সরকারের ৬ মাসে ৫১২ জন গুমের অসত্য তথ্য দিলেন জামায়াত নেতা, পরে বললেন ‘অনিচ্ছাকৃত ভুল’

The Dissent Desk
লেখক
দ্য ডিসেন্ট ডেস্ক
২৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গতকাল এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, বর্তমান সরকারের ছয় মাসে দেশে ৫১২ জন গুম হয়েছেন। 

তিনি বলেন “দেশের আইনশৃঙ্খলা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে। সর্বশেষ এক পরিবারের চারজনের হত্যাকাণ্ড আপনারা জানেন রংপুরে। এছাড়া সারা দেশে অসংখ্য ঘটনা ঘটতেছে, ছয় মাসে ৫১২ জন গুম হয়েছে। এই ঘটনা কিন্তু প্রকাশিত হয়েছে। এখনো দেশে গুম হচ্ছে, খুন হচ্ছে, লুটতরাজ হচ্ছে, ছিনতাই-ডাকাতি হচ্ছে। এই আইনশৃঙ্খলা ভয়াবহ পরিণতি নিয়েছে।”

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে, বিএনপি সরকার নির্বাচিত হওয়ার পর গত ছয় মাসে ৫১২ জন গুম হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের প্রতিবেদন, মানবাধিকার সংস্থার প্রকাশিত তথ্য কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও ছয় মাসে ৫১২ জন গুম হওয়ার তথ্য পাওয়া যায়নি।

দাবিটির উৎস জানতে দ্য ডিসেন্টের পক্ষ থেকে হামিদুর রহমান আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছয় মাসে ৫১২ জন গুম হওয়ার তথ্যটি সঠিক নয়। তাঁর দাবি, খুনের সংখ্যা বলতে গিয়ে তিনি অনিচ্ছাকৃতভাবে ‘গুম’ বলে ফেলেছেন।

পরে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও এ বিষয়ে একটি ব্যাখ্যা দেন হামিদুর রহমান আজাদ। সেখানে তিনি লেখেন, “১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে গতকালের সংবাদ সম্মেলনে আমার বক্তব্য দেওয়াকালীন সময়ে গত ৬ মাসে বর্তমান সরকারের সময়ে হামলা-মামলা, জুলুম-নির্যাতন ও গুম-খুন সংক্রান্ত পরিসংখ্যান বলতে গিয়ে একটি তথ্য অনিচ্ছাকৃতভাবে ভুলভাবে (সংখ‍্যা ও শব্দগত - খুনের স্থলে গুম) উপস্থাপিত হয়েছে। পরবর্তীতে বিষয়টি যাচাই করে অসঙ্গতিটি আমার নজরে এসেছে। যা ছিলো পুরোপুরি অনিচ্ছাকৃত। সংশ্লিষ্ট সকলকে উক্ত তথ্যটি আমলে না নেওয়া ও এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।”

তবে, ৫১২ জন খুনের তথ্যের উৎস জানতে চেয়ে ফোন করা হলে তিনি কল ধরেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে তাঁর কোনো উত্তর পাওয়া যায়নি। 

ছয় মাসে হত্যা মামলা ১ হাজার ৭৮৯টি

পুলিশ সদর দপ্তরের তথ্য উদ্ধৃত করে প্রথম আলো জানিয়েছে, বর্তমান সরকারের প্রথম ছয় মাসে দেশে হত্যা মামলার সংখ্যা আগের ছয় মাসের তুলনায় কিছুটা বেড়েছে। ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে হত্যার ঘটনায় ১ হাজার ৭৮৯টি মামলা হয়েছে। এর আগের ছয় মাসে এই সংখ্যা ছিল ১ হাজার ৭৮০টি।

এই হিসাবে, বিএনপি সরকারের প্রথম ছয় মাসে প্রতিদিন গড়ে প্রায় ১০টি হত্যা মামলা রেকর্ড হয়েছে।

এছাড়া গত ৭ জুন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানায়, বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে সারা দেশে ৬০৫টি হত্যাকাণ্ড ঘটেছে।

ছয় মাসে গুমের অন্তত একটি অভিযোগ

বর্তমান সরকারের প্রথম ছয় মাসে গুমের অন্তত একটি অভিযোগের তথ্য পাওয়া গেছে।

গত ১০ এপ্রিল বাগেরহাটের মোংলা উপজেলার জয়মণি ঠোটা গ্রামের বাসিন্দা মিরাজ শেখকে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ঘটনাটিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশে ঘটা ‘প্রথম গুমের ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে।

মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনা এবং তাঁর পরিবারের অভিযোগ নিয়ে দ্য ডিসেন্টের বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে: