বিদেশি অধিকারকর্মীদের অজান্তে নাম ব্যবহার, আ.লীগের অনুষ্ঠান বাতিল করলো ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়

২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও উগ্রবাদ নিয়ে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে ‘Bangladesh at a Turning Point: Democracy, Human Rights, and Extremism’ শীর্ষক একটি সেমিনার আয়োজনের ঘোষণা দিয়েছিল Global Center for Democratic Governance (GCDG)।

আজ সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দেশটির আলটো বিশ্ববিদ্যালয়ে (Aalto University) সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার ছিলো। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শেষ মুহূর্তে অনুষ্ঠানটির বুকিং বাতিল করে। 

GCDG সংগঠনটির সভাপতি ড. মো. হাবিবে মিল্লাত। তিনি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজগঞ্জ জেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

আয়োজক সংগঠনটির অফিশিয়াল পেইজের ঘোষণা অনুযায়ী, এই সেমিনারে ভারতে পলাতক শেখ হাসিনা অনলাইনে অংশ নেবেন। পাশাপাশি আরও ১০ জনের অতিথি তালিকা প্রকাশ করা হয়েছে ফেসবুক পেইজে।

তবে, তাদের মধ্যে তিনজন দ্য ডিসেন্টকে জানিয়েছেন, এই সেমিনারের ব্যানারে সম্মতি ছাড়াই  তাদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। 

সেমিনারে সরাসরি উপস্থিতির তালিকায় যাদের নাম

উগ্রবাদ নিয়ে আয়োজিত এই সেমিনারে সূচন বক্তা গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (GCDG) এর সভাপতি ও আওয়ামী লীগ নেতা হাবিবে মিল্লাত। সঞ্চালক হিসেবে থাকবেন ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম নামেন একটি সংগঠনের যোগাযোগ পরিচালক ক্রিস ব্ল্যাকবার্ন। ক্রিস বিভিন্ন সময়ে আওয়ামীলীগের বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করে থাকেন।

এছাড়া সরাসরি উপস্থিত থাকার কথা রয়েছে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের ড. পেক্কা তুওমিনেন, ইউরোপের আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্কের প্রেসিডেন্ট নুরে জামান ভূঁইয়া, রোটারি ইন্টারন্যাশনালের সাবেক জেলা গভর্নর জেরে জানতুনেন, ভান্তা সিটির কাউন্সিলর ও সমাজকর্মী সোইলে এরিকসন, হেলসিঙ্কি সিটির কাউন্সিলর এলিনা কাউপিলা, ভান্তা সিটির কাউন্সিলর দ্রিলন ক্লোকোকি ও শেখর আচার্য, জ্যেষ্ঠ আইনজীবী নিলস-হেনরিক ওয়াসেনিয়ুস, মানবাধিকার ও সমাজকর্মী মিক্কো ডামসক্যাগ এবং লেখক ও মানবাধিকারকর্মী হাসান ব্লাসিম।

“সম্মতি ছড়াই আমাদের নাম ব্যবহার করা হয়েছে”

পোস্টারে নাম থাকাদের মধ্যে দুইজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে দ্য ডিসেন্ট। তাদের মধ্যে দুইজনের নাম অনুমুতি ছাড়াই ব্যবহার করা হয়ছে। 

নাম থাকা ফিনল্যান্ডের দুই স্থানীয় জনপ্রতিনিধি এলিনা কাউপিলা ও সোইলে এরিকসন জানিয়েছেন, তারা অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্মতি দেননি। তাদের দাবি, অনুমতি ছাড়াই তাদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে।

হেলসিঙ্কি সিটির কাউন্সিলর এলিনা কাউপিলা এর সঙ্গে হোয়াটসঅ্যাপে ও ই-মেইলে যোগাযোগ করা হয়। তিনি দ্য ডিসেন্টকে বলেন, “আমি কখনোই বলিনি যে অনুষ্ঠানে অংশ নেব। আয়োজকেরা শহরের একটি অনুষ্ঠানে রাস্তায় আমার সঙ্গে যোগাযোগ করে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছিলাম, আমি অংশ নেব না।”

