Awami League Falsely Claims Gopalganj Video as Banani Protest Video
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গত ২৫ নভেম্বর একটি মিছিলের ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘বনানীতে মা বোনদের নেতৃত্বে জনতার মিছিল’।
দ্য ডিসেন্টের যাচাই এ দেখা যায়, মিছিলের ভিডিওটি রাজধানীর বনানী এলাকার নয়। গতকাল (২৫ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের ভিন্ন একটি মিছিলের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আওয়ামী লীগের অফিশিয়াল পেইজে প্রচারিত ভিডিওটি রিভার্স ইমেজ সার্চ করে ‘MD Sahine Biswas’ নামের একটি ফেসবুক একাউন্টে গত ২৫ নভেম্বরে প্রচারিত ১৫ মিনিট ২ সেকেন্ডের একটি লাইভ ভিডিও পাওয়া যায়৷ ফেসবুক লাইভ ভিডিও প্রচার করা ‘MD Sahine Biswas’ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

লাইভ ভিডিওটির সাথে প্রচারিত ভিডিওটির দৃশ্যগত মিল পাওয়া যায়। এছাড়াও, দুটো ভিডিওতেই একই ব্যক্তিদের মিছিল করতে দেখা যায়।
লাইভ ভিডিওটি পর্যবেক্ষণ করলে রাস্তার পাশে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার প্রশাসকের পক্ষ থেকে উপদেশবাণীর ব্যানার দেখা যায়। এছাড়াও, মিছিলের ভিডিওতে মহাসড়কের উপরে বরিশাল–পটুয়াখালী-ঢাকার রাস্তার দূরত্ব নির্দেশিকা দেখতে পাওয়া যায়।
অর্থাৎ, উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে প্রচারিত ভিডিওটি গত ২৫ নভেম্বরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের দৃশ্যের।