দিল্লিতে এফসিসি ক্লাবে আওয়ামীপন্থী সংগঠনের অনুষ্ঠান বাতিল করলো পুলিশ
গতকাল ২৯ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় (এফসিসি) ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ অ্যান্ড প্রসপারিটি’ শিরোমামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে দিল্লী পুলিশের হস্তক্ষেপে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল হয়।
ওই অনুষ্ঠানে ভারতের সাবেক কূটনীতিক, সাংবাদিক ও ইউরোপীয় রাজনীতিবিদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অংশগ্রহণ করার কথা ছিল।
অনুষ্ঠান শুরুর আগে তিলক মার্গ থানার পক্ষ থেকে আয়োজকদের জানানো হয়, ‘নির্দিষ্ট কিছু বিতর্কের’ কারণে অনুষ্ঠানটি আয়োজন করা যাবে না। তবে দিল্লি পুলিশ পরে অনুষ্ঠানে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে।
অনুষ্ঠানটির অন্যতম আয়োজক ছিল বেলজিয়ামভিত্তিক ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’। সংগঠনটির মহাসচিব এ এফ এম গোলাম জিলানিও নির্ধারিত বক্তাদের একজন ছিলেন। তবে ভিসা না পাওয়ায় তিনি ভারতে যেতে পারেননি।
জিলানি আফম গোলামের ফেসবুক পোস্টে প্রকাশিত অনুষ্ঠানের পোস্টারে বক্তাদের নাম উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে বক্তা হিসেবে থাকার কথা ছিল বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত বীণা সিক্রি, জার্মানির সাবেক রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ, বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা নুরুন নবী, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ওন্দ্রেজ দস্তাল এবং চাঁদপুর-১ আসনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ।
‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’ এর ফেসবুক পেজে ১২ আগস্ট ওই অনুষ্ঠানটির একটি ইভেন্ট খোলা হয়েছিল।
দ্য ডিসেন্ট এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক এফসিসি সাউথ এশিয়া ও আইএপিসির সভাপতি ড. ওয়ায়েল আওয়াদের সাথে কথা বলে। তিনি অনুষ্ঠানটি বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ওই অনুষ্ঠান নিয়ে আপত্তি জানিয়েছে বলে জানান তিনি।
ভারতীয় গণমাধ্যমের কাছে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’ নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করলেও, দ্য ডিসেন্টের অনুসন্ধানে সংগটনটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার একাধিক তথ্য পাওয়া গেছে।
২০১৯ সালের ১৫ অক্টোবর ইউরোপীয় পার্লামেন্টে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক সম্মেলনের আয়োজক হিসেবে বেলজিয়াম আওয়ামী লীগ ও ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’ এর নাম উল্লেখ করেছে সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম। ওই আয়োজনে ফাউন্ডেশনটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এর মহাসচিব এ এফ এম গোলাম জিলানি। তার ফেসবুক প্রোফাইলে তিনি নিয়মিত আওয়ামী লীগের পক্ষে পোস্ট করেন।
এর আগে ২০২৬ সালের ৩০ জুন বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে ‘ডেমোক্রেটিক ট্রানজিশন, হিউম্যান রাইটস অ্যান্ড জিওপলিটিক্যাল ডায়নামিক্স ইন সাউথ এশিয়া: চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার পারস্পেক্টিভস’ শীর্ষক একটি সংলাপ আয়োজন করে হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন।
ওই অনুষ্ঠানের বক্তা ড. নূরুন নবী যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আরেক বক্তা ব্যারিস্টার মাসুদ আখতার ব্রাসেলসে ইউরোপীয় আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। ওই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি ছাত্রলীগের সদস্য প্রসেনজিৎ শিল।
ওই অনুষ্ঠানে আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্ট নিজুম মজুমদারও উপস্থিত ছিলেন। তার ইউটিউব চ্যানেলে ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের একটি অংশ প্রকাশ করেন।
বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে ইউরোপীয় পার্লামেন্টে অনুষ্ঠিত ওই আলোচনায় ফ্রান্স আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণের কথা প্রচার করা হয়।
একইভাবে ফ্রান্স আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও অনুষ্ঠানটি প্রচার করে বলা হয়, এতে ফ্রান্স আওয়ামী লীগ ও ফ্রান্স ছাত্রলীগের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
দিল্লিতে এই অনুষ্ঠানটি বাতিল হওয়ার ঘটনা এমন এক সময়ে ঘটেছে, যখন এই ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন ঘিরে ঢাকা-নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়।
ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক বক্তব্যে ক্ষোভ জানায় ঢাকা। এর পর তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দেয়।
বাংলাদেশ সফরের আগে ‘অনুকূল পরিবেশ’ তৈরির প্রয়োজনীয়তার কথা জানায়। একই সঙ্গে ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়টি তুলে ধরে।
এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে একই ভেন্যুতে অনুষ্ঠানটি শেষ মুহূর্তে বাতিল হওয়ার ঘটনাটি ঘটেছে।