নিজের ফেসবুক ও ইন্সটাগ্রাম পোস্টেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ভান্তা সিটির কাউন্সিলর ও সমাজকর্মী সোইলে এরিকসন ই-মেইলে দ্য ডিসেন্টকে জানিয়েছেন, “আমি ওই সেমিনারে বক্তব্য দেওয়ার কোনো প্রতিশ্রুতি দিইনি। প্রচারণায় আমার নাম বা ছবি ব্যবহারের কোনো অনুমতিও আমি দিইনি। আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করব না এবং এই অনুষ্ঠানকে সমর্থনও করি না। আয়োজকদের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।”

ফিনল্যান্ডের ভান্তা সিটির কাউন্সিলর শেখর আচার্য শুরুতে সেমিনারে উপস্থিত থাকতে সম্মত হলেও বক্তাদের তালিকা এবং অনুষ্ঠানের কাঠামো সম্পর্কে ‘সাম্প্রতিক কিছু বিস্ময়কর তথ্য’ জানার পর উপস্থিত থাকার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন।

মানবাধিকার ও সমাজকর্মী মিক্কো ড্যামসক্যাগ জানান, “এ বিষয়ে আমি আগে কিছুই জানতাম না। বাংলাদেশি বংশোদ্ভূত আমার এক পরিচিত ব্যক্তি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার ধারণা ছিল, আমি কেবল একজন শ্রোতা হিসেবে সেখানে উপস্থিত থাকব এবং আলোচনা শুনবো। কিন্তু এইমাত্র অনুষ্ঠানের প্রচারপত্র দেখে বুঝতে পারলাম, সেখানে আমাকে একজন আমন্ত্রিত বক্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অথচ এ বিষয়ে আগে আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি।”

অনুষ্ঠান বাতিল করেছে আলটো বিশ্ববিদ্যালয়ে

আল্টো ইউনিভার্সিটি ক্যাম্পাস অ্যান্ড রিয়েল এস্টেট, সম্মেলন ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভেন্যু ভাড়া দিয়ে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লেখ থাকা তাদের ই-মেইলে যোগাযোগ করে দ্য ডিসেন্ট। তাদের পক্ষ থেকে ফিরতি মেইলে জানানো হয়েছে, “বুকিংটি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।”

তারা জানান, “অনুষ্ঠানের বিষয়বস্তু আগে জানানো তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ছাড়া, অনুষ্ঠানটির বিষয়বস্তু সম্পর্কে আমরা নতুন কিছু তথ্য পেয়েছি এবং বক্তাদের মধ্যে কয়েকজনের অবস্থান আল্টো ইউনিভার্সিটির মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

আগেও বাতিল হয়েছিল আওয়ামীপন্থীদের অনুষ্ঠান

এর আগে গত ২৯ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ায় (এফসিসি) ‘ইউরোপ অ্যান্ড এশিয়া: ফ্রম ডায়ালগ টু আ পার্টনারশিপ অ্যান্ড প্রসপারিটি’ শিরোমামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দিল্লী পুলিশের হস্তক্ষেপে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিল হয়।

ওই অনুষ্ঠানে ভারতের সাবেক কূটনীতিক, সাংবাদিক ও ইউরোপীয় রাজনীতিবিদের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অংশগ্রহণ করার কথা ছিল। 

অনুষ্ঠান শুরুর আগে তিলক মার্গ থানার পক্ষ থেকে আয়োজকদের জানানো হয়, ‘নির্দিষ্ট কিছু বিতর্কের’ কারণে অনুষ্ঠানটি আয়োজন করা যাবে না। তবে দিল্লি পুলিশ পরে অনুষ্ঠানে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে।

অনুষ্ঠানটির অন্যতম আয়োজক ছিল বেলজিয়ামভিত্তিক ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’। সংগঠনটির মহাসচিব এ এফ এম গোলাম জিলানিও নির্ধারিত বক্তাদের একজন ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যোমের কাছে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’ নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করলেও, দ্য ডিসেন্টের অনুসন্ধানে সংগটনটির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার একাধিক তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে দ্য ডিসেন্টের বিস্তারিত প্রতিবেদন দেখুন এখানে।