যুবলীগ নেতা হত্যার ঘটনাকে ‘বিএনপি নেতাকে জামায়াত-শিবির কর্তৃক হত্যা’ বলে প্রচার

Mahbub A Rahman
লেখক
মাহবুব এ রহমান
১৫ ফেব্রুয়ারী, ২০২৬

ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ‘চাপাইনবাবগঞ্জে বিএনপির নেতাকে কু"পি"য়ে হ*ত্যা করলেন জামাত শিবিরের নেতাকর্মীরা’। ওই ভিডিওতে দু’জন মহিলাকে আহাজারি করতে দেখা যায়।

এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এবং এখানে। 

তবে দ্য ডিসেন্ট যাচাই করে দেখেছে, এমন দাবি সত্য নয়। প্রকৃতপক্ষে, ভোলার চরফ্যাশন উপজেলায় রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টোকে কুপিয়ে হত্যার পর তার স্বজনদের আহাজারির ভিডিও এটি। 

ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে Mohammad Ayaan নামক একটি একাউন্টে মূল ঘটনার ভিডিওটি পাওয়া যায়। ওই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘ভোলা জেলার চরফ্যাসন উপজেলাধীন শশীভূষন থানার অন্তর্গত রসুলপুর ৫নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ভূট্টু দালাল কে কূপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা।’

খোঁজ নিয়ে একাধিক গণমাধ্যমেও মূল ঘটনা নিয়ে সংবাদও পাওয়া যায়। বাংলাভিশন অনলাইনের এক প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার নজরুলনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট সড়কের মাথায় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভুট্টোকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। 

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মাদক কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সুতরাং, প্রচারিত ভিডিওটি চাপাইনবাবগঞ্জে বিএনপির নেতাকে জামায়াত-শিবির কর্তৃক কুপিয়ে হত্যার নয়। বাস্তবে এমন কোনো ঘটনাও ঘটেনি।