Vietnam Video Falsely Shared as Footage from Nepal, Media Use Misleading Headlines

Azaharul Islam
By
Azaharul Islam
2 September 2026

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম ‘‘নেপালে পিঠে বোন নিয়ে মা-বাবার খোঁজে খুদে বালক, মনে করাল নাগাসাকির সেই ছবি’’ শিরোনামে হৃদয়বিদারক খবর ও ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওটিতে একটি শিশুকে নীল রঙের নকশাযুক্ত টি-শার্ট পরা অবস্থায় দেখা যায়। সে তার চেয়ে ছোট একটি কান্নারত শিশুকে পিঠে বেঁধে বহন করছে।

সংবাদমাধ্যমগুলো হলো– জনকণ্ঠ, ঢাকা প্রকাশ, আরটিভি, ডেইলি ক্যাম্পাস, ডেল্টা নিউজ, দ্য নিউজ, জনবাণী, বিডি টুডে, বিডিরিপোর্ট ২৪, বাংলা স্টার, সময়ের কণ্ঠস্বর, আমেরিকান বাংলা, খবর কণ্ঠ, তাজা খবর

শিরোনামে নেপালের ঘটনা উল্লেখ করলেও খবরের ভেতরে লেখা হয়েছে, ‘‘ভিডিওটি নেপালের সাম্প্রতিক বিপর্যয়েরই দৃশ্য কি না, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ভিডিওটির স্থান, সময় কিংবা শিশু দুটির পরিচয়ও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।’’

খবরের শিরোনামে দেখেই সত্যি মনে করে সংবাদমাধ্যমগুলোর পেইজে পোস্ট করা ফটোকার্ডে আবেগঘন কমেন্ট করেছেন ফেসবুক ব্যবহারকারীরা। ফটোকার্ড, নিউজ বা ভিডিও শেয়ার করেছেন অনেকেই।

আরটিভির ফটোকার্ড শেয়ার করে Shamsuddin Ahmad নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘‘নেপালে পিটে বোন নিয়ে মা-বাবার খোঁজে ক্ষুদে বালক, মনে করাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে নাগাসাকির সেই ছবি।’’ 

Kawser Rahman আরটিভির খবর শেয়ার করে লিখেছেন, ‘‘নেপাল ট্রাজেডি।’’

MD Rafikujjaman ফেসবুকে লিখেছেন, ‘‘সে ভারী নয়, সে আমার ভাই! She's not heavy, she's my sister! Grave of the fireflies!’’

ডেল্টা লেন্সের ফটোকার্ড শেয়ার করে Saiful Islam লিখেছেন, ….. নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত দাবি করে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দৃশ্যটি গভীরভাবে নাড়া দিয়েছে মানুষকে। অনেকের মনে পড়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে ধারণ করা সেই ঐতিহাসিক ছবি যেখানে এক শিশুকে …..।

Shipu Changma ফেসবুকে ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘‘এক ভয়ঙ্কর ঘটনায় ভেসে গেছে বাবা-মা। ভেসে গেছে বাড়িঘর। বাবা-মা তোমরা কোথায়? বোনকে পিঠে করে বড় ভাই কাঁদেই নিয়ে বাবা-মায়ের খোঁজে নেপালের খুদে বাচ্চা। হৃদয় বিদারক একটি ভিডিও। দেখলেই চোখের জল পড়ে!’’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজার, সংবাদ প্রতিদিন, টাইম অব ইন্ডিয়া, নিউজ ১৮ সহ একাধিক সংবাদমাধ্যমও এই খবর প্রকাশ করেছে। 

দাবিটি ছড়িয়েছে সামাজিক মাধ্যমেও। দেখুন এখানে, এখানে এখানে

ভিডিওটি নেপালের নয়

দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি নেপালের নয়। এটি মূলত গত ১১ আগস্ট ভিয়েতনামে ধারণ করা হয়। যা নেপালের চলমান বন্যা ও ভূমিধ্বসের আগের। নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে গত ২৬ আগস্ট বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটে।

ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে thienduyennet নামে একটি ইন্সটাগ্রাম একাউন্টে সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। একাউন্টটিতে ২৯ আগস্ট ভিডিওটি পোস্ট করা হয়েছে। একাউন্টটি ভিয়েতনাম থেকে পরিচালনা করা হয়।

ভিডিওটির ক্যাপশন ছিল, ‘‘The little boy carries his younger sibling under the scorching midday sun. Seeing the two siblings covered in dust breaks my heart #thienduyen’’

ওই অ্যাকাউন্টে শিশুদের কান্না করা কিংবা খামারে পাতা সংগ্রহের মতো কঠিন কাজ করতে দেখা যায়—এমন আরও ভিডিও রয়েছে। এসব ভিডিওতেও একই ‘Thiên Duyên’ লোগো এবং আবেগঘন লেখা ব্যবহার করা হয়েছে।

ভারতীয় ফ্যাক্টচেক প্রতিষ্ঠান নিউজমিটার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনাকারীর সঙ্গে যোগাযোগ করেছে। 

তিনি নিউজমিটারকে জানিয়েছে, তিনি ভিয়েতনামে বসবাস করেন এবং ভিডিওটি তার দেশেই ধারণ করা হয়েছে। ভিডিওটি প্রায় এক মাস আগে ধারণ করা হয়েছিল এবং নেপালের বন্যার সঙ্গে ভিডিওটি যুক্ত করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে—এ বিষয়েও তিনি অবগত।

ভিডিওটির ধারণস্থান ও সময় নিশ্চিত করতে তিনি নিউজমিটারকে অ্যাপল ফটোসের তথ্যও শেয়ার করেন। 

সেখানে দেখা যায়, ভিডিওটি ২০২৬ সালের ১১ আগস্ট সকাল ১১টা ১৫ মিনিটে ধারণ করা হয় এবং লোকেশন হিসেবে ভিয়েতনামের খাউ ভাই কমিউন (Xã Khẩu Vai) উল্লেখ রয়েছে।

গুগল ম্যাপে খুঁজে দেখা গেছে, খাউ ভাই ভিয়েতনামের হা জিয়াং প্রদেশের মেও ভাক জেলার একটি প্রত্যন্ত পার্বত্য কমিউন।