট অপ্রত্যাশিতভাবে এক নারী শিক্ষার্থীকে জড়িয়ে ধরে। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মী প্রথমে দাবি করেন, বিষয়টি আগে থেকে প্রোগ্রাম করা ছিল না এবং এটি এআই প্রোগ্রামের ত্রুটি হতে পারে। পরে রোবট সরবরাহকারী প্রতিষ্ঠান জানায়, অনুষ্ঠানস্থলে সিগন্যাল বিঘ্নের কারণে ঘটনাটি ঘটেছিল বলে Global Times-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।